চিকিৎসকদের আত্মত্যাগ
যারা গণহত্যা/করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে/আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক/পশু সেই সব পশুদের। —শামসুর রাহমানগণহত্যাকারীদের অভিশাপ দেওয়ার পরও কবি মনে করেন, আরও অভিশাপ ওদের দেওয়া উচিত। ওদের শুধু পশু বলেই নিজের ক্ষোভ ও ব্যথার উপশম ঘটাতে পারেননি, দ্ব্যর্থহীনতায় উচ্চারণ করেছেন ‘অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের’। সত্য হলো, আমরা এখনো গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারিনি। এখনো রচিত হয়নি মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস। বিপরীতে আশার আলোও মেলে। ব্যক্তিপর্যায়ে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ হচ্ছে। এমনকি প্রাতিষ্ঠানিকতার চেয়ে ব্যাপক ও বিস্তৃত পরিসরে। যার একটি উদাহরণ, বায়জীদ খুরশীদ রিয়াজের মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস রচিত হলে প্রণয়ন করা সম্ভব মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস। আঞ্চলিক ইতিহাস সামগ্রিক ও জাতীয় ইতিহাস রচনার মৌল উপাদান। একই সূত্রে গুরুত্বপূর্ণ হলো পেশাজীবীদের অবদান। আলোচ্য গ্রন্থ এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় গবেষণা-প্রয়াস।১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক বিজয় হলেও, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যুদ্ধাবস্থা তখনো বিদ্যমান ছিল। যার নজির হলো জহির রায়হানের অন্তর্ধান। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হন তিনি। অনুমিত হয়, তিনি বিহারি অধ্যুষিত মিরপুর অঞ্চলে নিখোঁজ হন। শহীদ বুদ্ধিজীবীর তালিকায় অগ্রগণ্য তিনি। এই গ্রন্থেও লেখক যৌক্তিক ব্যাখ্যায় যুদ্ধের সময় পরিসীমা ৩০ জানুয়ারি ১৯৭২ করেছেন। এ প্রসঙ্গে শহীদ ডোরা, দিগেন্দ্র ও মনসুর আলীর নাম স্মরণীয়। বিজয়ের দিন ধানমন্ডিতে নিহত হয়েছেন শহীদ ডা. আয়েশা বেদোরা চৌধুরী ডোরা। ইচ্ছা ছিল হানাদার বাহিনীর মাথা হেঁট করা আত্মসমর্পণ দেখার। যা দেখতে যাওয়ার পথেই শহীদ হন। যা উল্লিখিত হয়েছে কানিজ ফাতেমা মহসিনার স্মৃতিচারণায়, ‘...ডোরার টয়োটা গাড়িতে করে হানাদার বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য দেখব বলে রওনা হলাম। ডোরা দুঃখ করে বলেছিল, আহা! যাঁরা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাঁরা তো আজ আনন্দ করতে পারছেন না। ডোরা মনেও ভাবেনি আমাদের কাঁদাবে বলে মৃত্যু তখন ওর জন্য সন্নিকটে অপেক্ষা করছে। ধানমন্ডি ১৮ নম্বরের যে বাড়িতে বেগম মুজিব তাঁর দুই কন্যাসহ বন্দী ছিলেন সে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থানরত দখলদার বাহিনী গাড়ির ওপর গুলি চালায়। গুলিতে ডোরা ও ড্রাইভার মনির আহমদ সঙ্গে সঙ্গে মারা যান।’ এ দিনই মারা যান শহীদ চিকিৎসক দিগেন্দ্র চন্দ্র নন্দ।শুধু বিজয় দিবসেই নয়, স্বাধীন দেশে জহির রায়হানের মতোই অপহরণ ও হত্যার শিকার হয়েছেন শহীদ ডা. মনসুর আলী। দৈনিক ইত্তেফাক-এর ২১ ডিসেম্বর ১৯৭১-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরে জানা যায় যে, পিশাচ জল্লাদ বাহিনীর লোকেরা গত ২১ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ছদ্মবেশে এবং সশস্ত্রভাবে নয়া বাজারের নিজ ফার্মেসি হইতে ডাক্তার মনসুর আলীকে অপহরণ করিয়া লইয়া যায় এবং গতকাল (বুধবার) ভোরে ডাক্তার আলীর বুলেটবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।’মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ বিবিধ কারণেই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। বিশেষ করে মুক্তিযুদ্ধে চিকিৎসক সমাজের অবদান এবং তাঁদের আত্মত্যাগের বীরত্বপূর্ণ ইতিহাস বইটিকে বিশিষ্টতায় ভাস্বর করেছে। এর বিষয়বিন্যাস এ রকম: জবাবদিহি—এখানে কতিপয় যুক্তি উপস্থাপিত হয়েছে; কেন শুধু শহীদ চিকিৎসক; কারা মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক...; শহীদ চিকিৎসকের সন্ধানে; এ মনিহার আমায় নাহি সাজে; আমি অকৃতী অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি; যারা গণহত্যা করেছে; চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই; আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও।৬৮ জন শহীদ চিকিৎসকের জীবনবৃত্তান্ত, ছবি ও কিছু প্রশ্ন-উত্তরসহ রয়েছে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচিতি, হত্যাকারীর পরিচয়, নিহত হওয়ার তারিখ, মরদেহ প্রাপ্তিস্থান, প্রাপ্তি তারিখ, সন্ধানদানকারীর পরিচয়, কবরস্থান, মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে পুরস্কার ইত্যাদি প্রশ্নোত্তর। শহীদ চিকিৎসকদের মতোই তিনজন ছাত্রের বর্ণনা রয়েছে। প্রাপ্তিসাপেক্ষে ছয়জন মেডিকেল শিক্ষার্থীর শুধু সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে। আছে চারজনের শিক্ষাসনদের জেরক্স কপি। পরিশিষ্টে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ যেসব চিকিৎসকের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা সম্ভব হয়নি তাঁদের কথা, শহীদ বুদ্ধিজীবী তালিকায় অন্তর্ভুক্ত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের স্মৃতিফলকে উৎকীর্ণ মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক তালিকা, মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক তালিকায় যেসব সংশোধন আবশ্যক সেসব, শহীদ চিকিৎসক তালিকায় যেসব নাম সংযোজন আবশ্যক সেগুলো, মুক্তিযুদ্ধে আর্মি মেডিকেল কোরের (এএমসি) শহীদ চিকিৎসক ও মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসকদের সমন্বিত তালিকা, বিভিন্ন প্রকাশনার চিকিৎসক হিসেবে উল্লিখিতদের কথা, শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট ও শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিটে চিকিৎসকদের নাম।সামান্য কিছু অসংগতি বইটির উজ্জ্বলতাকে ম্লান করতে না পারলেও দৃষ্টিকটূ করেছে। যেমন লেখা হয়েছে ডা. জিকরুল হক ১৯৫৪ সালের নির্বাচনে এমএলএ এবং ১৯৭০ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এমপি নন, এমএনএ নির্বাচিত হয়েছিলেন। লেখা হয়েছে এমএসি কলেজ, প্রকৃতপক্ষে হবে এমসি (মুরারিচাঁদ) কলেজ। কয়েকজন শহীদ চিকিৎসকের নাম ও পরিচয় উল্লেখ করা হলেও তাঁদের কোনো ছবি ছাপানো হয়নি। ছবি সংগ্রহ সম্ভব না হলে পরিচিতজনদের কাছ থেকে চেহারার বর্ণনা শুনে শিল্পীর সাহায্য নিয়ে একটি পোর্ট্রেট করা যেত।এসব সত্ত্বেও মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ বইটি অনন্য নজির স্থাপন করেছে।