চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ছয়-সাত বছরের ছোট্ট একটা মেয়ে অঞ্জলীদেবী, ডাকনাম জটু। কুমিল্লায় বেড়াতে এসে জটুর সঙ্গে পরিচয় হয়েছিল কবি কাজী নজরুল ইসলামের। ছোট্ট মেয়েটাকে নজরুল খুব ভালোবাসতেন। জটু আঁকাবাঁকা অক্ষরে, ভুল বানানে কবিকে চিঠি লিখত। কবিও উত্তর দিতেন ছড়ায় ছড়ায়। ২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করে আজ তোমাদের জন্য এই ছড়াটা ছাপা হলো।
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

ছোট্ট বোন্টি লক্ষ্মী
ভো ‘জটায়ু পক্ষী’!
য়্যাব্বড় তিন ছত্র
পেয়েছি তোর পত্র।
দিইনি চিঠি আগে,
তাইতে কি বোন্ রাগে?
হচ্ছে যে তোর কষ্ট
বুঝ্তেছি খুব পষ্ট।
তাইতে সদ্য সদ্য
লিখ্তেছি এই পদ্য।
দেখ্লি কি তোর ভাগ্যি!
থামবে এবার রাগ কি?
এবার হতে দিব্যি
এম্নি করে লিখবি!
বুঝ্লি কি রে দুষ্টু
কি যে হলুম তুষ্টু
পেয়ে তোর ঐ পত্র—
যদিও তিন ছত্র!
যদিও তোর অক্ষর
হাত পা যেন যক্ষর,
পেটটা কারুর চিপ্সে,
পিঠ্টে কারুর টিপ্সে,
ঠ্যাংটা কারুর লম্বা,
কেউ বা দেখতে রম্ভা!
কেউ যেন ঠিক থাম্বা,
কেউ বা ডাকেন হাম্বা!
থুত্নো কারুর উচ্চে,
কেউ বা ঝুলেন পুচ্ছে!
এক একটা যা বানান
হাঁ করে কি জানান!
কারুর গা ঠিক উচ্ছের,
লিখ্লি এম্নি গুচ্চের!
না বোন্, লক্ষ্মী, বুঝ্ছ?
করব না আর কুচ্ছো!
নইলে দিয়ে লম্ফ
আনবি ভূমিকম্প!
কে বলে যে তুচ্ছ!
ঐ যে আঙুরগুচ্ছ!
শিখিয়ে দিল কোন্ ঝি
নামটি যে তোর জন্টি?
লিখ্বে এবার লক্ষ্মী
নাম ‘জটায়ু পক্ষী!’
শিগ্গির আমি যাচ্চি,
তুই বুলি আর আচ্ছি
রাখবি শিখে সব গান
নয় ঠেঙিয়ে-অজ্ঞান!
এখনো কি আচ্ছু
খাচ্চে জ্বরে খাপ্চু?
ভাঙেনি বৌদির ঠ্যাংটা।
রাখালু কি ন্যাংটা?
বলিস্ তাকে, রাখালি!
সুখে রাখুন মা কালী!
বৌদিরে ক’স দোত্তি
ধর্বে এবার সত্যি।
গপাস্ করে গিলবে
য়্যাব্বড় দাঁত হিলবে!
মা মাসিমায় পেন্নাম
এখান হতেই কর্লাম!
স্নেহাশিস এক বস্তা,
পাঠাই, তোরা লস তা!
সাঙ্গ পদ্য সবিটা?
ইতি। তোদের কবি-দা।