চূর্ণ ভ্রমণমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইন টাওয়ারের স্মারকবিন্দু

ফ্রিডম টাওয়ার তৈরি হয়েছে টুইন টাওয়ারের বিকল্প ভবন হিসেবে। এটির প্রাতিষ্ঠানিক নাম ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। ছবি: লেখক
ফ্রিডম টাওয়ার তৈরি হয়েছে টুইন টাওয়ারের বিকল্প ভবন হিসেবে। এটির প্রাতিষ্ঠানিক নাম ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। ছবি: লেখক

ভেঙে পড়া টুইন টাওয়ার যখন ‘গ্রাউন্ড জিরো’, তখন ২০০৩ সালে প্রথমবার গিয়েছিলাম সেই ধ্বংসযজ্ঞের পাশে। ঘূর্ণিঝড় ‘ইসাবেলা’র আগাম দূত হয়ে ধেয়ে আসা প্রবল বাতাসের তোড়ে ওয়ান লিবার্টি প্লাজার কালো লম্বা বিল্ডিংয়ের সামনের ফুটপাতে কোকের একটা খালি ক্যান প্রচণ্ড শব্দে বারবার গড়িয়ে গড়িয়ে আছড়ে পড়ছিল। গ্রাউন্ড জিরোকে ঘিরে রাখা লোহার গ্রিলের বাইরে টুইন টাওয়ার ধ্বংস–সম্পর্কিত বিভিন্ন তথ্য ও আলোকচিত্র প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের ভিড়ে শামিল হয়ে যাই আমি। লোকজন গ্রাউন্ড জিরোকে পেছনে রেখে ছবি-টবি তুলছিল। জায়গাটার চেহারা তখন বহুতল ভবন নির্মাণের আগে খোঁড়া বিশাল গর্তের মতো। গ্রাউন্ড জিরোর পাশ থেকে রাতের বেলায় দুটো আলোকস্তম্ভ তৈরি করা হয়েছিল দুটো অতিকায় ফ্লাড লাইট থেকে। এটার নাম দেওয়া হয়েছিল ‘ট্রিবিউট ইন লাইট’। প্রতিটিতে ৪৪টি করে স্পট লাইট থেকে বের হতো বিশ লাখ সাধারণ বাল্বের আলোর সমান সাত হাজার ওয়াট শক্তিশালী আলো। আকাশ পরিষ্কার থাকলে পঁচিশ মাইল দূর থেকে এই জোড়া আলোর স্তম্ভ দেখতে পাওয়া যেত। ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের কাছ থেকে এক সন্ধ্যায় এই আলোকস্তম্ভ দেখতে পেয়েছিলাম। তখন জানতাম না, ওটাই ট্রিবিউট ইন লাইট।

বারো বছর পর অনুজপ্রতিম কামাল হোসেন মিঠু আমাকে নিয়ে যায় গ্রাউন্ড জিরো মেমোরিয়ালের সেই স্মারকবিন্দুতে। কামাল একসময় কাজ করত নিউইয়র্ক পুলিশ বিভাগে, কিন্তু পুলিশি চাকরির নানান হ্যাপার কারণে চাকরি বদল করে ভিন্ন পেশায় চলে এসেছে। ম্যানহাটনের এই জায়গাটিতে পার্কিং পাওয়ার চেয়ে আকাশের চাঁদ হাতে পাওয়া সহজ। কামাল ফ্রিডম টাওয়ারের কাছাকাছি চরম আরাধ্য একটা পার্কিং পেয়ে বলে, এটা নাকি আমার ভাগ্যগুণে পাওয়া গেছে। যার ভাগ্যগুণেই পাওয়া যাক, গাড়ি রাখার একটা জায়গা পাওয়া গেছে, সেটাই যথেষ্ট।

ফ্রিডম টাওয়ার তৈরি হয়েছে টুইন টাওয়ারের বিকল্প ভবন হিসেবে। এটির প্রাতিষ্ঠানিক নাম ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। তৈরি হওয়ার সময় ৯৪ তলা এই টাওয়ার ছিল পশ্চিম গোলার্ধের সবচেয়ে উঁচু এবং বিশ্বের ষষ্ঠ উচ্চতম ভবন। যে হারে দেশে দেশে উঁচু ভবন তৈরি হচ্ছে, এখনো এই তকমা বজায় রয়েছে কি না, কে জানে? এটির পাশে ধ্বংস করা টুইন টাওয়ারের জায়গায় (গ্রাউন্ড জিরো) তৈরি হয়েছে প্রতিটি এক একর করে দুটো চতুষ্কোণ গহ্বর, সেগুলোর মেঝেতে আবার একটা করে চৌবাচ্চা। দুই গহ্বরের চারপাশে প্রায় চার ফুট উঁচু জোড়া সীমানা–দেয়ালের মধ্যে পানি, সেই পানি উপচে সশব্দে গড়িয়ে পড়ছে ভেতরের দিকে। সেই গড়িয়ে পড়া পানি যেন প্রশমিত করার চেষ্টা করছে প্রচণ্ড উত্তাপে গলে যাওয়া ভবনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া মানুষের স্বজনদের দহনজ্বালা।

টুইন টাওয়ারে নিহত বাংলাদেশি শাকিলা ইয়াসমিনের স্মারক
টুইন টাওয়ারে নিহত বাংলাদেশি শাকিলা ইয়াসমিনের স্মারক

সীমানা–দেয়ালের ওপর চওড়া কালো ব্রোঞ্জের প্যারাপেটের ওপর টুইন টাওয়ারে নিহত ২৯৮৩ জন মানুষের নাম খোদাই করা। কোনো কোনো নামের ওপর স্বজনেরা রেখে গেছে ফুল। তাদের মধ্যে ‘নুরুল এইচ মিয়া’ ও ‘শাকিলা ইয়াসমিন’ নামের দুজন বাংলাদেশির নাম পাওয়া যায়। সিলেটের মৌলভীবাজারের অধিবাসী এই দম্পতির দুজনেরই কর্মস্থল ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। শাকিলা ইয়াসমিন কাজ করতেন একটি টাওয়ারের ৯১তম তলায়, আর নুরুল হক মিয়া ছিলেন ৯৬তম তলার অফিসে। ডিএনএ পরীক্ষায় নুরুল হকের দেহাবশেষের অংশবিশেষ শনাক্ত করা গিয়েছিল ঘটনার দেড় বছর পর। শাকিলার মা–বাবা নিস্ফল প্রতীক্ষায় বসে ছিলেন যে তাঁদের মেয়ে হয়তো মারা যায়নি। সেই প্রতীক্ষার অবসান ঘটে দীর্ঘ পাঁচ বছর পর, যখন ডিএনএ পরীক্ষায় মিলে যায় শাকিলার শরীরের হাড়ের একটা টুকরো। টুইন টাওয়ার ধ্বংসের পেছনের কুশীলবদের বিচারের রায় দেওয়ার সময় নিহতদের আত্মীয়স্বজনকে আদালতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে অভিযুক্তদের তাঁদের সামনে হাজির করা যায়। সেই আমন্ত্রণে শাকিলার বাবাও আদালতে উপস্থিত হয়ে ঘটনার হোতাদের চেহারা দেখতে পেয়েছিলেন।

আমরা কোনো ফুল নিয়ে যাইনি, দুই বাংলাদেশির খোদিত নাম খুঁজে পাব—এমন ধারণাও ছিল না, কেবল উপচে পড়া জলের গর্জনে নিমজ্জিত হয়ে কল্পনা করার চেষ্টা করি, তিন হাজারের মতো নরনারীর কী অবর্ণনীয় যন্ত্রণার মৃত্যু হয়েছে, শত বছর ধরে এই জলের ধারায় ধুইয়ে দিলেও কি সেই যন্ত্রণার উপশম হবে?

মার্কেস এবং গরম ভাতের আকুতি

মার্কেসের মতো চেহারার গাড়িচালক
মার্কেসের মতো চেহারার গাড়িচালক

নিউইয়র্ক ছাড়ার পর থেকে লাস ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন, ব্রাইস ক্যানিয়ন ঘুরে দীর্ঘ যাত্রা শেষে পৌঁছাই কুইনসে সৈয়দ শহীদের ডেরায়। শহীদ তখনো নিউইয়র্ক ফেরেনি, কিন্তু লাস ভেগাসের হোটেলের ঠিকানায় আমার কাছে ওর বাসার চাবি পাঠিয়ে দিয়েছিল। এমজিএম গ্র্যান্ডে ডেভিড কপারফিল্ডের জাদু প্রদর্শনী দেখে লাস ভেগাস থেকে যাত্রা শুরু করেছিলাম ১০ তারিখ রাতের বেলায়, নিউইয়র্ক পৌঁছাতে ১১ তারিখ বিকেল হয়ে যায়। দীর্ঘ বিমানযাত্রার ধকল শেষে লা গর্ডিয়া এয়ারপোর্টে যখন নামি, তখন শরীর পুরোপুরি বিধ্বস্ত। ট্রানজিটে সামান্য কিছু খাওয়া হয়েছিল বটে, কিন্তু এই দীর্ঘ যাত্রাকালের তুলনায় তার পরিমাণ ছিল অতি নগণ্য। ট্যাক্সিতে বসে চালককে কুইনসের কলেজ পয়েন্টে শহীদের বাসার ঠিকানা বাতলে দিয়ে সামনের দিকে তাকাতেই চমকে উঠি। পেছন থেকে গাড়িচালকের মুখের আদল অবিকল গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেসের মতো। সেই ভারি ভ্রু, সাদা গোঁফ, হিস্পানিক গাত্রবর্ণ। তাঁর চেহারা দেখে আমার ভেতর হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড, লাভ ইন দ্য টাইম অব কলেরা আর ক্রনিকল অব আ ডেথ ফোরটোল্ড পাঠের স্মৃতি প্রবল হয়ে ওঠে। কলেজ পয়েন্টে পৌঁছে ভাড়া দেওয়ার সময় জিজ্ঞেস করি, তাঁর দেশ কলাম্বিয়া কি না। বক্সিং রিংয়ে প্রবল পরাক্রান্ত যোদ্ধার কায়দায় আমাকে ধরাশায়ী করে দিয়ে চালক জানান, তিনি তুরস্কের মানুষ। হতাশায় খাবি খেয়ে তাঁকে জানাই, তাঁর চেহারা অবিকল নোবেলজয়ী এক কলম্বিয়ান লেখকের মতো। তিনি ‘হা হা’ করে হেসে বলেন, ‘আই উইশ আই কুড বি আ রাইটার।’ কেবল প্রিয় লেখকের প্রতিরূপ বলেই হয়তো তাঁকে দরাজ হাতে ট্যাক্সি ভাড়ার অতিরিক্ত বকশিশ দিতে আমার একটুও বাধে না।


শহীদের শূন্য ঘরে স্নান সারার পর প্রবল খিদে আমাকে প্রায় পাগল করে ফেলে। তখন মনে পড়ে, গত দশ দিন এক বেলাও ভাত খাওয়া হয়নি। আচমকা সেই খালি ঘরে কোথা থেকে যেন গরম ফেনমাখা ভাতের সৌরভ আমার নাকে এসে ঢোকে। শহীদের শূন্য ঘরে ভূতের উপদ্রব আছে কি না, বুঝতে পারি না। সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় যখন অন্ধকার নেমে আসার আগে মরিয়া হয়ে পাখিরা গাছের ডালে আশ্রয় নিতে আকুলিবিকুলি করে, তখন একাকী নির্জন ঘরে মনটা দুর্বল হয়ে পড়ে। ঠিক এই সময় একাকী ঘরে গরম ভাতের ঘ্রাণ আর বলক দেওয়ার আবছা শব্দ কানে এলে এক অশরীরী ভয় কাবু করে ফেলে আমাকে। দ্রুত হাতে ঘরের সব বাতি জ্বালিয়ে দিই। সিডি প্লেয়ারে গান চালিয়ে দিলে বলকানোর শব্দটা চাপা পড়ে যায় সুবিনয় রায়ের মিষ্টি গলার নিচে, কিন্তু ফেনা ভাতের ঘ্রাণ আমার সঙ্গ ছাড়ে না। ভাবি, ঘরে চাল আছে, ফুটিয়ে নিলেই হয়, কিন্তু অলীক ভয় আর অবসন্ন ক্ষুধার্ত শরীরের কারণে সাহস মেলে না। অগত্যা ঘরে তালা লাগিয়ে হুড়মুড় করে নেমে আসি রাস্তায়। পাড়ায় দু–একটা চিনা খাবারের দোকান আছে, সেগুলোর একটিতে ঢুকে মেনু বইয়ে ছবি দেওয়া স্টিকি রাইস আর সবজির ফরমায়েশ দিয়ে কিছুটা ধাতস্ত ও আশ্বস্ত হই। অধীর অপেক্ষার পর ধূমায়িত আঠালো ভাত আর সাদামাটা সবজি যখন পরিবশন করা হয়, সত্যিই তার ঘ্রাণ ও স্বাদের মিল পাই কিছুক্ষণ আগে শহীদের ঘরে পাওয়া সুবাসের সঙ্গে। ঘ্রাণানুভূতির এই সমিল অভিজ্ঞতা কি কেবলই কাকতালীয় ছিল, নাকি অবচেতনে থাকা মাটি ও নাড়ির টান, আজ অবধি বুঝে উঠতে পারিনি। কিছুক্ষণ আগে মার্কেসের চেহারার লোকটির কথা মনে পড়ে। ভাবি, মার্কেস যেমন কখনোই তাঁর জন্মস্থান আরাকাটাকার প্রভাবমুক্ত হতে পারেননি, ভুলতে পারেননি এর উষ্ণ আর্দ্র আবহাওয়া আর পরিবেশকে, তেমনি আমরা যতই খাদ্যাভ্যাস পরিবর্তনের চেষ্টা করি না কেন, আমাদের কাছে ধূমায়িত গরম ভাতের মতো স্বাদু আর কিছুই নেই।