চের সবুজ খাতা
এর্নেস্তো গেবারা দেলা সেরনা (১৯২৮-১৯৬৭)—বিশ্বব্যাপী যিনি ‘চে’ নামে বিখ্যাত, জাতে ছিলেন আর্জেন্টাইন আর পেশায় ডাক্তার। বিপ্লবের আইকন এই মহান পুরুষটি কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো (১৯২৬-) সহযোগে গেরিলা সংগ্রামে নেতৃত্ব দিয়ে ১৯৫৯ সালে কিউবায় বিপ্লব ঘটিয়েছিলেন, সূচিত করেছিলেন লাতিন আমেরিকার মানুষের জন্য এক নতুন সময়, দেখিয়েছিলেন স্বপ্ন। বলিভিয়ার পাহাড়-জঙ্গলে (এখানটাতেই তাঁকে মেরে ফেলা হয়) লড়াইকালীন সময়ে অস্ত্রের পাশাপাশি তাঁর সঙ্গে সব সময় থাকত একটি ব্যাগ, আর ব্যাগের মধ্যে টুকিটাকি এটা-ওটার সঙ্গে এক সবুজ খাতা—কবিতার খাতা। নিজে কবিতা লিখতেন। কবিতার গোগ্রাসী পাঠক ছিলেন—প্রেমের কবিতা, দ্রোহের কবিতা। চিলির পাবলো নেরুদা (১৯০৪-১৯৭৩), পেরুর সেসার বাইয়েহো (১৮৯২-১৯৩৮), কিউবার নিকোলাস গিইয়েন (১৯০২-১৯৮৯) প্রমুখ ছিলেন তাঁর প্রিয় কবি। তাঁদের লেখা তাঁর প্রিয় কবিতাগুলো নিজ হাতে লিখে রেখেছিলেন ওই সবুজ খাতায়, ঊনসত্তরটির মতো। তাঁকে গুম করে মেরা ফেলার পর বলিভিয়ার গোয়েন্দা কর্মকর্তারা ওই ব্যাগ এবং এর ভেতর থেকে যেসব কাগজপত্র উদ্ধার করেছিলেন (প্রায় ৪০ বছর আগেকার কথা), সেগুলো একটি বাক্সে রেখে দেওয়া হয়। উদ্ধার করা সেসব কাগজপত্রের মধ্যে ছিল এই সবুজ খাতা, যার ফটোকপি বহু হাত ঘুরে জীবনীকার মেক্সিকোর স্বনামধন্য ঔপন্যাসিক পাকো ইগনাসিও তাইবো দ্বিতীয়র কাছে গিয়ে পৌঁছায়। তিনি কবিতাগুলো সাজিয়ে তুলে দিলেন প্রকাশনা সংস্থা প্লানেতার কাছে, যারা বছর চারেক আগে এল কয়াদের্নো বের্দে দেল চে নামে মুদ্রণ করে এই সবুজ খাতাটি।ওই সংকলনেরই দুটি কবিতা সরাসরি স্প্যানিশ থেকে বাংলায় তর্জমা করা হলো। কবিতা দুটির শিরোনাম ‘গিতাররা’ এবং ‘কানিয়া’।