চিত্রকের চিত্রল ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃষ্টির পূর্ণতা তার অনুরাগীর সানন্দ সান্নিধ্যে। নিভৃত ধ্যানের মতো যার সৃজন-প্রক্রিয়া, সেই শিল্পকর্মই খুঁজে ফেরে অচেনা দর্শকের উষ্ণ হূদয়। সানুরাগ হূদয়ানুভূতির সমর্থন ও সংবেদনেই শিল্পকর্ম হয় কালোত্তীর্ণ সভ্যতার স্মারক। অসংখ্য রসিক-বোদ্ধা-দর্শকের অন্তরে জারিত হয়ে শিল্প বেঁচে থাকে সহস্রায়ু বৃদ্ধের মতো। মহাকালের বিবিধ বিবর্তনের সাক্ষী হয়ে ইতিহাস-দর্শন-সাহিত্যের আকর হয়ে ওঠে একেকটি মহত্তর শিল্পকর্ম। সান্ধ্য ভাষার মতো রহস্যময়তায় জন্ম নিয়ে ঝলমলে আলোয় দর্শকের সামনে উদ্ভাসিত হওয়ার জন্য শিল্পের প্রয়োজন গ্যালারি নামক স্টেশনের—যেখানে শিল্পী ও দর্শক, রসিক ও সমালোচক, বোদ্ধা ও শিল্পের সমাগম হয়। প্রদর্শিত ও প্রকাশিত হয় আলোচনা-সমালোচনা, প্রশংসা-নিন্দা, বিতর্ক আর উচ্ছ্বাসের সম্মিলনে শিল্পজন্মের সার্থকতা অনুভবের প্রথম স্পন্দন শিল্প প্রদর্শনীর গ্যালারিতে। গ্যালারি চিত্রক বাংলাদেশের শিল্পবলয়ে এক ঐতিহ্যবাহী প্রদর্শনী গ্যালারি। নতুন পরিবেশ, নতুন ঠিকানা আর নতুন আঙ্গিকে দর্শক-শিল্পীদের সামনে এসেছে চিত্রক। ১১ বছরের পুরোনো জায়গা পেছনে ফেলে নতুন আঙিনায় সুসজ্জিত হয়ে যাত্রা শুরু করেছে। ২০০০ সালে বরেণ্য শিল্পী সফিউদ্দীন আহমেদের বাড়িতে এই গ্যালারির জন্ম। এই পথ-পরিক্রমায় নানা বাধাবিঘ্ন অতিক্রম করে শুধু শিল্পের প্রতি তীব্র ভালোবাসা, এ দেশের চিত্রকলার প্রচার ও সম্প্রসারণের দায়বদ্ধতা ধারণ করে, শিল্পানুরাগীদের দেশের চিত্রকলার গতি-প্রকৃতির ধারণা দেওয়ার ভাবনা থেকেই এই গ্যালারির শুরু। চিত্রকের কর্ণধার পরিচালক শিল্পী মনিরুজ্জামান, জহিরুদ্দীন ও শিল্পী আহমদ নাজিরের অক্লান্ত পরিশ্রমে চিত্রক সুস্পষ্ট অবস্থান তৈরি করে নিয়েছে এ দেশের শিল্পাঙ্গনে। এই গ্যালারি সম্প্রতি স্থান পরিবর্তন করে আরও বড় পরিসরে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়িতে শুরু করেছে নিজেদের শিল্প অভিযাত্রা।নতুন অঙ্গনে ‘যৌথ প্রদর্শনী ২০১১’ শিরোনামে দেশের স্বনামধন্য ৬০ জন শিল্পী নিয়ে আয়োজন করেছে গ্যালারি চিত্রক তাদের উদ্বোধনী প্রদর্শনীর। প্রদর্শনীটি সদ্যপ্রয়াত বাংলাদেশের দুই পথিকৃৎ শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও শিল্পী আমিনুল ইসলামের এ দেশের শিল্পকলায় অবদানের প্রতি বিনম্র শ্রদ্ধায় উৎসর্গকৃত। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই গ্যালারির কার্যক্রম সীমাবদ্ধ—এমন ধারণার সঙ্গে একমত নন চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান। তিনি বলেন, মূলত শিল্প ও শিল্পীর জন্যই গ্যালারি। স্থায়ী গ্যালারি হিসেবে চিত্রক শুধু প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়, এখানে সব সময় ডিসপ্লে থাকে। যেকোনো সময় যে কেউ এ দেশের শিল্প ও এর গতি-প্রকৃতি, বর্তমানে শিল্পীদের মননভূমিতে কী চলছে এবং ভবিষ্যতের শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণাও পাওয়া যেতে পারে এই গ্যালারির সংগ্রহ দেখে। চিত্রকে প্রদর্শনী অপেক্ষাকৃত কম হয় এবং একক প্রদর্শনী অপেক্ষা যৌথ প্রদর্শনীর সংখ্যা বেশি।চিত্রক বছরে পাঁচ-ছয়টি চ্যারিটি প্রদর্শনীর আয়োজন করে শিল্পীদের সহায়তা করার জন্য। আবার দেশের যেকোনো দুর্যোগ-দুঃসময়েও এগিয়ে আসে তাদের সামর্থ্য অনুযায়ী। এ ছাড়া শিল্পের প্রসারে, তরুণ শিল্পীদের উৎসাহিত করা, শিল্পালাপ, ওয়ার্কশপ—এমন উদ্যোগ সারা বছর থাকে গ্যালারির কার্যক্রমের অংশ হিসেবে। ‘যৌথ প্রদর্শনী ২০১১’-তে এ দেশের প্রথিতযশা শিল্পীদের অবদানের কথা স্মরণ করে চিত্রকের সংগ্রহ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১৯৩৯ সালের একটি ড্রইং, কামরুল হাসানের উডকাট, মোহাম্মদ কিবরিয়ার স্টিল লাইফ, এস এম সুলতানের জলরঙে ড্রইং, আমিনুল ইসলামের স্বাধীনতাযুদ্ধের পর প্রত্যাবর্তন প্রভৃতি শিল্পকর্ম দেখার দুর্লভ সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া রশীদ চৌধুরী, আবদুর রাজ্জাক, কাজী আবদুল বাসেত, নিতুন কুন্ডু, মাহবুবুল আমিন প্রমুখ প্রয়াত শিল্পীর শিল্পকর্ম রয়েছে বর্তমান প্রদর্শনীতে। শিল্পগুরু শিল্পী সফিউদ্দীন আহমেদের ১৯৫৮ সালের এচিং-অ্যাকুয়াটেন্ট শিল্পবোদ্ধা-দর্শকদের মুগ্ধ করবে। অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুর্তজা বশীর, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, তাহেরা খানম, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, শহিদ কবীর, আবুল বারক আলভী, স্বপন চৌধুরী, বীরেন সোম, শাহাবুদ্দীন, অলকেশ ঘোষ, মনসুরুল করিম, নাইমা হক, ফরিদা জামান, কে এম এ কাইয়ুম, জামাল আহমেদ, রণজিৎ দাস, নাসরিন বেগম, মোস্তাফিজুল হক, রোকেয়া সুলতানা, ঢালী আল মামুন, ওয়াকিলুর রহমান, সৈয়দ হাসান মাহমুদ, সাইদুল হক জুঁইস, দিলারা বেগম জলি, ফারেহা জেবা, নিসার হোসেন, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য্য, কনকচাঁপা চাকমা, আনিসুজ্জামান প্রমুখ। প্রদর্শনী চলবে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা।