চের ছবির বিশ্বভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভালো করে খেয়াল করলে চোখজোড়ায় খুঁজে পাওয়া যাবে ক্রোধ আর বেদনার মিশ্র অভিব্যক্তি। মাথায় একটু তেরছাভাবে পরা এক তারকাবিশিষ্ট সেই বিখ্যাত গেরিলা টুপি, কাঁধ বেয়ে নেমে আসা অবিন্যস্ত-অবাধ্য চুলগুলোকে আটকে রাখার চেষ্টাই যেন করছে টুপিটা।১৯৬০ সালের মার্চে আলোকচিত্রী আলবার্তো ডিয়াজ করদা তাঁর লেইকা ক্যামেরায় এভাবেই ফ্রেমবন্দী করেছিলেন চে গুয়েভারাকে। তারুণ্যে মোটরসাইকেলে চেপে চে গুয়েভারা দক্ষিণ আমেরিকায় ভ্রমণে বেরিয়েছিলেন, যৌবনে বিপ্লবী ভ্রমণ যাঁর অব্যাহত ছিল কিউবা থেকে বলিভিয়ায়, সেই চে গুয়েভারা করদার তোলা ছবিটা দিয়ে এখনো করছেন বিশ্বভ্রমণ।বলা হয়, পৃথিবীর সবচেয়ে বেশিবার মুদ্রিত ছবি এটাই। ম্যারিল্যান্ড ইনস্টিটিউট কলেজ অব আর্ট যে ছবিটাকে বলেছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছবি এবং ২০ শতকের প্রতীক। এই ছবিটার ওপর ভিত্তি করে চেভ্যুলেশন শিরোনামে প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন ত্রিশা জিফ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিশা বলেছিলেন, ‘চে এখন একটা ব্র্যান্ড, আর ছবিটা এই ব্র্যান্ডের লোগো। যে ব্র্যান্ড পরিবর্তনের প্রতিনিধি, বিপ্লবী ধ্যানধারণার আইকন। সেই ধারণা যেকোনো পর্যায়েরই হতে পারে। সেটা হতে পারে যুদ্ধবিরোধী শান্তিকামী আন্দোলন, সবুজায়ন কিংবা বিশ্বায়নবিরোধীও।’আর তাই তো চে গুয়েভারার এই ছবি কিউবা থেকে ফ্রান্স, ইতালি হয়ে পুরো ইউরোপ; এরপর এশিয়া-আফ্রিকা, আমেরিকা...পৃথিবীর সব মহাদেশ, সব দেশ, সব অলিগলিতে পৌঁছে গেছে। দশকের পর দশক ধরে এই ছবি তারুণ্যের প্রতীক হয়ে উঠেছে, জুগিয়েছে বিপ্লবের, দ্রোহের কানমন্ত্র। এই ছবি মুদ্রিত হয়েছে পোস্টারে, বইয়ের প্রচ্ছদে, কফির মগে, চাবির রিংয়ে, দেয়ালের মোজাইকে, টি-শার্টে, ব্যাগে, টুপিতে...ডিয়েগো ম্যারাডোনার বাহুতে আঁকা উল্কিতেও!ভ্রমণপিপাসু চের মতোই এই ছবিও ভ্রমণ করছে পৃথিবীর চাকচিক্যময় সরণি থেকে ধূলিধূসর গলিতে। চে-জীবনের গল্পের মতো ছবিটাও জন্ম দিয়েছে প্রায় একই রকম কিংবদন্তির!চে নিহত হওয়ার সাত বছর আগে তোলা হয়েছিল ছবিটা। দিনটা ১৯৬০ সালের ৫ মার্চ। ৩১ বছর বয়সী বিষণ্ন এবং ক্রুদ্ধ চে সেদিন অংশ নিয়েছিলেন আগের দিন কিউবার বন্দরে একটা ফরাসি জাহাজ বিস্ফোরণে নিহত প্রায় ১০০ কিউবানের অন্তিম সৎকারে। কিউবার অভিযোগ, যুক্তরাষ্ট্রই এই জাহাজ বিস্ফোরণের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রই হত্যা করেছে এই ১০০ কিউবানকে।পুরো কিউবা হতাশার গাঢ় চাদরে আচ্ছন্ন। সেই হতাশাকে ক্ষোভে রূপান্তরিত করেন ফিদেল কাস্ত্রো। এদিনই সেই বিখ্যাত স্লোগান ‘মাতৃভূমি অথবা মৃত্যু’র জন্ম দিয়েছিলেন তিনি। চে তখন নবগঠিত সরকারের শিল্পমন্ত্রী আর করদা কাজ করেন কাস্ত্রোর নিজস্ব আলোকচিত্রী হিসেবে।বেলা ১১টা ২০। ক্ষণিকের তরে করদার লেইকা এম-টু ক্যামেরার ৯০ মিলিমিটার লেন্সের আওতায় চলে এলেন চে। ঝটঝট ফোকাস করে পরপর দুবার শাটার চাপলেন করদা। একটা ভার্টিকাল, অন্যটা হরাইজন্টাল। কোডাক প্লাস-এক্স প্যান ফিল্মের দুটো ফ্রেমে বন্দী হলেন চে। জন্ম নিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছবি, যে ছবি তোলার ব্যাখ্যাটা দিতে গিয়ে করদা অকপটে স্বীকার করেছেন, ‘আমার ফটোগ্রাফি জ্ঞান বা কৌশলের ফসল নয়, এই ছবি ছিল স্রেফ ঘটনাক্রমে সৌভাগ্যক্রমে পেয়ে যাওয়া।’ছবিটা বিখ্যাত হয়েছে শুধু চের ছবি বলেই নয়, চের বিষণ্ন-বিদ্রোহী অভিব্যক্তির কারণেই। এতটা জোরালো, এতটাই স্পষ্ট অভিব্যক্তি ছিল, যেন বেদনায় ভারাক্রান্ত চে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বেন প্রতিশোধ নিতে! এই ছবি তাই হতাশার অন্ধকারে ডুবে থাকা মানুষের জন্য আশার বাতিঘরও।এই ছবিটা কিন্তু তখন পত্রিকায় প্রকাশিত হয়নি। পরদিন ছাপা হওয়া ছবিগুলোর মধ্যে এটা ছিলই না। করদা ছবিটা প্রিন্ট করে টাঙিয়ে রেখেছিলেন নিজের বাড়ির দেয়ালে। ছবিটা আসলে বিখ্যাত হয়ে ওঠে চে বলিভিয়ায় নিহত হওয়ার পর। চের মৃত্যু দিয়েই জন্ম নেয় নতুন কিংবদন্তি।