চারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পাবলো পিকাসোর জন্মের সময় একটা ভয়ানক ভুল হয়েছিল। ধাত্রী তাঁকে মৃত ভেবে টেবিলের ওপর ফেলে রেখে চলে যান। পরে তাঁর ধূমপায়ী ডাক্তার চাচা ফুসফুসে প্রয়োজনীয় বাতাস প্রবেশ করিয়ে বাঁচিয়ে তোলেন। চার্লস উইলসন পিলি, যুক্তরাষ্ট্রের পোর্ট্রেট শিল্পী জীবদ্দশায় সাতবারের মতো জর্জ ওয়াশিংটনের পোর্ট্রেট আঁকেন, তাঁর জন্য নতুন কৃত্রিম দাঁতও তৈরি করেন—সিসার ওপর বসান হরিণের দাঁত। বিশ্বের সবচেয়ে বড় আর্ট গ্যালারি হলো রাশিয়ার লেলিনগ্রাদের উইন্টার প্যালেস। মোট ৩২২টি গ্যালারিতে প্রায় তিন মিলিয়ন চিত্রকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য যে কাউকে ১৫ মাইল হাঁটতে হবে। বিশ্বের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম হলো দক্ষিণ ফ্রান্স (ল্যাসকক্স) এবং উত্তর স্পেনের (আলতামিরা) প্রাগৈতিহাসিক গুহায় আবিষ্কৃত প্যালিওলিথিক প্রাণীদের ছবি। এই ছবিগুলো খ্রিষ্টপূর্ব ৩০ হাজার থেকে খ্রিষ্টপূর্ব ১০ হাজার সালের মধ্যে আঁকা হয়েছে। ছবি জালিয়াতির জন্য কুখ্যাত মাদাম ক্লদ ল্যাঁতোর একাজে এতটাই দক্ষ ছিলেন যে, প্যারিসের রাস্তা আর শহরতলি নিয়ে মরিস উট্রিলোর (২৬ ডিসেম্বর ১৮৮৩-৫ নভেম্বর ১৯৫৫) ধাঁচে বেশ কয়েকটি ছবি আঁকেন তিনি, যা স্বয়ং উট্রিলোকেও বোকা বানায়। উট্রিলো স্বীকার করেন, তিনি প্রায় বিভ্রান্ত হতেন, কোনটা তাঁর আর কোনটা ল্যাঁতোর। ক্লদ মনে একসঙ্গে পাঁচ কিংবা ছয়টি ছবি নিয়ে কাজ করতেন। আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে তিনি এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে চলে যেতেন আঁকতে। জানামতে, ভিনসেন্ট ভ্যান গঘ একটিমাত্র চিত্রকর্ম বিক্রি করেছিলেন।  সত্যি না হলেও, যারা তাঁকে চিনত, তারা লিওনার্দো দ্য ভিঞ্চিকে বর্ণনা করেছিল সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে। একটি চমৎকার পারসিয়ান কম্বলের প্রতি তিন বর্গফুট জায়গায় প্রায় এক মিলিয়ন গিঁট থাকে। পিকাসো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র বা যুদ্ধমুক্ত কোনো দেশে পালিয়ে যাওয়ার পরিবর্তে প্যারিসে তাঁর রু দ্য গ্র্যান্ডস-অগাস্টিনে তাঁর স্টুডিওতে থেকে যান। দুজন ব্রিটিশ শিল্প-ইতিহাসবিদ ১৯৭৮ সালে প্রমাণ করেন যে ঊনবিংশ শতকের ল্যান্ডস্কেপ আর্টিস্ট জন কনস্টেবলের এক ডজনের বেশি প্রধান চিত্রকর্ম আসলে তাঁর ছেলে লিওনেলের আঁকা। পিকাসো নিজেকে উষ্ণ রাখার জন্য প্রথম দিকে তাঁর নিজের আঁকা ছবি পুড়িয়ে উষ্ণতা উপভোগ করেছেন। ২৭ বছর বয়স হওয়ার আগে ভ্যান গঘ ছবি আঁকতে শুরু করেননি। পল সিজানের বয়স যখন ৬৫, তখন ১৮৯৫ সালে প্যারিসের রু ল্যাফিডের একটা দোকান, ভোলার্ডস গ্যালারিতে প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়।ভাষান্তর: হাসান খুরশিদ