চলমান জীবনের রূপকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমানুল হক, ভাষা আন্দোলনের ঐতিহাসিক ঘটনাবলি ক্যামেরাবন্দী করেছেন। সারাদেশ ঘুরে তুলেছেন শহীদ মিনারের ছবি। কাজ করেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সঙ্গে। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে এ আয়োজনপ্রথমে একটা কথা কবুল করে নেওয়া ভালো শুধু প্রথম আলো কেন, এখনকার যেকোনো কাগজেই লিখতে গেলে তা সে যত গুরুত্বপূর্ণ ব্যাপারই হোক না কেন লিখিয়েকে প্রথমে মনে রাখতে হবে এখন আর অযথা বাগিবস্তারের সুযোগ নেই। কারণ, দুর্মূল্যের বাজারে, বিশেষ করে ভোগ্যপণ্য বিপণনের কালে কাগজের সংক্ষিপ্ত সংকোচননীতি। সুতরাং হাত খুলে লেখার দিন এখন আর অবারিত নয়। সম্ভব হলে কর্নকোডের টরেটক্কাতে ফিরে গেলেও আপত্তি নেই। অবশ্য এখন প্রযুক্তির যুগে নানা রকম উপায়ও উদ্ভাবন হয়ে গেছে। তার ভরসাতেই এই কলম চালনা।সেই সুদূর শৈশবেই তিন-তিনটি মেজর অপারেশনের পর মহাপ্রয়াণের (’৮৮) আগ পর্যন্ত সর্বমোট সাতটি। অকৃতদার। বয়সের ভারে ন্যুব্জ হলেও কর্মস্পৃহায় ছিলেন রীতিমতো দানবীয় শক্তির অধিকারী। ‘সময়ের হাত ধরে চলমান জীবনের/ সবাই চলে যায়/ শুধু কিছু পুণ্য কথা লেখা থাকে/ সময়ের গায়’ দেখতে ছোটখাটো হলে হবে কী, অমিততেজি প্রখর স্মৃতিশক্তির অধিকারী ভাষাসৈনিক আলোকচিত্রী আমানুল হক তাঁর কর্মবহুল সৃজনক্ষণ জীবনের আদ্যোপান্ত একজন মরণশীল প্রাণীর পক্ষে সম্ভাব্য বিস্ময়কর স্মৃতিচারণা বর্তমান রচনাটি।আমানুল হক যতই বিনয় করে বলুন না কেন তিনি যে কেবল ক্যামেরার দিয়েই কাব্যিক ব্যঞ্জনা সৃষ্টি করতে দক্ষ ছিলেন তা নয়, শব্দের মালা গাঁথাতেও কতটা স্বতঃস্ফূর্ত ছিলেন নিচের আহূত এই পঙিক্ত দুটি তার জলজ্যান্ত প্রমাণ, যখন নিজের জীবনাচার সম্পর্কে নিজেই বলছেন, ‘যতই মলিন হোক এ গৃহের কোণ/ এখানে করেছি বাস স্বর্গের মতন।’ আরেকটি ঘটনা তাঁর নিজের মুখেই শোনা, ‘মুসলিম হলের গেটের একপাশে বসত এক আওয়ারা ফকির আর অন্য পাশে বসত এক গণৎকার। তার সামনে একদিন বসে পড়ে নগদ পয়সা গুনে শুধোলাম, বলতে পারো পাশে বসা ফকিরের হাতটা দেখে ওর ভবিষ্যৎটা কী? প্রত্যুত্তরে গণৎকারটি জানাল, না না, ওইটি আমি পারব না। সোজাসাপটা কথা তার?কী জন্য পারবা না? আমার পাল্টা প্রশ্নের জবাবে জানাল:কারণ, ও আমার ওস্তাদ।ইশারাই কাফি।আসলে বিগত শতাব্দীর ১৯৫২ সালটি ছিল আমানুল হকের কাছে নানা কারণে তাৎপর্যমণ্ডিত। এই সময়ই তাঁর প্রথম সেদিনকার সময়োপযোগী বক্স ক্যামেরা সম্বল করে ছবি তোলার হাতেখড়ি। প্রথমে প্রায় জীবন হাতে নিয়ে মেডিকেল কলেজের প্রায়ান্ধকার ঘুপচি ঘরে ভাষা আন্দোলনের প্রথম শহীদ চতুষ্টয়ের একজন রফিকের পাকিস্তানিদের নির্মম গুলিবর্ষণে মাথা ফেটে ঘিলু বেরিয়ে আসা ছবিটি ছিল ওই নরপিশাচদের বিরুদ্ধে প্রামাণ্য দলিল। পরে একই সময়ে পাকিস্তানি দুর্বৃত্তদের প্রথম শহীদ মিনার ভেঙেচুরে মসজিদ প্রতিষ্ঠার অপচেষ্টাকে সুকৌশলে বানচাল করে দেওয়াটা ছিল একটা অসম সাহস আর প্রকৃত ইতিহাস সৃষ্টির প্রয়াস।সেই সময়ের তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক মিছিলে ক্যামেরা কাঁধে নেতৃত্বদানকারী তরুণ শেখ মুজিবের তোলা ভুখ-মিছিলে গুলিবিদ্ধ জনৈক কর্মীর একটি ছবি ছাপাও হয়েছিল। মওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ, জসীমউদ্দীন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শওকত ওসমান, ফয়েজ আহমেদ, সাইয়িদ আতীকুল্লাহ প্রমুখের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভও ছিল ওই সময়ের পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ এবং পরমানন্দের।এর পরেই পট পরিবর্তন ঘটতে থাকে। ১৯৫৪-র মধ্যে তাঁর ‘আমার দেশ’ চিত্রমালার প্রদর্শনী পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, মার্ক্সবাদে দীক্ষিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, মনোজ বসু, পরিচয় সম্পাদক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। প্রগতিশীল মাসিকপত্র নতুন সাহিত্য সম্পাদক অনিল কুমার সিংহ তাঁর পত্রিকায় প্রথম ‘আমার দেশ’ চিত্রমালার ছবিগুলো তৎকালীন দেশের আর্থসামাজিক সাংস্কৃতিক দলিল হিসেবে খ্যাতি কুড়োয়।তাঁরই পরম্পরায় সিরাজগঞ্জ শাহজাদপুরের অধিবাসী চিকিৎসক পিতার সন্তান হিসেবে প্রগতিশীল চিন্তাচেতনার পথে পা রেখে তরুণ আমানুল কলকাতায় প্রথম পা রাখেন এবং পরবর্তীকালে তাঁর ভাষায় ছয় ফুটের অধিক শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসাই শুধু নয়, তাঁদের পরিবারের সঙ্গে সুখ-দুঃখের সাথি হয়ে যান খাটো কলেবরের আমানুল। তারপর আপনি থেকে তুমিতে পৌঁছাতে অবশ্য আর বেশি সময় লাগেনি।এমনকি সত্যজিৎ রায়ের নামকরণের ব্যাপারেও আর পাঁচজন বাঙালি সন্তানের মতো রবীন্দ্র নামকরণ প্রমাদ পাল্টে সত্যজিৎ, ডাকনাম মানিক কিন্তু অকালমৃত ঈশ্বর প্রতিম বাবা সুকুমার রায়েরই দেওয়া।আর এই মানিক নামটি যে কতটা অর্থবহ আর অতলস্পর্শী, তা কি নতুন করে বলার অপেক্ষা রাখে?আমানুল হকের ঢের ঢের সুকীর্তির মধ্যেও মহান একুশেকে নিয়ে সত্যদর্শী গ্রন্থ বাংলায় একুশের তমসুক আর ইংরেজিতে বাংলা সুভ্যেনির আর ২৭৫ পৃষ্ঠার প্রসঙ্গ সত্যজিৎ। বইটিতে সব মিলিয়ে ৪৫টি সন্দর্ভ ও স্মৃতিকথা, ১৩টি চিঠিপত্র আর শতাধিক আলোকচিত্রে বিধৃত বিশ্ববরেণ্য স্রষ্টা সত্যজিৎ এবং তাঁর সঙ্গ আর নৈসঙ্গকে এমনভাবে তুলে এনেছেন যে তার বুঝি কোনো তুলনা হয় না।এই সঙ্গে আছে আরও কত যে ছোটবড় ঘটনার ঘনঘটা, আকর্ষণীয় সব মজার গল্প, চুটকি, কিস্সা তার ইয়ত্তা নেই।আত্মজীবনী লিখবেন না? সত্যজিৎ এই প্রশ্নে যে জবাব দিয়েছিলেন তা হলো ব্রিটিশ সিনেমা বিশেষজ্ঞ মারি সিটন আমাদের সব কথা এত সুন্দরভাবে লিখে গেছেন যে নতুন করে আর কিছু লেখার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, যাকে ফিল্ম বায়োগ্রাফি বলা হয়, তা একখানা লিখে যেতে চাই। লিখেছিলেনও, কিন্তু কপালগুণে রচনাটি নানা প্রতিবন্ধকতার মধ্যে চাপা পড়ে যায়।তারপরেও কথা থাকে, আমানুল হকের বইটিতে যেভাবে বাংলা ছায়াছবির নির্বাক-সবাক যুগ, ফিল্ম সোসাইটি আন্দোলন ও পথের পাঁচালী, আমাদের সবার মুখে ছিল ওই একই কথা, দেখ্ বাঙালরা কি দেখাল—আমরা যা পারি না, সুভাষ, পবিত্র, মনোজ বসু, দেবী প্রসাদ ও মানিক বন্দ্যোপাধ্যায়—স্মৃতিকথা, বাঙালের জয়, জয় বাঙালির—জয় বাংলা, সত্যজিৎ জননী সুপ্রভা রায়ের কণ্ঠে সত্যজিৎ রচিত শ্যামাসংগীত ও আমানুলের পিয়ানো বাদন, নায়ক-এর নায়ক উত্তমকুমার, ‘দেখো আমানুল তুলেছে।’ আমার সেকেন্ড বেস্ট পোর্টেট, ‘তোমার ছবিরই তো বাহার বেশি’—সুপ্রভা রায়, ও ছবি তো...বংশী চালার ওপর থেকে লড়াই করে জল ঢেলে দিয়েছিল, খ্যাতিমান তারকাদের আত্মপ্রকাশের না-জানা কথামালা, মহানগরকেন্দ্রিক রসাল ঘটনার বয়ান, বেঙ্গল ফিল্ম ল্যাবে পথের পাঁচালী নির্মাণকালে সত্যজিৎ, ‘একমাত্র বংশী চন্দ্রগুপ্তই ডাকতেন ‘মানিক’, বল তো ‘তুমি’, যার উত্তরে সত্যজিৎকে বলতে শুনেছিলেন তুমি তো রবীন্দ্রনাথ এলে তাঁকেও ‘তুমিই’ বলতে’, এমন একজন মেয়েকে যদি আমার কোনো সিনেমায় নায়িকা হিসেবে পেতাম—বংশী বললেন, ‘মানিক দেখেছ, মনে হচ্ছে মহিলা খুবই সুন্দরী...’ ‘এমন সুন্দরী মেয়ে জীবনে দেখিনি’ ঢাকার পল্টন ময়দানে সত্যজিতের ভাষণ, কটকি চাদর ও জামদানি প্রসঙ্গ গুপী-বাঘা তৃতীয় পর্ব—আমার প্রত্যাশিত সেই ট্রিলজি, দেবদাস—প্রমথেশ বড়ুয়াকেই আমি কোনো গুরুত্ব দিই না—সত্যজিৎ রায়, সত্যজিতের উইট ও হিউমার, টুকরো স্মৃতি, নিউ থিয়েটারস স্টুডিওর অভিনয় দক্ষ বিড়ালছানা, উইটিজমের রাজার সেই হাসির রেশ আর থামতে চায় না... ‘লোকের সামনে ভাইতে চুমো খাবো, তাতে আর লজ্জা কী’, আমি এখনো কলম দিয়ে লিখি, এনসাইক্লোপিডিয়া সমাচার, ‘...স্লেস্ট লাইক ডগস’, কী ঔদ্ধত্যপূর্ণ কাজটাই না করে ফেলেছিলাম সেদিন, প্রত্যুৎপন্নমতিত্ব, ঝাঁকড়া চুল...কৃষ্ণের মতো চেহারা..., ‘জায়গার সন্ধান দিল না, টাকাও ফেরত দিল না’—সত্যজিৎ, শ্রমশীল শিল্পী সত্যজিৎ রায়, সত্যজিতের ঘরে-বাইরে সৌমিত্র ও স্বাতীলেখা, কে জানত সুস্থ অবস্থায় এই দেখাই শেষ দেখা, ‘মহানদের মধ্যে মহান’ অমর্ত্য সেন, শাস্ত্রাচারে অবিশ্বাসী গভীরভাবে জীবনবাদী, দুর্দমনীয় আবেগে পায়ে চুমো খেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, ‘চতুর্থ প্রজন্মের রায়—সন্দীপ, পত্রাবলি ছেলে সন্দীপের বিয়ের চিঠি, সংক্ষিপ্ত সত্যজিৎ সমগ্রের মধ্যে রয়েছে অম্লমধুর হাস্যরস, রকমারি সব তথ্য, ছবি ছাবলা, ধ্যানমগ্নতা, ব্যক্তিত্ব, সত্যজিৎ চরিত্রের অনমনীয় দার্ঢ্যতা, সঙ্গে আমানুল হকের ভক্তি, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, আনুগত্য, যাবতীয় যা কিছু।অমানুষিক শ্রম সত্ত্বেও শেষ করেও দেখে যেতে পারলেন না আমার দেশ চিত্রমালা, আর ১৪টির মতো প্রবন্ধ সংকলন স্মৃতিচিত্র।সবশেষে কেন জানা যায় না নিজের বিষয়ে যে কটি তথ্য তাঁর পরম শ্রদ্ধেয় ঈশ্বর সত্যজিৎ রায়ের কাছে চেপে গিয়েছিলেন তাঁর উল্লেখ করলেও তার কোনো যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেননি বলে নিজেই আক্ষেপ করে গেছেন। চিকিৎসক পিতা যে তৎকালীন মহাপরাক্রমশালী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাকসাইটে চিকিৎসকও বটে বিধানচন্দ্র রায়ের কাছ থেকে যে শংসা বাণী পেয়েছিলেন, তা কোনো দিনই বলেননি। আর সেই চিকিৎসক পিতারও একটু-আধটু লেখার অভ্যাস ছিল, সেটা জানাতেও বেশ ব্যয়কুণ্ঠ ছিলেন।অবশ্য মা, ভাই-বোনদের নিয়ে তিনি যে বেশ গর্বিত ছিলেন সে কথা বিভিন্ন সময়ে তাঁর লেখাতেই উঠে এসেছে।সবশেষে যে প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে, সেটা হচ্ছে তাঁর বিজয়া বৌদি প্রদত্ত সেই কটকি কাঁথাটা কি তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম যাত্রায় তাঁর গায়ে উঠেছিল? অবশ্য ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোটা খুবই নিন্দনীয়।যেহেতু আমানুল হক অত্যন্ত আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি ছিলেন। যার জন্য নিঃস্বার্থভাবে তাঁকে সাহায্য-সহযোগিতা করতে এগিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামসুজ্জামান খান, মফিদুল হক, আতিউর রহমান, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, তাঁর অনুলিখনকারী সালাউদ্দিন, ফরিদুর রেজা সাগর প্রমুখ। এঁরা যেভাবে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন, তা না বললেই নয়।ভাষাশহীদদের স্মরণে তাঁর নামের যুক্তিযুক্ততা প্রমাণ করতেই পরলোকে তাঁর শেষ বিদায়ক্ষণ ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। উপস্থিত পরবর্তী প্রজন্মের আলোকচিত্রীরা সবাই তাঁদের ক্যামেরা মাটিতে রেখে এক মিনিটের শোকার্ত নীরবতা পালনের মধ্যে যে সম্মাননা জানালেন, তা বহুকাল স্মরণযোগ্য হয়ে থাকার মতো।