মানুষের চেতনাকে সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভবে অবগাহনের অবকাশ তৈরি করে দেয় শিল্পকলা। আবির্ভাবের ঊষাকালেই শিল্প তার ভূমিকায় নিমগ্ন থেকেছে। শিল্পকর্মের সঙ্গে জনজীবনের ধারাকে যুক্ত করার প্রচেষ্টা আর শিল্পীর সঙ্গে শিল্প-দর্শকের সংলগ্নতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সভ্যতার গতিশীল ধারায়। শিল্পকর্মের উৎকর্ষ নিছক সৌন্দর্য সৃষ্টি, নাকি জীবন আর সমাজের মূল্যবোধকে বলিষ্ঠ করে তোলা—এ প্রশ্নের সম্মুখীন হতে হয় শিল্পীদের প্রতিনিয়ত। শিল্পী রনজিৎ দাশ শিল্প সম্পর্কে একটি সামগ্রিক ধারণা সুস্পষ্ট করেন তাঁর শিল্পকর্মে। নিষ্প্রভ মানুষকে সমাজবিধৃত আর মানবিকতার ইতিহাসে যুক্ত করে বৈচিত্র্যে প্রগাঢ়তা তৈরি করেন এই শিল্পী তাঁর ক্যানভাসের দ্বিমাত্রিক পরিসরে। মৃত্তিকার স্বাদ-গন্ধ-রূপ-রস আস্বাদন করে অভিজ্ঞতা আর শিল্প-দৃষ্টিকে সমৃদ্ধ করেছেন তিনি। শিল্পী রনজিৎ দাশ এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। যুদ্ধোত্তর বাংলাদেশের শিল্পভাষা নির্মাণের ক্ষেত্রে স্বকীয়তার উন্মেষ সহজেই ধরা দেয় তাঁর তুলির আঁচড়ে। সময় আর আবেগের সপ্রতিভ ছাপ রয়েছে শিল্পী রনজিতের ক্যানভাসে। শিল্পী হিসেবে যে দায়িত্ব ছিল, যুদ্ধের সময় তা অপরিপক্ব হাতের কারণেই স্বতঃস্ফূর্তভাবে ধরা দেয়নি তাঁর কাজে। ছবি আঁকার মাধ্যমে তাই আর প্রতিবাদ করা হয়ে ওঠেনি হানাদার বাহিনীর বর্বরতার। ‘১৯৭০ সালে চারুকলায় ভর্তি হই, ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর। তবে দীর্ঘ নয় মাসের যুদ্ধ অনেকটাই আগ্রহ কমিয়ে দেয়, স্থবিরতা চলে আসে ছবি আঁকার প্রতি। এই সময়টাতে মগ্ন হয়েছিলাম গানের দিকে।’ অসহায়ত্ব স্পষ্ট হয়ে ধরা দেয় শিল্পীর বর্ণনায়। তবে পরবর্তী সময়ে তিনি মানুষ-প্রকৃতি-একাকিত্বকে বন্দী করেছেন চিত্রপটে। ক্যানভাসে তিনি রেখা, রং আর ফর্মের ডিসটোরশন করে আলাদা মাত্রা তৈরি করেন। অবয়বধর্মিতা প্রধান বৈশিষ্ট্য হিসেবে দৃশ্যমান হয় শিল্পী রনজিতের ক্যানভাসে। শূন্যতা আর একাকিত্ব ফ্রেমে আবদ্ধ হয় বারবার।হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের উঁচু পাঁচিলঘেরা বাড়িতে শিল্পী রনজিৎ দাশের স্টুডিও। বসার ঘরের একপাশে ছবি আঁকার আয়োজন; ইজেল-ক্যানভাস, রং, প্যালেট, ব্রাশে পরিপূর্ণ। দেয়ালজুড়ে শিল্পী রনজিতের অসংখ্য পেইন্টিং। শিল্পীর সহজ চালচলন আর অমায়িক ব্যবহারের এক বিপরীত গল্প বলছে তাঁর দেয়ালে ঝুলে থাকা সৃষ্টিছাড়া সৃষ্টিকর্মের দল। সব অনাচারের বিরুদ্ধে রক্ত হিম করা চিৎকার ফুটে আছে বিশালাকৃতির এক ক্যানভাসে। নানা ভঙ্গি ও বয়সের মানুষেরা মোটেও তাঁর মতো মিতবাক নয়। শিল্পীরা সম্ভবত এমনই হয়, তাঁর সমস্ত ক্রোধ-ক্ষোভ-যন্ত্রণাকে ক্যানভাসে উজাড় করে দিয়ে নিজেকে নিস্পৃহতায় আড়াল করে রাখেন। তাঁর শিল্পকর্মে কম্পোজিশনে বিবিধ উপকরণ, উজ্জ্বল রঙের ব্যবহার, অচেনাপ্রায় বলিষ্ঠ রেখা গীতি ও গতিময় করে তোলে চিত্রতলকে। জীবনের রুক্ষতা, নিঃসঙ্গ মানুষের অভিব্যক্তি, প্রকৃতির বিশুদ্ধ স্পন্দন, অস্তিত্বের সংকট নিবিড় মগ্নতায় শিল্পী রনজিৎ এঁকে চলেছেন দীর্ঘ সময় ধরে। শিল্পী রনজিৎ দাশ বলেন, ছবি আঁকার আগ্রহ সবার মতোই ছোটবেলা থেকেই; ঘরের দেয়াল-মাটি প্রথম ক্যানভাস ছিল শৈশবে। কোনোভাবেই ধরাবাঁধা লেখাপড়া ভালো লাগেনি তাঁর। ‘ছোটবেলায় আমরা থাকতাম পুরান ঢাকায়। শাঁখারীবাজারে কারুকলা শিল্পীদের সংস্পর্শে আমার বেড়ে ওঠা আর মামার বাড়ির পাশে ছিল কুমারপাড়া। ছুটিতে গেলেই মৃৎশিল্পীদের সঙ্গে নানা কিছু বানানো শিখে গিয়েছিলাম। অবচেতনে শৈল্পিক মন তৈরি হয়ে গিয়েছিল হয়তো সে সময়ই। সংস্কৃতমনা পরিবারে বড় হলেও প্রধান উৎসাহদাত্রী ছিলেন মা।’শিল্পী রনজিৎ দাশের সাদাসিধে জীবনযাত্রা শিল্পোপলব্ধিতে বিবৃত হয়েছে বিভিন্ন মাত্রায়। আর জটিল বাস্তব অন্তর্লীন রূপায়ণ শিল্পের উৎসারণে গভীরতার নির্মিতি দেয়। কখনো বাস্তবতা, কখনো বিমূর্তায়নের দোলাচলে শিল্পী রনজিতের কম্পোজিশনে বসবাস করে শিল্পিত উপলব্ধির অমোঘ অনিশ্চয়তা।শিল্পী রনজিৎ দাশ: জন্ম ১৯৫৬ সালে, টাঙ্গাইল জেলায়। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিএফএ সমাপ্ত করেন; ভারতের এমএস বরোদা থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন ১৯৮১ সালে। বহু দিন তিনি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করেন। এশীয় দ্বিবার্ষিক গ্র্যান্ড পুরস্কারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি একক ও যৌথ অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।