চেতনায় শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসরীন বেগমের কাছে ছবি আঁকা মানে সাধনা। এবং ছবি আঁকা নির্ভর করে সম্পূর্ণ তাঁর নিজের ইচ্ছার ওপর। এখানে কোনো পেশাগত চাপ বা বাহ্যিক বিষয় তাঁকে বাধ্য করতে পারে না। তিনি সিরিজ ওয়ার্ক কম করেন। ছবি আঁকার সময় বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন। সব মনোযোগ থাকে ছবি নিয়ে। এ ছবির জন্য সবকিছুই ছাড়তে পারেন তিনি। এ তাঁর সোজাসাপটা স্বীকারোক্তি। আর তাই ছবিগুলো হয়ে উঠেছে তাঁর অবচেতন মনের আলেখ্য। জীবনের সব প্রতিকূলতা, নির্মম অভিজ্ঞতা রূপান্তরিত হয়েছে তাঁর শক্তিতে। এই শক্তির বলে ক্যানভাসে তুলে ধরেন ক্যাকটাস মাথায় রমণী [ক্যাকটাস বাধা হিসেবে বিবেচিত], দরজা সিরিজ [বহু বাধা অতিক্রম করে যে দরজার কাছে পৌঁছাতে হয়। তার পরও কখনো তা থাকে বন্ধ আবার ভাগ্য সুপ্রসন্ন থাকলে হয়তো সেই দরজায় পৌঁছানো যায়]।শিল্পীর ব্যক্তিগত জীবনের সংঘাতময় পরিস্থিতি তাঁর অবচেতনে যে স্থায়ী ছাপ ফেলে, তাই প্রতিফলিত হয় তাঁর চিত্রে। তার পরও তাঁর চিত্রের ভাষা আশ্চর্য রকম শান্ত, কোনো উগ্রতা বা কারও বিরুদ্ধে প্রচণ্ড কোনো আক্রোশ প্রকাশ করে না। যেন নিজের সঙ্গে নিজের বোঝাপড়া আর নিজেকে জানার আপ্রাণ চেষ্টাই ফুটে ওঠে তাঁর শিল্পকর্মে। নিজেকে জানা, বোঝা, খোঁজার এই সাধনা তাঁর শুধু ছবি আঁকাতেই সীমাবদ্ধ নয়। ইতিহাস, ধর্ম, দর্শনেও তাঁর প্রবল আগ্রহ। তাই ভারতবর্ষের ইতিহাস বিশেষ করে মোগল সময়কাল ও মুসলিম চিত্রকলা তাঁর নখদর্পণে। ধর্মীয় বাণীতে খুঁজে পান নিজের অস্তিত্ব, তাঁর না পাওয়া প্রশ্নোত্তরের সমাধান। নিজ দেশ ও ঐতিহ্যের প্রতি অসীম টান অনুভব করেন। তাই তাঁর চিত্র ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নতুন মাত্রা পায়। আধুনিক চিন্তাধারাকে বিষয় হিসেবে নির্বাচন করে প্রাচ্যদেশীয় ওয়াশে তুলে ধরেন ক্যানভাসে। প্রথমদিকে ঢাকা চারুকলার ট্র্যাডিশনাল বিষয় নিয়ে কাজ করলেও নব্বইয়ের দশক থেকে তা থেকে বেরিয়ে এসে নিজস্ব স্টাইলে কাজ করার চেষ্টা করেন। ভারতের মহারাজা সায়াজি রাও বিশ্ববিদ্যালয়ে পড়েন ছাপচিত্রের ওপর। পরে প্রাচ্যদেশীয় ধারায় কাজ করলেও ছাপচিত্রের এচিংয়ের টেক্সচারের প্রভাব পড়ে তাঁর ছবিতে। ক্যানভাসে সাদা স্পেস রেখে কাজ করে পেইন্টিংয়ে নিয়ে এলেন নতুন মাত্রা। বেঙ্গল স্কুল বিশেষ করে আবদুর রেহমান চুঘতাইরের ছবি তাঁর কাজের প্রধান অনুপ্রেরণা। সম্প্রতি নাসরীন বেগম পিঁপড়াকাহিনি নামের সিরিজ ওয়ার্ক করছেন। পিঁপড়াকাহিনির একটি ছবিতে দেখা যায়, একটি পিঁপড়া তার চেয়ে অনেক গুণ বড় একটি পাথর ঘাড়ে নিয়ে পাহাড় ডিঙাচ্ছে। চারদিকে প্রখর রৌদ্রতাপ, পাহাড়ের গায়ে গনগনে আগুনের কয়লা। আগুনের তাপে পিঁপড়াটি লাল বর্ণ ধারণ করেছে। শিল্পী ১০ বছর আগে এ গল্পটি শুনেছিলেন তাঁর এক বন্ধুর কাছে। ছবির অনুপ্রেরণা এসেছে সেখান থেকে। ছবিটিকে শিল্পী তুলনা করেছেন মানবজীবনের সঙ্গে, যেখানে আমাদের প্রতিটি মানুষকেই এই পিঁপড়ার মতো নিজেদের চেয়ে বিশাল বড় মানসিক বা কষ্টের বোঝা বহন করে চলতে হচ্ছে। পিঁপড়াকাহিনির আরেকটি ছবি এঁকেছেন সামাজিক অসংগতিগুলোকে অনুষঙ্গ করে। হলুদ ক্যানভাসে গোলাকার অবয়বের অর্ধেকজুড়ে আছে তরমুজের ফালি এবং বাকি অর্ধেকজুড়ে মৃত মানব অবয়ব। ব্যাকগ্রাউন্ডে অসহায় কতগুলো হাত। আর গোলাকৃতি অবয়বের চারপাশে জড়ো হয়েছে কতকগুলো পিঁপড়া। যেন তারা মৃত মানুষের গন্ধ পেয়ে হাজির হয়েছে। ঝরেপড়া কতকগুলো পাতা যেন এই অসহায় মুহূর্তটিকে সান্ত্বনা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের শিল্প সম্পর্কে শিল্পী আশাবাদী। তিনি মনে করেন, প্রতি চার প্রজন্ম পরপর একটা ভালো সময় আসে, যখন শিল্পসাহিত্য সৃজনশীল কাজে গতিময়তা বৃদ্ধি পায়। বাংলাদেশে শিল্পকলায় তিন প্রজন্মের অবদান আছে। প্রথম প্রজন্ম কাজ করেছে রং, ইমেজ এবং ফর্ম নিয়ে, পরের প্রজন্মের কাজ হলো বাস্তব ও অবাস্তব দৃশ্যপট এবং স্বপ্নের সংবেদনশীল অনুভূতি নিয়ে। বর্তমান প্রজন্ম কাজ করে এখনকার সময়ের বাস্তবতার চরমতম অভিজ্ঞতার ডিটেইল নিয়ে। বাস্তবতার যন্ত্রণা, কষ্ট, হতাশা যেখানে শিল্পীর সাবজেক্টের ওপর প্রভাব ফেলে তাঁর ব্যক্তিগত মানসিক অবস্থা।নাসরীন বেগম প্রকৃতিবাদী শিল্পী। তিনি বিশ্বাস করেন প্রকৃতিতে যা আছে, তা সবই আমাদের জীবনে আছে। প্রকৃতির বর্ণিল পরিবেশে উজ্জ্বলতা শিল্পীকে উজ্জীবিত করে। তাই রংতুলির ছোঁয়ায় ক্যানভাসে তুলে ধরেন উজ্জ্বল প্রকৃতির বৈভব, যা প্রকাশ করে মানব মনের অন্তরাত্মাকে। নাসরীন বেগমের জন্ম ১৯৫৬ সালে চুয়াডাঙ্গায়। বড় হয়েছেন ঢাকায়। ঢাকা চারুকলা থেকে প্রাচ্যকলার বিএফএ ডিগ্রি লাভ করে বৃত্তি নিয়ে পড়তে যান ভারতে। সেখানে বরোদায় মহারাজা সায়াজি রাও বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্রের ওপর এমএফএ ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশে বহু জায়গায় একক এবং যৌথ প্রদর্শনীতে অংশ নেন। লাভ করেন গ্র্যান্ড জয়নুল মেমোরিয়াল অ্যাওয়ার্ড (গোল্ড মেডেল), এক্সপেরিমেন্টাল ওরিয়েন্টাল পেইন্টিংয়ে বেস্ট অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার। বর্তমানে তিনি ঢাকা চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগে অ্যাসোসিয়েট অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।