চারণভূমির কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গ্রাজিং গ্রাউন্ড-২৮’ শিল্পী: ঢালী তমাল
‘গ্রাজিং গ্রাউন্ড-২৮’ শিল্পী: ঢালী তমাল

পৃথিবীতে শিল্পসৃষ্টির বয়স সভ্যতার সমান। আদিম মানুষ একদিন যেভাবে গুহাচিত্রের রেখা এবং পশুদেহের অস্থিসন্ধির অলিগলি অনুসন্ধান করেছি​ল, তেমনি আজকের আধুনিক চিত্রনির্মাণেও সেটি দেখা যায়।
ঢালী তমাল প্রাণিকুলের বিশেষ প্রাণী ছাগলে মনোনিবেশ করে আছেন দীর্ঘ বছর। তাঁর ভাষ্যে, ‘শৈশবে ছাগশিশুর পেছনে ছুট দেওয়া আর মা ছাগলের পিঠে চড়ে মাঠ পারাপারের স্মৃতি কি ভোলা যায়?’ তমালের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একদল ছাগল পালের সঙ্গে ছাগলের অপলক চাহনিকে অনুসরণের প্রবণতা। মনোভূমিতে ছাগদৃষ্টি কেন নেচে বেড়ায়, এর একটা কারণ হয়তো আছে—অন্য প্রাণীর চেয়ে তিড়িংবিড়িং নাচতে থাকা এই প্রাণীকে চতুর প্রাণী মনে করেন তমাল। কখনো নিজে হয়ে যান রাখাল, মাঠে আনাগোনা করেন একদল ছাগল নিয়ে। উঁচ-নিচু ভূমিতে চলতে থাকা ছাগলের মধ্যে নির্মাণ করেন পরিপ্রেক্ষিত। ‘গ্রাজিং গ্রাউন্ড’ শিরোনামের এই প্রদর্শনীর ৫১টি চিত্রকর্মের মধ্যে বেশির ভাগই সাদা-কালো রঙে ছাপচিত্র। ছবিগুলোর নেই স্বতন্ত্র কোনো শিরোনামও। কেবল প্রাণীদেহের শরীরে শত সহস্র রোমকূপের আচ্ছাদন তৈরি করে দেয় খোদাইচিত্রে শিল্পীর ধারাবাহিক বর্ণনা। রেখার দ্রুত গতি মিলে যায় ছাগদেহের চঞ্চল ভঙ্গির সঙ্গে।

‘গ্রাজিং গ্রাউন্ড-৪০’
‘গ্রাজিং গ্রাউন্ড-৪০’

চিত্রতলের কালো জমিনে সাদা সূক্ষ্ম রেখার উদ্ভাসন গতিসঞ্চার করেছে প্রতিটি কাজে। কিছু কাজকে আবার আলাদা করে দেখিয়েছেন তমাল: রেখাচিত্রের স্বভাবজাত আঁকিবুঁকি করতে থাকা কাগজ, বিশেষ করে তাঁর কাছে আসা বিভিন্ন আমন্ত্রণপত্রের গায়ে কাটাকুটিতে আঁকা ছাগদেহের অবয়ব একসময় শিল্পোত্তীর্ণ হয়ে ওঠে, রসদ জোগাতে থাকে দৃষ্টির। দৃশ্যশিল্পের এই যে অন্তর্দৃষ্টির প্রকাশবোধ, শিল্পীর কাজকে সেটি বিশেষায়িত করেছে।
এবার কয়েকটি কাজের করণপদ্ধতি ও বিষয় নিয়ে আলোচনা করা যাক। ‘গ্রাজিং গ্রাউন্ড’ শিরোনামের ছবিগুলোয় দেখা যায় জমিনে ঘাস খাওয়া অবস্থায় ছাগলের নানা ভঙ্গি। ছাগদেহের এসব ভঙ্গিতে পাওয়া যায় ছন্দ। কাছে থেকে দূরে দেখতে পাওয়া ছাগল দলের পথ নির্দেশনাও বিশেষ গুরুত্ব রাখে ছবিতে। ‘গ্রাজিং গ্রাউন্ড-১১’ ছবিতে উঁচু-নিচু ভূমির সঙ্গে ছাগলের সখ্য প্রমাণ করে মাটির সঙ্গে কেমনতর পশুর মমত্বের বন্ধন!
রেখাচিত্রের ক্ষেত্রে কাগজের গায়ে থাকা রঙের সঙ্গে বিষয় যুক্ত করে নতুন এক জমিন তৈরি করেছেন শিল্পী। দ্রুতগতিতে ছোটে তাঁর রেখা। বিস্তীর্ণ মাঠ আর ভূমিতে চরতে থাকা ছাগদেহের ছন্দ তিনি প্রকাশ করেন বিরামহীন রেখার সাহায্যে।
‘গ্রাজিং গ্রাউন্ড-৪৩’-এ ঊর্ধ্বমুখী ছাগ অবয়ব তাল মেলাচ্ছে কতগুলো ঝরা পাতার সঙ্গে। অবয়বের ভেতর আরও অনেকগুলো রেখাপ্রধান ছাগলের অবয়ব। কালো রঙের চিত্রতলে সাদা রেখায় উদ্ভাসিত ছবির বিষয় আমাদের দৃষ্টিকে পৌঁছে দেয় কেন্দ্রে। এ প্রদর্শনীর সব কাজের সঙ্গে কিছু কাজ তৈরি করে অমিল, যাতে প্রদর্শনীর মান ক্ষুণ্ন হয়েছে বলে মনে হয়। শিল্পাঙ্গন গ্যালারিতে ১ মে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ৮ মে।