চুনিয়া থেকে বিরিশিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে ভাবি, আমার অজান্তে আমার ভেতরে কি এক পরিব্রাজক বাস করে? কথাটি বললাম এ কারণে যে সারাক্ষণই আমি ভ্রমণ করি। এমনকি শারীরিকভাবে যখন কোথাও যাই না, তখন ফেলে আসা দিনগুলোর স্মৃতি ভ্রমণ করা প্রধান কাজ হয়ে ওঠে। গৃহী হয়েও সারা জীবনই আমি উড়নচণ্ডী—খেয়াল হলো তো চলে গেলাম জোছনার তীব্র কুসুমিত আলোকমালা উদ্যাপন করতে, কখনো নিসর্গের মনোরম শোভা মনকে কেড়ে রাখল—এভাবেই তো কাটিয়েছি আজীবন। তবে এ লেখা আমার ভ্রমণবৃত্তান্তের খেরোখাতা নয়, চাকরিসূত্রে একদা গারো নৃগোষ্ঠী-অধ্যুষিত নেত্রকোনার বিরিশিরিতে কাটিয়েছিলাম ছয়টি বছর। এই লেখায় লিখতে চাই গারো পাহাড়ের কোল ঘেঁষে বসবাস করা সেসব সরলপ্রাণ আদিবাসী মানুষের কথা, আমার বিরিশিরি যাপনের অভিজ্ঞতা।গারো সম্প্রদায়ের মানুষ মাতৃতান্ত্রিক সমাজভুক্ত। বিরিশিরিতে গিয়েই তাদের সঙ্গে ঘনিষ্ঠতা আমার। তবে গারোদের প্রথম দেখেছিলাম টাঙ্গাইলের চুনিয়াতে। টাঙ্গাইল আমার জন্মশহর। এ শহরের অলিতে-গলিতে—কত জায়গায় ঘুরেছি; কিন্তু ‘ঘর হইতে দুই পা ফেলিয়া’ ১৯৭৫ সালের আগে যাওয়া হয়নি চুনিয়া গ্রামে।পরিবারসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হলেন সে সময়। আমাদের মন খুবই বিষণ্ন। এ সময় এক গারো চিকিৎসকের আমন্ত্রণে কোনো এক পূর্ণিমায় প্রথম যাওয়া হলো চুনিয়াতে। আমি, শামসুজ্জামান খান, রাহাত খান, রশিদ হায়দার, রইসউদ্দিন ভূঁইয়া—সে সময় আমাদের একটি দল ছিল। নানা উপলক্ষে বিভিন্ন জায়গায় হুটহাট চলে যেতাম আমরা। তেমনভাবেই চুনিয়াতে যাওয়া। উপলক্ষ পূর্ণিমা ও জোছনা উদ্যাপন। সেদিন চুনিয়ার বন ও পরিবেশ অধিদপ্তরের বাংলোতে বিপুল জোছনা আর নিসর্গের অনুপম সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আমি তো ব্যাকুল। সে যাত্রায় গারোদের আতিথেয়তা ও আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছিলাম, চুনিয়ার প্রাকৃতিক লীলাভূমি আমাদের আবেশিত করেছিল; ফিরে এসে তাই লিখেছিলাম চুনিয়া আমার আর্কেডিয়া নামে কবিতার বই। কিন্তু এই গারোদের সঙ্গে আমার পরবর্তী জীবন যে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে যাবে, আমিও যে তাদের একজন হয়ে উঠব, তাদের সংস্পর্শে আমার কবিতা ও জীবনোপলব্ধিতে যে বাঁকবদল ঘটবে—এতটা কি সেদিন ভেবেছিলাম!প্রকৃতপক্ষে গারোরা যে কতটা মানবিক ও আন্তরিক, সেটি জানা হলো ১৯৯৭ সালে, পরিচালক হিসেবে বিরিশিরি কালচারাল একাডেমিতে যাওয়ার পর। আজ এ কথা বলতে চাই যে গারো সম্প্রদায়ের সঙ্গে না মিশলে মানুষ সম্পর্কে খুবই ভুল ধারণা থাকত আমার। কারণ, তত দিনে মানুষের কপটতা ও নৃশংসতা দেখতে দেখতে আমি বিপর্যস্ত। আমার নিজের কবিতায়ও আছে সেই সুর, ‘মানুষ নামটি লিখে আমি তাতে মুতে দিতে চাই।’ তবে মানুষ সম্পর্কে আমার এ ভাবনা বিরিশিরিতে যাওয়ার পর পাল্টে গেল মুহূর্তেই।বিরিশিরির মানুষের অমলিন সরলতায় আমি যেন স্নান করে হয়ে উঠলাম নতুন মানুষ। সোমেশ্বরী নদীর স্বচ্ছতোয়া জলে ধুয়ে নিলাম নিজের নাগরিক বিষবাষ্প। কবি হিসেবে আগে যুক্তিবাদিতার দিকেই আমার ঝোঁক ছিল বেশি, কিন্তু বিরিশিরির গারোদের সংস্পর্শে সেই আমিই হয়ে উঠলাম আবেগমথিত, দিওয়ানা! বিরিশিরি যাপনকালে কেবলই মনে হতো, আমি ফিরে এসেছি আমার শিকড়ের কাছে, পূর্বপুরুষের ঠিকানায়। তাই এ সময়ে ১৯৯৯ সালে প্রকাশিত বিরিশিরি পর্ব নামে কবিতার বইয়ের ‘বিরিশিরি’ কবিতায় লিখেছিলাম, ‘ঠিকানা আমার/পূর্ব-পুরুষের ছিল গারো-পাহাড়েই,/আমি তো এসেছি ফিরে/শিকড়ের টানে—শিকড়ের সন্ধানে এই/গারো পাহাড়ের সানুদেশে—/বিরিশিরি গ্রামে।’দু-এক ছত্রে কি বিরিশিরির সব কথা লিখে শেষ করা সম্ভব! আমার এক জীবনের ঢের নির্মল ও বাউলা মুহূর্ত তো এখানে—বিরিশিরি গ্রামে। কতজনের কথা বলতে হবে! আরনিশ—আমার পুত্র, তার কথা না লিখলে পাপ হবে আমার। আরনিশের মা গারো এবং বাবা মুসলমান। বিরিশিরি কালচারাল একাডেমিতে কাজ করত ছেলেটি। যতক্ষণ জেগে থাকতাম, আমার পাশে জাগ্রত ছোট চোখ ও বোঁচা নাকের এই ছেলে; এমনকি ঘুম ভেঙে উঠেও দেখতাম শিয়রে বসে আছে। এভাবে অহ ও নিশি ছায়ার মতো আমার পাশে থাকত বলে ওকে ডাকতাম ‘অহর্নিশ’ বলে। আমার দেখাদেখি সে কবিতাও লিখতে শুরু করেছিল। এখনো প্রায় প্রতিদিনই ফোনে আমার খোঁজখবর নেয় অহর্নিশ। এই পিতা-অন্তঃপ্রাণ পুত্রের আবেগকে কি নিষ্প্রাণ কয়েকটি বাক্যবন্ধে ধরা যাবে?এ ছাড়া আশু হাজং ও দিলীপ হাজং—তাদের কথাও লিখতে হবে এখানে। বিরিশিরিতে থাকাকালে এ দুজনও আমার ছায়াসঙ্গী। আর আমাকে রান্না করে খাওয়াতেন যিনি, যাঁকে ডাকতাম বউমা বলে, তাঁর কথাও তো মনে পড়ছে এক্ষণে। এই বউমার শাশুড়ি ছিলেন ৯০ বছর বয়সী। তিনি কালচারাল একাডেমির বাগানে কাজ করতেন, খুবই স্নেহ করতেন আমাকে। তাঁকে ডাকতাম আম্বি বলে। গারোদের কাছে ‘আম্বি’ অর্থ মা। মায়ের মমতাই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিত্য তাঁদের সীমাহীন আদর-যত্ন ও প্রশ্রয়ে সুসং দুর্গাপুরের বিরিশিরিতে আমি যেন হয়ে উঠেছিলাম প্রকৃতির কোলে এক উদ্দাম কিশোর। আমার রফিক আজাদ নামটিও বদলে গেল এখানে এসে—হয়ে উঠলাম রফিক মারাক। নামটি কে দিয়েছিল, আজ আর তা মনে নেই। তবে এটুকু বলতে পারি, বিরিশিরিতে আমি যেমন তাদেরই একজন হয়ে উঠেছিলাম, তেমনই তারাও সারল্য আর বিনম্রতার অস্ত্রে দখল করেছিল আমায়।চুনিয়া থেকে বিরিশিরি—এক জীবনে ভ্রমণের পথে বিরিশিরির গারো মানুষের কাছে পেয়েছি মানবতার শিক্ষা—এক আঁজলা শান্তির জল। এখন এখানে লিখিত-অলিখিত সবার কথা মনে করে কেন জানি না আর্দ্র হয়ে উঠছে চোখ। মনের আলোয় দেখতে পাচ্ছি তাতারারাবুগার গারো সন্তানদের।অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ