চিৎকার চক্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতঃপর সব ম্লান। ম্রিয়মাণ সমুদ্রের জল।
গাঙচিল বধির বৃক্ষে। শতাব্দীর স্বরধ্বনি ফের
ফিরে যায় অন্ধকারে। অলস মেঘেরা আকাশের
বুকে ঘুমায় নিশ্চুপ। নদীরা নাচে না অবিচল।
দরোজায় টোকা নেই। নেই পত্র-প্রেম-ভালোবাসা।
পূর্ণিমার পুণ্য রাতে নির্জীব চাঁদের প্রতিচ্ছবি
শোনায় না শুদ্ধ সুর। নগ্নপদে একে একে সবই
বিলীন বিমর্ষ রোদে। জেগে থাকে নিরাশার ভাষা।
পাহাড়ে পথিক থিতু। ওপরে আকাশ নির্বিকার।
রাতের শিশির বুকে উৎসুক শিউলি-প্রজাপতি।
আমুদের ডানাহীন লাল ঠোঁটে চৈতালি চিৎকার।
খোয়াবের সাদা শিষে নাচে তার সামান্য ক্ষতি।
পথের সন্ধানে অতঃপর ফের খেয়া পারাপার
আবার নতুন ঢঙে শিখতে হয় স্লোগানের রীতি।
ধানমন্ডি, ঢাকা