চিনুয়া আচেবের অ্যারো অব গড-এর পঞ্চাশ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনুয়া আচেবে (১৬ নভেম্বর ১৯৩০—২১ মার্চ ২০১৩)
চিনুয়া আচেবে (১৬ নভেম্বর ১৯৩০—২১ মার্চ ২০১৩)

চিনুয়া আচেবের সেরা উপন্যাস অ্যারো অব গড প্রকাশিত হয়েছিল ১৯৬৪ সালে। আজ এই বইয়ের ৫০ বছর পূর্তিতে বিশ্বের প্রায় ৭০টি দেশের সাহিত্যিক পরিমণ্ডলে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এ বছরের জানুয়ারিতে ভারতের মহারাজা সায়ারজিয়াও বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং বছরজুড়েই তা চলবে ইউরোপ, সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও এশিয়ার বহু দেশে। আয়োজক কেবল যে চিনুয়া আচেবে ফাউন্ডেশন তা নয়, দেশে দেশে বহু বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবেই বইটির প্রকাশনার সুবর্ণজয়ন্তি পালন করছে। এসব কর্মসূচি কেবল সাহিত্যিক পণ্ডিতদের সেমিনার, সিম্পোজিয়াম, কলোকুইয়ামেই সীমিত নেই; বরং শিশুদের কার্নিভাল, স্কুলের শিক্ষার্থীদের সাহিত্য প্রতিযোগিতা, উপন্যাসটির বিভিন্ন এপিসোড নিয়ে তৈরি নাটক মঞ্চস্থ করা, উপন্যাসটি সম্পর্কে নানা কুইজ প্রতিযোগিতা ও পাঠক্রম পর্যালোচনা, উপন্যাসে ব্যবহৃত ইগবো সম্প্রদায়ের বিচিত্র আর্যা, প্রবাদ আর ব্রতকথার শৈল্পিক প্রদর্শন ইত্যাদি কার্যক্রমে বর্ণাঢ্য আকারেই পালিত হচ্ছে আচেবের এই শ্রেষ্ঠ উপন্যাসের অর্ধশত জন্মবার্ষিকী। আচেবে লোকান্তরিত হয়েছেন গত বছরের মার্চ মাসে। হতে পারে সে জন্যও এই উপন্যাসের অর্ধশত বছর পালনের উৎসাহ একটু বেশি।
কোনো একটিমাত্র বইয়ের প্রকাশনা উৎসব সারা বছর ধরে পালিত হওয়ার ঘটনা সাহিত্যের ইতিহাসে বিরল। এর আগে ২০০৯ সালেও বেশ বড় কলেবরে পালিত হয়েছিল আচেবের প্রথম ও সবচেয়ে জনপ্রিয় উপন্যাস থিংস ফল অ্যাপার্ট-এর ৫০ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগও পিছিয়ে ছিল না। তারা আয়োজন করেছিল দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার। থিংস ফল অ্যাপার্ট-এর তুলনায় অ্যারো অব গড-এর জনপ্রিয়তা কম হলেও আচেবে তাঁর এই তৃতীয় উপন্যাসেই নিজের সাহিত্যিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছেন; এবং অনেক সমালোচকের মতে, তিনি নিজেও এই উপন্যাসকেই তাঁর শ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন। কোথাও এমনও বলেছেন যে এই উপন্যাসের আকর্ষণ তিনি এড়াতে পারেন না; তাই বারবার পড়তে গিয়ে ধরা পড়ে যান।

অ্যারো অব গড–এর প্রচ্ছদ
অ্যারো অব গড–এর প্রচ্ছদ

থিংস ফল অ্যাপার্ট, নো লংগার অ্যাট ইজ এবং অ্যারো অব গড—এই তিন উপন্যাসকে এদের একই ঔপনিবেশিক পটভূমি এবং একই ধরনের বক্তব্যের জন্য বলা হয় ‘আফ্রিকান ট্রিলজি’। তো এই উপন্যাসত্রয়ীর শেষটিতে আচেবে তাঁর শ্রেষ্ঠ শৈল্পিক দক্ষতায় ইগবো সমাজের জটিল মনস্তত্ত্ব, ইংরেজি সংস্কৃতি ও সনাতন ইগবো সংস্কৃতি সংঘাত এবং তার চেয়েও বেশি ইগবো সমাজের অভ্যন্তরীণ টানাপোড়েনের কথাই নিরাসক্ত, নির্মোহ ভঙ্গিতে বয়ান করেছেন। ইংরেজ শক্তির আগমনে সনাতন ইগবো জীবনযাত্রা ও মূল্যবোধে যে প্রচণ্ড টান পড়ে, একেবারে তৃণমূল পর্যায়ে যে তোলপাড় শুরু হয়, তাতে স্থানীয় দেবতা উলু আর তার অহংকারী, একগুঁয়ে ও গণবিচ্ছিন্ন পুরোহিত ইজুলু খড়কুটোর মতো ভেসে চলে যায়। ইজুলুর ধারণা তার দেবতাই তাকে ত্যাগ করেছে, ঠেলে দিয়েছে ধ্বংসের পথে এবং সে নিজেও গেছে বিলীন হয়ে। সেই সুযোগে গণমনে স্থান করে নেয় ভিনদেশি ঈশ্বর ও ঈশ্বরপুত্র। লোকে অধিকতর শক্তিশালী ধর্মকেই নিজেদের অস্তিত্বের ও উন্নতির স্বার্থে গ্রহণ করে। দেবতা ও তার পুরুত ঠাকুরকে জনতা তত দিনই পূজাউপাচারে সমৃদ্ধ করে, যত দিন তারা তাদের ইচ্ছা পূরণে সক্ষম হয়। এর ব্যত্যয় হলে জনতা আর বেশি দিন সহ্য করে না, দেবতাকে তার পুরোহিতসমেত বিতাড়িত করে অথবা হয়তো খুনই করে ফেলে। নৃতত্ত্বের ইতিহাসে এ রকম দেবতা বিতাড়নের কি নিধনের দৃষ্টান্ত অনেক।

আচেবের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজারো মানুষের ঢল

কেন্দ্রীয় চরিত্রভিত্তিক এই উপন্যাসের নায়ক, ছয় গ্রামের প্রধান পুরোহিত ইজুলুর পতন ঘটে যে কারণে, তা কেবল তার অহমবোধ আর ক্ষমতা প্রয়োগের অদম্য ইচ্ছা নয়, গণ-আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে নিজের একগুঁয়েমিতে অনড় থাকাও বটে। উপন্যাসের শেষে বলা হচ্ছে, উলুদেব স্বয়ং ক্ষমতালিপ্সু পুরোহিতের বিরুদ্ধে গিয়ে এবং তার জীবন-মরণ সমস্যায় কোনো রকম সাহায্য না করে তাকে টেনে নিয়ে গেছে সর্বনাশের দিকে এবং এভাবে যে সত্যের প্রকাশ সে ঘটিয়েছে তা হলো, কোনো মানুষ তা সে যত শক্তিধরই হোক, জনগণের চেয়ে বড় নয়, এবং গোত্রের মতের বিরুদ্ধে গিয়ে কেউই টিকে থাকতে পারে না। জনগণের বাণীই ঈশ্বরের বাণী—এমন একটি গণতান্ত্রিক সত্যই যেন আচেবে প্রকাশ করতে চান তাঁর এই শ্রেষ্ঠ উপন্যাসে। কিন্তু মনোযোগের কেন্দ্র যেহেতু পুরোহিতের জটিল মনস্তত্ত্ব, সেজন্য জনগণ কর্তৃক পুরোহিত তার দেবতাসহ প্রত্যাখ্যাত হওয়ার এবং নতুন বিজাতীয় শাসন ও সংস্কৃতির অনুপ্রবেশের স্পষ্ট ইঙ্গিত দিয়েই শেষ হয় উপন্যাসের কাহিনি। জীবনের প্রতি পদে যেমন, তেমনি দেবতার ও তার পুরোহিতের অন্তর্ধানেও প্রবচনের মধ্য দিয়ে ইগবো সমাজের সমষ্টি জ্ঞান বা সাধারণ মনীষার প্রকাশ ঘটে: গৃহে যখন স্বজনেরা কলহে জোটে, তখন বেগানা লোকে ফায়দা লোটে; কিংবা মুষিক যদি শ্লথগতি হয়, যথেষ্ট বেগে না দৌড়ায়, তো কচ্ছপকে তার পথ ছাড়াটাই শোভা পায়।

অ্যারো অব গড–এর বাংলা অনুবাদ দেবতার ধনুর্বাণ–এর প্রচ্ছদ
অ্যারো অব গড–এর বাংলা অনুবাদ দেবতার ধনুর্বাণ–এর প্রচ্ছদ

তাঁর প্রথম উপন্যাসেই আচেবে বিশ্বসাহিত্যে স্থান করে নেওয়ায় পরবর্তী উপন্যাসগুলো হয়তো সে রকম মনোযোগ কাড়তে পারেনি। থিংস ফল অ্যাপার্ট-এর প্রধান চরিত্র ওকুনকো একজন তরতাজা যুবক। তার একরৈখিক দৃঢ়তা এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ তাকে বীরের মর্যাদা দেয়। অ্যারো অব গড-এর নায়ক ইজুলু বয়োবৃদ্ধ এবং অনেক বেশি চাপা ও জটিল। সেও প্রতিবাদী এবং বীর। এই বীরত্বের প্রকাশ ঘটে ওয়ারেন্ট চিফের পদ গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে। আবার সে প্রচণ্ড অভিমানী এবং প্রতিশোধপরায়ণও। নিজের সমাজের বিরুদ্ধে তার এই শ্লাঘা আর প্রতিশোধস্পৃহার প্রকাশ ঘটে শস্য বপনের লগ্ন ঘোষণা না করার মধ্যে। বস্তুত এই প্রচণ্ড অহমবোধ, এই প্রতিহিংসাপরতা, নিজের লোকেদের ইচ্ছা-অনিচ্ছায় কর্ণপাত না করা, অবশ্যম্ভাবীকে স্বীকার না করা—এ সবই ইজুলুর পতনের কারণ। এ ধরনের নেতৃত্ব বইটি প্রকাশের ৫০ বছর পরও দেশে দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় দেখতে পাওয়া যায়। নেতৃত্ব যদি গণ-আকাঙ্ক্ষার প্রতি উদাসীন হয়, জনসাধারণের নাড়ির স্পন্দন অনুভব করতে ব্যর্থ হয়, তো সেই নেতৃত্ব ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, এতে আর আশ্চর্য কী? ইগবো প্রবচন ধার করে বলা যায়, যে লোক শোনে না তার স্বজনদের আর্জি যা তা, একদিন সে দেখবে তার কানে গজাচ্ছে ব্যাঙের ছাতা। এ জন্যই আচেবের উপন্যাস অর্ধশত বছর আগে যেমন, তেমনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। ইগবো সমাজকে সেদিন তিনি যেভাবে উপস্থাপন করেছেন এবং এর মাধ্যমে ঔপনিবেশিক ও নব্য ঔপনিবেশিক শাসনে অর্ধমৃত আফ্রিকাকে বিশ্বসাহিত্যে পরিচিত করেছেন, তা এক কথায় অনন্য। আফ্রিকার ঐতিহ্য, আফ্রিকার আত্মসম্মানবোধ তিনি ফিরিয়ে এনেছেন আফ্রিকায়। এ চাট্টিখানি কথা নয়।
গত মার্চ মাসের কোনো এক দিন আমার কম্পিউটারের মেইল বক্সে হঠাৎ করেই অ্যারো অব গড-এর ৫০ বছর উদ্যাপনের খবর পাই। চিঠিটা আসে স্বয়ং আচেবের ছেলে চিদি আচেবের কাছ থেকে—সেই সঙ্গে বিনীত অনুরোধ যেন সম্ভব হলে আমরা বাংলাদেশেও দু-একটা সেমিনার করে ব্যাপারটা পালন করি। আমি যখন জানাই যে বইটা আমি দেবতার ধনুর্বাণ নামে বাংলায় অনুবাদ করেছি এবং এটি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েেছ। শুনে খুব খুশি হয়ে তিনি লিখলেন যে তাঁর বাবা শুনে যেতে পারলে খুবই খুশি হতেন। কারণ বাংলাভাষী জনগোষ্ঠী ও তাদের সাহিত্য সম্পর্কে আচেবের ছিল গভীর শ্রদ্ধাবোধ। মনে পড়ে বহু দিন আগে আমার গবেষণার একপর্যায়ে আচেবের একটা প্রবন্ধে বাংলা সাহিত্য সম্পর্কে সপ্রশংস উল্লেখ লক্ষ করেছিলাম। তো এর পরের চিঠিতে চিদি তাঁর ও আচেবের পরিবারের পক্ষ থেকে বোস্টনের ব্রাউন ইউনিভার্সিটিতে গত মে মাসে অনুষ্ঠিত সেমিনারে আমাকে আমন্ত্রণ জানান এবং একটা সেশনে আলোচনাও করতে বলেন। আমার যাওয়া হয়নি, তবে আমন্ত্রণ পেয়ে এবং আমাকে আচেবে গবেষকদের একজন হিসেবে গণ্য করায় আমি বেশ সম্মানিত বোধ করেছি।
চিনুয়া আচেবের সাহিত্যকর্ম নিয়ে গত শতকের ষাটের দশক থেকে যে প্রাণবন্ত আলোচনা শুরু হয়, তা আজও সমান তালে, সমান উৎসাহে বহাল আছে। পৃথিবীজুড়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে প্রকাশনার ৫০ বছর উদ্যাপিত হচ্ছে তা কেবল আচেবের শিল্পকর্মেরই নয়, এক অর্থে তা আফ্রিকার তথা সামগ্রিকভাবে তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখকষ্ট, স্বপ্ন-দুঃস্বপ্ন আর সংগ্রামের প্রতি অঙ্গীকারবদ্ধ সব সাহিত্য, সব শিল্পকর্মেরই বিজয় উৎসব।
ইতিমধ্যে আচেবে ফাউন্ডেশন ঘোষণা করেছে যে আচেবের গ্রামের বাড়ি অগিডিতে তারা সাহিত্য-প্রেমিকদের আকর্ষণের জন্য লেখকের নিত্যদিনের ব্যবহৃত টেবিল-চেয়ার, টাইপরাইটার ইত্যাদি সংগ্রহ করে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করবে। জানি না থিংস ফল অ্যাপার্ট ও অ্যারো অব গড ছাড়া আচেবের অন্য উপন্যাসগুলোর অনুবাদ হয়েছে কিনা। তবে এ রকম একজন বিশ্বনন্দিত সাহিত্যিকের সব রচনাই, তাঁর ছোটগল্প এবং প্রবন্ধগুলোও বাংলা ভাষায় তর্জমা হওয়া প্রয়োজন। কারণ আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা এবং নেতৃত্ব ও জনগণের মনস্তত্ত্ব উপলব্ধি করার জন্য চিনুয়া আচেবের লেখাগুলো এখন খুবই প্রাসঙ্গিক।