চিরদিনের বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫, ১৬ ও ১৭ আগস্ট ধানমন্ডির আর্ট সেন্টারে প্রায় ৫০ শিল্পীর স্বতঃস্ফূর্ত সমাবেশ ঘটেছিল। গল্প, আড্ডা, চা আর ইফতার আয়োজনের মধ্যে দিয়ে চলছিল ছবি আঁকা। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে শিল্পীরা সমবেত হয়েছিলেন। নবীন-প্রবীণ উভয় প্রজন্মের শিল্পীরা শৈল্পিক কুশলতায় মূর্ত করে তুলেছেন বঙ্গবন্ধুকে তাঁদের ক্যানভাসে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ কর্মশালার উদ্বোধন করেন। শাহাবুদ্দিনসহ অনেক প্রবীণ শিল্পী ঘুরে ঘুরে প্রত্যেকের কাজ দেখেন এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। অনেক শিল্পী ও শিল্পানুরাগী ব্যক্তি কর্মশালায় উপস্থিত থেকে শিল্পীদের ছবি আঁকা উপভোগ করেন। অধিকাংশ শিল্পী বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ক্যানভাসে। শিল্পীরা ধরতে চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, তাঁর ঔদার্য, দৃঢ়তা, চিন্তাশীলতা, গাম্ভীর্য ও পরাক্রমশালিতা। একাত্তরের সাতই মার্চের ভাষণে তাঁর দৃপ্ত উচ্চারণ ও বলিষ্ঠ ভঙ্গি—এ বিষয়টি অনেক শিল্পী মূর্ত করতে চেষ্টা করেছেন তাঁদের ক্যানভাসে। এসব প্রচেষ্টার সঙ্গে ছিল তাঁদের নিরীক্ষা। প্রতেকেই চেষ্টা করেছেন মাধ্যমের ব্যতিক্রমী ব্যবহারের মধ্য দিয়ে ভিন্নভাবে, নতুনত্বের সংযোজন ঘটিয়ে এই নেতার ব্যক্তিত্বের দ্যুতি প্রকাশ করতে। ফলে অনেক শিল্পীর কাজ স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন হয়েছে। একটি প্রাণোচ্ছল পরিবেশের মধ্যে দিয়ে আর্ট সেন্টারের এ আয়োজন দেশাত্মবোধ, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শিল্পচর্চাকে এক সূত্রে গ্রথিত করা—এসব প্রচেষ্টা শিল্পচর্চার অঙ্গনে সদর্থক ভূমিকা পালনের দৃষ্টান্ত। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, বীরেন সোম, নাইমা হক, আবদুল মান্নান, জামাল আহমেদ, নিসার হোসেন, শেখ আফজাল, শামসুদ্দোহা, বিদ্যুৎ জ্যোতি সেন শর্মা, সাইদুল হক, ফারেহা জেবা, সৈয়দ হাসান মাহমুদ, নাজিব মোহাম্মদ, কৃষ্ণা দে চট্টোপাধ্যায়, ঢালী আল মামুন, দিলারা জামান, মো. মনিরুজ্জামান, খালিদ মাহমুদ, মো. জহির উদ্দিন, শামসুল আলম আজাদ, রাশেদুল হুদা, মোহাম্মদ ইকবাল, আলপ্তগিন তুষার, মনিরুজ্জামান, দেওয়ান মিজান, ফরিদুল কাদের, অনুকূল চন্দ্র মজুমদার, মোহাম্মদ রবিউল ইসলাম, সৈয়দ জাহিদ ইকবাল, সাফিন ওমর, এবাদুর রাশেদ, সুমনা আক্তার, শাহান শামিয়া, আনিসুর রহমান, সোহেল রানা, মিন্টু দে, তারেক জুলফিকার, চন্দ্রশেখর, এ এইচ ঢালী, বদিউজ্জামান, দুলাল চন্দ্র গাইন, আওলাদ হোসাইন, আবদুস সালাম, উত্তম কুমার রায়, মাইনউদ্দিন রাকিবুল হাসান, সুমন ওয়াহিদ, আবদুস সাত্তার, সহিদ কাজী, নাজির খান, ফারজানা আহমেদ, রাশেদুল হাসান, কামাল উদ্দিন, রত্নেশ্বর সূত্রধর, কান্তি দেব অধিকারী প্রমুখ শিল্পীর উপস্থিতি এ আয়োজনকে সার্থক করেছে।