চলমান ঘটমান বর্তমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে সম্প্রতি অনুষ্ঠিত হলো পাঁচজন নবীন শিল্পীর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী—প্রেজেন্ট পারফেক্ট কনটিনিউয়াস। প্রায় কাছাকাছি সময়ের এই পাঁচজন চিত্রকরের চিন্তাভাবনা আর কাজের মধ্যেও একধরনের ঐক্য প্রতিভাত হয়েছে এ প্রদর্শনীতে। তাঁরা নিরীক্ষাপ্রবণ ও স্বকীয় চিত্রভাষা নির্মাণে ব্যাপৃত। এই শিল্পীপঞ্চম হলেন সৈয়দ জাহিদ ইকবাল, মুস্তফা জামিল আকবর শামিম, মো. সোহেল রানা, সান্ত্বনা শাহরিন ও ফারজানা আহমেদ ঊর্মি। সব শিল্পীর ছয়টি করে মোট ৩০টি চিত্রকর্মের স্থান হয়েছে এতে।সৈয়দ জাহিদ ইকবাল ক্যানভাসে মিশ্রমাধ্যমে এঁকেছেন। ক্যানভাসে পিগমেন্ট দিয়ে রংকে ভারী করে প্রয়োগ করেন। বাংলার কাদামাটির অবয়ব যেন তাঁর চিত্রপটে জ্যামিতিক ফর্মে আলো-আঁধারিতে ধরা দেয়। চিত্রকর্মের শিরোনাম দিয়েছেন ‘জীবনসংগ্রাম’। শিল্পী হয়ে ওঠার সংগ্রাম, চিত্রভাষা নির্মাণের সাধনা যেন যুগপৎ মিশে যায় তাঁর চিত্রপটে।মুস্তফা জামিল, তাঁর শিল্পী জীবনের প্রারম্ভেই বেছে নিয়েছেন কতক অনিয়মিত রেখা ও ফর্ম। আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা সচরাচর খেয়াল করি না—এমন সব আলো-ছায়া, রেখাচিত্র নিয়ে তিনি অগ্রসর হতে হতে একটা পথ যেন খুঁজে পেয়েছেন। তাঁর চিত্রকর্মের শিরোনামেও এই আলোচনার সামান্য প্রতিফলিত হয়েছে। যেমন, একটি চিত্রকর্মের শিরোনাম ‘সাবকনসাস ইমেজ’। এটি কাগজে অ্যাক্রিলিক রঙে আঁকা।ক্যানভাসে তেলরঙে ‘ব্র্যান্ডেড অ্যাপেল’ সিরিজ এঁকেছেন মো. সোহেল রানা। পরতে পরতে বর্ণের আলো-আঁধারি আর টেক্সচারের বুনট ছড়িয়ে কখনো একটি আপেল, অর্ধেক আপেল কিংবা আধখাওয়া আপেল নিয়ে কম্পোজিশন রচনা করেছেন শিল্পী। করপোরেট বাণিজ্যের এই যুগে সবকিছুর মধ্যে যে পণ্যের তকমা এঁকে দেওয়া হচ্ছে—তা প্রতীকীভাবে তুলে ধরেছেন শিল্পী।ফারজানা আহমেদ ঊর্মিও পিগমেন্ট দিয়ে ক্যানভাসে ভারী রং প্রয়োগ করে আঁকেন। তাঁর কাজে আলো-ছায়ার গভীরতার সঙ্গে ভারী বর্ণলেপনে একধরনের স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ করি। জড়জীবনের নানা বিষয়-আশয় নিয়ে তিনি আঁকেন। অঙ্কনে শিশুসুলভ সারল্য তাঁর কাজকে আরও কৌতূহলোদ্দীপক করে। এই শিল্পীদলের ভেতর শুধু সান্ত্বনা শাহরিন ছাপচিত্র করেছেন। মিশ্রমাধ্যমের ছাপচিত্রে শিল্পী তুলে ধরেছেন তাঁর বাস্তব আর কল্পনাকে। কাগজের মধ্যখানে এচিং ছাপ নিয়ে শিল্পী সেই চিত্রপটের অন্যান্য স্থানে কাঠ খোদাইয়ে ছাপ নিয়েছেন। একসঙ্গে দুই ধরনের ছাপ মিলিয়ে এই ছাপচিত্রগুলো অন্য রকম নিরীক্ষাপ্রবণ। এই তরুণ শিল্পীকুল কাজ করছেন, ভাবনার ভাগাভাগি করছেন। প্রকাশের ক্ষেত্রেও নতুন কিছু করার ঝোঁক তাঁদের মধ্যে বিদ্যমান। এসব গুণ কিন্তু তাঁদের ভবিষ্যতের সম্ভাবনার কথাই বলে দেয়। শিল্পাঙ্গনে এই প্রদর্শনীটি চলেছে গত ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।