চলমান সময়ের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিস্ফোরিত শহর ১’ শিল্পী: হারুন অর রশীদ
‘বিস্ফোরিত শহর ১’ শিল্পী: হারুন অর রশীদ

মূল্যবোধহীন রাজনীতির প্রভাব গিলে খাচ্ছে সমাজের সুকৃতি।—কথাটি মনে এল হারুন অর রশীদের চিত্রমালা দেখার পর।
তরুণ চিত্রকর হারুন অর রশীদের চিত্রপটজুড়ে সমাজ বাস্তবতার অনেক বার্তাই পেয়ে যাই আমরা। গত ২৭ জুলাই ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘কালচিত্রের বাহাস’ শিরোনামে শুরু হয়েছিল তাঁর একক চিত্রপ্রদর্শনী। দেশে-বিদেশে আয়োজিত অনেকগুলো দলীয় প্রদর্শনীতে অংশ নিলেও এটিই এ শিল্পীর প্রথম একক।
দূর শৈশবের গল্প আর কল্পনার রাজ্য থেকে আজকের নগরজীবনের রূঢ় বাস্তবতায় অবগাহন করে হারুন নিজের চিত্রপটে তুলে এনেছেন চারপাশের মানুষ, পরিস্থিতি ও সমাজের হালচালের টুকরো কাহিনিগুলো। তিনি দেখিয়েছেন ক্ষমতালিপ্সুর নির্মমতা, লোভ ও তার হাত ধরে উঠে আসা পেশিশক্তির দাপট, সংঘাত, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাণিজ্যের করপোরেট চেহারা। শিল্পীর আঁকার ধরন বাস্তবতার কাছাকাছি আবার এর থেকে বেশ খানিকটা দূরবর্তীও। একধরনের ছায়ামূর্তি ও রেখাঙ্কনের মাধ্যমে অগ্রসর হয়ে বর্ণ প্রলেপে চিত্রচরিত্রে টেক্সার যুক্ত করেছেন তিনি।
বেশির ভাগ চিত্রের পরিপ্রেক্ষিত পাখির চোখে দেখা। নগর স্থাপনা, রাজপথ, মানুষ—সব যেন ওপর থেকে নিচে ক্রমেই ছোট হয়ে আসছে। এতে পরিস্থিতির ভীতি ও বিষাদ প্রকট হয়ে আরও নাড়া দেয় দর্শককে। এ ক্ষেত্রে ‘মেধা পাচার’ শিরোনামের ছবির কথা বলতেই হবে। এখানে দেখা যায়, একজন মেধাবীর নিচু লালচে মুখভঙ্গিমা। দেখে মনে হতে পারে, লোকটি যেন তন্দ্রায় আচ্ছন্ন। তবে পরক্ষণেই দেখা যায়, ওই মানুষটির উন্মুক্ত মস্তিষ্কের নানা অংশ দিয়ে ধোঁয়া উড়িয়ে বিভিন্ন দিকে ছুটে চলেছে বিমান। দরিদ্র দেশ থেকে নানা প্রলোভনে প্রতিবছর যে অসংখ্য মেধা পাচার হয়, এ ছবিতে সেটিই প্রতীকীভাবে তুলে এনেছেন হারুন। এভাবে তাঁর বিভিন্ন ছবিতে চলমান সময়ের বাস্তব অবস্থা প্রতিফলিত হয়েছে বারবার। প্রদর্শনীটি শেষ হয়েছে ৫ আগস্ট।