চিরুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনুষ্য সভ্যতার প্রাচীন ব্যবহার্য দ্রব্যাদির যদি একটি তালিকা তৈরি করা হয়, তাহলে চিরুনির স্থান ওপরের দিকেই থাকবে। প্রস্তর যুগেই নাকি মানুষ চিরুনির ব্যবহার শিখে গিয়েছিল। ওই সময় শক্ত উপাদান দিয়ে মানুষ যেসব দ্রব্য তৈরি করত, তার মধ্যে অন্যতম ছিল নিজের চুল পরিষ্কার রাখার চিরুনি। খ্রিষ্টপূর্ব ৫৫০০ শতকে প্রাচীন মিসরের মানুষের মধ্যে চিরুনির ব্যবহার প্রচলিত ছিল। প্রাচীন চীনে কারও মালিকানায় একটি চিরুনি থাকাকে মনে করা হতো আভিজাত্যের প্রমাণ।প্রাচীন যুগে চিরুনি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হতো। এর মধ্যে চিরুনি তৈরিতে যে উপাদান সবচেয়ে বেশি ব্যবহূত হতো, তা হলো পাথর। ওই সময় পাথর কেটে কেটে চিরুনি তৈরি করা চুলের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতারই একটা বড় প্রমাণ। পাথরের পাশাপাশি প্রাচীনকালে বিভিন্ন প্রাণীর হাড়গোড়ও চিরুনি তৈরিতে ব্যবহূত হতো বলে প্রমাণ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।সুইডেন দেশটির নাম একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে চিরুনির ইতিহাসের সঙ্গে। ইতিহাসে সবচেয়ে প্রাচীন চিরুনিগুলো যে সুইডেনে তৈরি হয়েছিল, এ ব্যাপারে একমত বেশির ভাগ প্রত্নতত্ত্ববিদ। খ্রিষ্টপূর্ব ২৫০০ শতকে সুইডেনে চিরুনি তৈরি হয়েছিল বলে মত দিয়েছেন তাঁরা। পাথর, বিভিন্ন প্রাণীর হাড়ের পাশাপাশি সুইডেনে টিন, রুপা ও তামা-দস্তার সমন্বয়ে গঠিত একধরনের ধাতু থেকে তৈরি করা হতো চিরুনি।মধ্যযুগে এসে চিরুনি তৈরিতে একটা বড় ধরনের বিপ্লব সংঘটিত হয়। এ সময় চিরুনি তৈরিতে হরিণ ও অন্যান্য গবাদিপশুর শিং দিয়ে তৈরি বিশেষ একধরনের পদার্থ আবিষ্কৃত হয়। কচ্ছপের শক্ত খোলটিও এই বিশেষ পদার্থ তৈরিতে ব্যবহূত হতো। শিং ও কচ্ছপের খোল গলিয়ে ওই বিশেষ পদার্থ প্রস্তুত করে বিভিন্ন আকারের চিরুনি সে সময় তৈরি করা হতো।উনিশ শতকের শেষ দিকে ইসাইয়াহ ও জন হায়াত নামের দুই ভাই প্রাকৃতিক উপাদানের বদলে কৃত্রিম উপাদান দিয়ে চিরুনি তৈরির উপায় আবিষ্কার করেন। তাঁদের উদ্ভাবিত সেলুলয়েড বদলে দেয় চিরুনির ইতিহাস। সেলুলয়েড চিরুনিকে করে তোলে সস্তা, নিয়ে আসে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। চিরুনি হয়ে যায় গণমানুষের ব্যবহার্য দ্রব্য। আজ নিজের ড্রেসিং টেবিলটির দিকেই চেয়ে দেখুন, কত রং, কত আকার আর কেতার চিরুনি স্থান করে নিয়েছে ওখানে। ইহাউ ডটকম অবলম্বনে নাইর ইকবাল