চেতনার যৌথ পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি টোয়েন্টি ওয়ান নতুন করে এ বছরে আবারও যাত্রা শুরু করল দেশের সমসাময়িক খ্যাতিমান ৫১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে। নতুন প্রজন্মের কাছে গ্যালারি টোয়েন্টি ওয়ানের নাম নতুন। কিন্তু প্রথম যখন ১৯৯৭ সালে এর যাত্রা শুরু হয়, তখন বেশ হইচই ফেলে দিয়েছিল। প্রথিতযশা সব শিল্পী তাঁদের মূল্যবান শিল্পকর্ম প্রদর্শনীতে দিয়ে স্বাগত জানালেন গ্যালারির এই নবযাত্রাকে। গ্যালারি চালনা করেন শামীম সুবরানা। যিনি নিজেও ছবি আঁকার জগতেরই মানুষ। স্বাধীনতার ৪২ বছরে বাংলাদেশের স্বরূপ উদ্ঘাটনের সহজতম উপায় হতে পারে একটি দলবদ্ধ বা গ্রুপ প্রদর্শনীকে বিশ্লেষণ করার প্রচেষ্টা। নানা প্রজন্মের একীভূত করার চিন্তায় যে বৈচিত্র্য ও সমন্বয় সৃষ্টি করে, তা প্রথমত লক্ষণীয় বিষয়। ‘আর্ট এক্সিবিশন ২০১৩’ শিরোনামের এই প্রদর্শনীতে হাশেম খান, রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীর, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল্লাহ খালিদ, হামিদুজ্জামান খান, শহীদ কবির, নিসার হোসেন, ওয়াকিলুর রহমান—কে নেই! প্রত্যেকের শিল্পকর্ম যে কতগুলো দৃশ্যোপাদানের আয়োজন করেছে, তা শিল্পীর নিজস্ব ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করেছে। হাশেম খান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ছোটগল্পের আঙ্গিকে এঁকেছেন ‘সুভার ভাষা’। আধা বাস্তবধর্মিতা, আধা বিমূর্ততা ছবির মূল চিত্রপটের পেছনের তলে কিছু শব্দ-বাক্য লেপন ভাষাহীন সুভার অনুচ্চারিত আনন্দ-বেদনার ভাষা। রফিকুন নবীর মুনশিয়ানায় নির্মিত ছবি ‘অ্যা সিটি ভ্যালি’। রফিকুন নবী ও হাশেম খানের ছবি নির্মাণশৈলীর সাদৃশ্যপনা সংযুক্তি হয় দুজনের বই ইলাস্ট্রেশন গুণের নিমিত্তে। কিন্তু রফিকুন নবীর আরেকটু বেশি নিরীক্ষপ্রবণতা তাঁকে শৈল্পিক স্বাতন্ত্র্য প্রদান করেছে। শাহাবুদ্দিন আহমেদ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাঁধা পড়েছেন দুটো সংখ্যায়, যার নাম ’৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্তর্গত অসীম শক্তি তাঁর মতো সাফল্যের সঙ্গে কি কেউ ডকুমেন্টেশন করেছেন? বাংলার মানুষ এবং তীব্র গতিময় সময়, জীবন ও অন্তর্গত সাহসই শিল্পী শাহাবুদ্দিনের ছবির বিষয়। যৌথ প্রদর্শনী যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্পীদের নিজেদের জন্য, শিল্প সমালোচকদের জন্য, শিল্পের মার্কেটিংয়ের জন্য, সর্বোপরি সাধারণ দর্শকের জন্য। কারণ, তৈরি হওয়া বহুমাত্রিকতা উল্লম্ফন দেয় নবতর বিকাশের দিকে। চারুশিল্পের বিকাশের প্রক্রিয়া একভাবে জ্ঞান বিকাশ-প্রক্রিয়ার সমান্তরাল হাতিয়ার স্বরূপ। প্রদর্শনীতে রোকেয়া সুলতানা, আইভি জামান, ফারেহা জেবা, কুহু, ফেরদৌসী প্রিয়ভাষিণী, নাসরীন বেগম, তৈয়বা বেগম লিপি প্রমুখ নারী শিল্পীর শিল্পকর্ম বিশ্লেষণ নব্য পুঁজির হাওয়া লাগা বাংলাদেশে নারীদের মুক্তবুদ্ধিজীবিকা ও শৃঙ্খলিত চেতনার দ্বান্দ্বিক চরিত্রের প্রকাশ ঘটিয়েছে। দেখা যায়, পুরুষ শিল্পীরাও নারীদের ছবি আঁকেন, নারী শিল্পীরাও নারীদের ছবিই আঁকেন। কিন্তু অন্তরালের সৃষ্ট বাস্তবতা কখনো খুব জটিল, কখনোবা সহজে আরোপিত রোমান্টিসিজম ও ফ্যান্টাসির জগৎ মেলে ধরা। শুধু চিত্রকর্ম ও অল্প কিছু ভাস্কর্য নিয়ে ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলমান প্রদর্শনীর শিল্পকর্মগুলোর পরিকল্পিতভাবে সজ্জা ও উপস্থাপন জরুরি ছিল। যদিও অনেক ধরনের কাজের বৈচিত্র্য ও এর ফলে সৃষ্ট স্থানের অভাব উনিশ শতকের গোড়ায় ইতিহাসের প্রথম গ্রুপ এক্সিবিশন ফ্রান্সের প্যারিসে হওয়া ‘সালুন শো’-এর কাছাকাছি আঙ্গিক তৈরি করেছে। শিল্প যেমন সমাজের শুভচেতনা নির্মাণের হাতিয়ার, তেমনি একটি গ্যালারির দায়িত্বপূর্ণ কর্মকাণ্ডেই তার প্রথম ও প্রধানতম লক্ষ্য হিসেবে সবার কাম্য। প্রদর্শনটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন মোহাম্মদ ইউনুস, রশিদ আমিন, মাহমুদুল হক, মোহাম্মদ ইকবাল, কনকচাঁপা চাকমা, খালিদ মিঠু, আব্দুস শাকুর শাহ, সমরজিৎ রায়চৌধুরী, নাজিয়া আন্দালিব, মনসুরুল করিম, আনিসুজ্জামান, জামাল আহমেদ প্রমুখ।