চের মোটরসাইকেল-সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মার্চ জীবনাবসান ঘটে আলবার্তো গ্রানাদোর। তিনি ছিলেন চে গুয়েভারার বন্ধু ও মোটরসাইকেলে লাতিন আমেরিকা ভ্রমণের সঙ্গী, ছিলেন চের আদর্শের একনিষ্ঠ একজন সহচর, সমর্থকও। ৮৮ বছর বয়সী এই বিপ্লবী বেছে নিয়েছিলেন শিক্ষার মধ্য দিয়ে বিপ্লব করার। সদ্য প্রয়াত গ্রানাদোকে নিয়ে লিখেছেন নাইর ইকবালআলবার্তো গ্রানাদো ছিলেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া একজন জৈব রসায়নবিদ। জীবনের একটা বড় অংশ কিউবায় কাটানোর সময় তিনি গড়ে তুলেছিলেন বিখ্যাত সান্তিয়াগো স্কুল অব মেডিসিন। অথচ এত কিছুর পরও তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন বিপ্লবী চে গুয়েভারার ঘনিষ্ঠ সহচর। যৌবনে তাঁরা মোটরবাইকে করে একসঙ্গে লাতিন আমেরিকায় ঘুরে বেড়িয়েছেন। সেই ঐতিহাসিক যাত্রা এর পরের অনেক ঐতিহাসিক ঘটনারই জন্ম দিয়েছিল। রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেওয়া অনেক যুগান্তকারী আন্দোলনেরও বীজ রোপিত হয়েছিল গ্রানাদো ও চে গুয়েভারার সেই ঐতিহাসিক লাতিন আমেরিকা ভ্রমণে।গ্রানাদো চে গুয়েভারার চেয়ে বয়সে ছয় বছরের বড় ছিলেন। কিন্তু বয়স তাঁদের নিবিড় বন্ধুতায় কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং তাঁরা যুক্ত ছিলেন একই রাজনৈতিক চিন্তাধারায়। একই পারিবারিক আবহে তাঁদের শৈশবে বেড়ে ওঠা। চে গুয়েভারা তাঁর পরবর্তী জীবনে ছিলেন একজন রাজনৈতিক বিপ্লবী। গ্রানাদোও ১৯৪৩ সালে আর্জেন্টিনার পেরিনিস্ট শাসনের বিরুদ্ধে ছিলেন রাজপথের আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক। ১৯৪৩ সালে এ জন্য এক বছরের কারাদণ্ডও ভোগ করতে হয়েছিল তাঁকে। তবে চের সঙ্গে তাঁর যে পার্থক্য ছিল তা হলো, তিনি ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি যত্নশীল। সে কারণে বিপ্লবের স্বপ্নে তিনি নিজেকে পুরো সঁপে না দিয়ে শিক্ষার প্রতি ছিলেন একনিষ্ঠ।১৯৫১ সালে নিজের ৫০০ সিসির একটি নরটন মোটরবাইক নিয়ে চে গুয়েভারার সঙ্গে তিনি বেরিয়ে পড়েন লাতিন আমেরিকা ভ্রমণে। রোমাঞ্চকর সেই ভ্রমণে চে আর গ্রানাদো আন্দিজ পর্বতের কোল ঘেঁষে চিলি, পেরু ও কলম্বিয়া হয়ে ভেনেজুয়েলায় গিয়ে থামেন। প্রায় সাত মাসের এই ভ্রমণের প্রথম দুই মাস তাঁদের সঙ্গী ছিল সেই নরটন মোটরবাইক। একপর্যায়ে চিলির সান্তিয়াগোতে এসে তাঁদের সেই মোটরবাইকের আয়ু ফুরিয়ে যায়। মোটরবাইক রেখে এরপর তাঁরা বিভিন্ন মাধ্যমে লাতিন আমেরিকা ভ্রমণ করেন। ঠিক সেই সময়ই তাঁরা দুজন সুতীব্র দুঃখের সঙ্গে খেয়াল করেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশে অর্থনৈতিক বৈষম্যের হূদয়বিদারক দৃশ্য। তাঁরা ভ্রমণের অর্থ সংগ্রহ করার জন্য সাধারণ শ্রমিকের মতো কাজ করেছেন। সে সময়ই তাঁরা বুঝতে পারেন কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া লাতিন আমেরিকার দেশগুলো কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। ভ্রমণের সময় বিভিন্ন অভিজ্ঞতার কথা তাঁরা দুজনেই ডায়েরিতে লিখে রাখতেন। তাঁদের ডায়েরির বিভিন্ন কাহিনি নিয়েই ২০০৪ সালে প্রখ্যাত চিত্রপরিচালক ওয়াল্টার সালেস তৈরি করেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র দ্য মোটরসাইকেল ডায়েরিস। এই চলচ্চিত্রে মূর্ত হয়ে উঠেছে গ্রানাদো আর চের সেই বিখ্যাত লাতিন আমেরিকা ভ্রমণের বিভিন্ন দিক।লাতিন আমেরিকা ভ্রমণের পর গ্রানাদো পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। চাকরি নেন মাইকুয়েতায় একটি জৈব রসায়ন ল্যাবরেটরিতে। তিন বছর পর তিনি ইউরোপে একটি বৃত্তি নিয়ে চলে যান। ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো দেশগুলো তিনি এ সময় ভ্রমণ করেছিলেন। ফিরে আসার পর তিনি ভেনেজুয়েলায় তাঁর ভেনেজুয়েলান বান্ধবীকে বিয়ে করে থিতু হন।১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর বন্ধু চে গুয়েভারা তাঁকে হাভানায় ডেকে পাঠান। তিনি বন্ধুর আমন্ত্রণ সাদরে গ্রহণ করে পুরো পরিবার নিয়ে চলে যান হাভানায়। চিরদিনের মেধাবী গ্রানাদো কিউবায় এসেও ব্যস্ত থাকেন বুদ্ধিবৃত্তিক পেশায়। শিক্ষকতা শুরু করেন হাভানা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। একই সঙ্গে তিনি সান্তিয়াগো ডি কিউবায় প্রতিষ্ঠা করেন একটি আধুনিক ওষুধশাস্ত্র বিশ্ববিদ্যালয়। কিউবায় থাকার সময় তিনি চে গুয়েভারার বিপ্লবে উদ্বুদ্ধ হন। নানাভাবে তিনি সহায়তা করেন চের বৈপ্লবিক কর্মকাণ্ডকে। এ সময় কিউবার বিপ্লবে উজ্জীবিত চে গুয়েভারা আর্জেন্টিনায় বিপ্লবের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। তাঁর মাধ্যমেই চে গুয়েভারার এই বিপ্লবের সঙ্গে যুক্ত হন বিখ্যাত আর্জেন্টাইন শিল্পী বাস্তোস ও সাংবাদিক জর্জ মাসেত্তি। এই দুজন আর্জেন্টিনায় বিপ্লবের জন্য গোপনভাবে সংগঠিত করছিলেন গেরিলা বাহিনীকে। এ সময় গ্রানাদোও আর্জেন্টিনার কমিউনিস্ট পার্টির সঙ্গে গোপনে যোগাযোগ করে বিপ্লবের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে থাকেন। ১৯৬৩-৬৪ সালে এই গোপন গেরিলা তৎপরতা ভয়াবহভাবে ব্যর্থ হলে গ্রানাদো কিউবায় ফিরে গিয়ে নিরুপদ্রব জীবন শুরু করেন। ১৯৬৭ সালে গুয়েভারার মৃত্যুর পর তাঁকে কিউবার জৈব রসায়ন বিভাগের পরিচালক করা হয়। ১৯৯৪ সালে তিনি সেই চাকরি থেকে অবসর নেন।গত ৫ মার্চ এই বিখ্যাত মানুষটির জীবনাবসান হয়েছে ৮৮ বছর বয়সে। চে গুয়েভারা সম্পর্কে তাঁর বক্তব্য ছিল, চে তাঁর চিন্তাভাবনায় সৎ ছিলেন। তিনি লড়াই করেছেন তাঁর আদর্শের জন্য। আদর্শ সমুন্নত রাখতেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন।’ ২০০৪ সালে দ্য মোটরসাইকেল ডায়েরিস-এর মুক্তি উপলক্ষে তাঁকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মার্কিন সরকার তাঁকে তাদের দেশে যাওয়ার ভিসা দেয়নি। এ সম্পর্কে তাঁর বক্তব্য ছিল, ‘হয়তো আমি ভিসা ফরমটি ঠিকমতো পূরণ করিনি, তাই ভিসা পাইনি।’ কোনো হিংসা-বিদ্বেষ নয়, সহজ জীবনবোধই তাঁকে মহিমান্বিত করেছে।