চিরকালীন এক মায়ের প্রতিমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুফিয়া কামাল একাধারে কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী ও মুসলিম নারী জাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, তখনকার সমাজব্যবস্থা মোটেও নারীশিক্ষা বা প্রগতির পক্ষে অনুকূল ছিল না। সব প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সুফিয়া কামালের জীবনকালের (২০ জুন ১৯১১ থেকে ২০ নভেম্বর ১৯৯৯) দিকে তাকালে আমরা দেখব, ভারত উপমহাদেশের সব উল্লেখযোগ্য ঘটনাই তাঁর জীবনকালে সংঘটিত হয়েছে। পরাধীন দেশে জন্ম নিয়েছিলেন তিনি। ১৯৪৭ সালে দেশভাগের পর স্বামীর সঙ্গে ঢাকায় চলে আসার আগে বাংলা ভাষায় মুসলমানদের প্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা বেগম-এর প্রথম সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকার মহিলাদের সংগঠিত করে মিছিলের আয়োজন করেন ও নেতৃত্ব দেন। ১৯৭১ সালের মার্চ মাসে সুফিয়া কামাল ঐতিহাসিক ‘অসহযোগ আন্দোলনে’ ঢাকায় মহিলাদের সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন। দেশ স্বাধীনের পর মিলিটারি ক্যাম্পগুলোতে আটকে থাকা মেয়েরা যখন নানাবিধ সামাজিক লজ্জা ও সংকোচে বের হতে পারছিলেন না, তিনি তখন তাঁদের সাহায্যার্থে এগিয়ে আসেন। ঢাকা ও আরও কয়েকটি বড় জেলায় আশ্রয়কেন্দ্র খুলে সেখানে তাঁদের আবাসনের ব্যবস্থা করেন। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় আশ্রয়কেন্দ্র পরিচালনা করেন তিনি। দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ—এসব প্রধান প্রধান ঘটনায় সুফিয়া কামাল তাঁর নিজস্ব সংবেদন ও প্রতিবাদী ভূমিকা নিয়ে এগিয়ে আসেন এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। বিংশ শতাব্দীর প্রায় পুরোটাজুড়ে এই মহীয়সী নারী বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁর উজ্জ্বল উপস্থিতির স্বাক্ষর রেখেছেন। ফলে তাঁকে কোনো একক অভিধায় চিহ্নিত করা সাধ্যাতীত। তিনি শুধু আমাদের প্রিয় মাতৃমূর্তিরূপী ব্যক্তিত্ব নন, একাধারে একটি সংগঠন, আন্দোলন, প্রতিষ্ঠান ও আবহমান বাঙালির প্রেরণাদাত্রী।বঙ্গজননী সুফিয়া কামালের জন্মশতবর্ষ উপলক্ষে ‘সুফিয়া কামাল স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ’ প্রকাশ করেছে সুফিয়া কামাল স্মারকগ্রন্থ। যদিও গন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বেশ কিছুকাল আগে। কিন্তু মহীয়সী এ নারীর যাপিত জীবনের নানা দিক নিয়ে যথেষ্ট পরিমাণ লেখা তখনো পাওয়া যায়নি বলে বিলম্বিত হয় এটির প্রকাশ; এমনকি এখন যে কলেবরে এ গ্রন্থটি প্রকাশিত হয়েছে, তা-ও তাঁকে ধারণ করার মতো যথেষ্ট নয় বলেই আমার বিশ্বাস। তবুও মোটামুটিভাবে সুফিয়া কামালের জীবন, তাঁর সংগ্রাম ও অর্জনের একটি রূপরেখা এখানে ফুটে উঠেছে। অনেক বিশিষ্টজন, যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুফিয়া কামালের সান্নিধ্য পেয়েছিলেন, তাঁর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন, তাঁদের মধ্য থেকে অনেকেই লিখেছেন এই মাতৃমূর্তিরূপী মহীয়সী নারী সম্পর্কে। কবিতা লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী ও সন্তোষ গুপ্ত। আবুল বারক আলভী, আনিসুজ্জামান, আনোয়ারা সৈয়দ হক, কামাল লোহানী, খুশী কবির, কাবেরী গায়েন, দ্বিজেন শর্মা, ফজলে হাসান আবেদ, ফেরদৌসি প্রিয়ভাষিণী, বিশ্বজিৎ ঘোষ, বেবী মওদুদ, মফিদুল হক, মালেকা বানু, মাহমুদ আল জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, মুস্তাফা নূরউল ইসলাম, রফিকুন নবী, শামসুজ্জামান খান, শিমুল ইউসুফ, শিরিন বেগম, শেখ হাসিনা, সানজীদা খাতুন, সরদার ফজলুল করিম, সাইদা কামাল, সাজেদ কামাল, সুলতানা কামাল, সৈয়দ মনজুরুল ইসলাম, হাশেম খান, রোজী কামালসহ আরও অনেকেই লিখেছেন প্রবন্ধ ও স্মৃতিচারণামূলক লেখা। একটা ব্যাপার বেশ লক্ষণীয়, সুফিয়া কামালের আত্মজ ও আত্মজরা যে রকম মাতৃস্নেহ পেয়েছেন, তাঁর কাছ থেকে ঠিক সে রকম স্নেহেই সিক্ত হয়েছেন এ দেশের অনেক বুদ্ধিজীবী বিদগ্ধজন, যেটা তাঁদের লেখায় ফুটে উঠেছে।‘সুফিয়া কামাল: চিরন্তন প্রেরণার উৎস’ শিরোনামে আনিসুজ্জামানের প্রবন্ধটি পরিসরে ছোট হলেও বঙ্গজননীর শৈশব থেকে আরম্ভ করে তাঁর বেড়ে ওঠা, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাহিত্যিক কর্মকাণ্ড ইত্যাদির একটি সার্বিক রূপরেখা এখানে প্রকাশিত হয়েছে। সুফিয়া কামালের ব্যাপক সামাজিক ভূমিকার অন্তরালে তাঁর উজ্জ্বল সাহিত্যিক জীবনের অনেকটাই যে অনালোকিত রয়ে গেছে, সে কথাও বলতে ভোলেননি লেখক। ‘কবি সুফিয়া কামাল: মায়ের প্রতিকৃতি’ নামে শেখ হাসিনার নিবন্ধটি অনেকটা স্মৃতিচারণামূলক। সুফিয়া কামালের রাজনৈতিক প্রজ্ঞা ও সচেতনতার একটা ইঙ্গিত রয়েছে তাঁর লেখাটিতে। প্রায় প্রতিটি লেখাতেই কবি সুফিয়া কামালের মাতৃরূপটি পাঠকের চোখে পড়বে। সেই সঙ্গে তাঁর কোমল রূপটির পাশাপাশি অন্যায়, অন্যায্যের বিরুদ্ধে আপস না করার দৃঢ়তা, তাঁকে চির-অনুকরণীয় করে তুলবে।(সুফিয়া কামাল স্মারকগ্রন্থ—সম্পাদনা: আনিসুজ্জামান, আয়শা খানম, সুলতানা কামাল, মফিদুল হক \ সুফিয়া কামাল স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ \ ডিসেম্বর ২০১১ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ সাহিত্য প্রকাশ \ কমলা প্রিন্টার্স \ মূল্য ৭৫০ টাকা)