চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় এক যুগ আগে থেকে দুচোখেরই ইন্ট্রা-অকিউলার প্রেসার বাড়ছিল চিত্রকরের। চোখের বিভিন্ন ড্রপ দিয়ে এবং দু-দুবার সার্জারি করেও তার দুচোখের প্রেসার আর কমানো যায়নি। সেই কারণে সে আক্রান্ত হয়েছিল গ্লুকোমায়। বছর তিনেক আগে গ্লুকোমার প্রতিক্রিয়ায় নষ্ট হয়েছিল তার বাম চোখ। আর তখন তার ডান চোখের দৃষ্টিশক্তি ফুরিয়ে যেতে যেতে নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। সেই মুহূর্তে তার দৃষ্টির সীমায় সবকিছু, যেমন মানুষজন, কোনো বস্তু, গাছপালা, রাস্তাঘাট ইত্যাদির নির্দিষ্ট কোনো আকার ছিল না; সবই ছিল আবছা-আবছা। উদ্ভূত পরিস্থিতিতে তাই তার হালকা বাদামি চোখের সহধর্মিণীকে নিয়ে চিত্রকর চোখের চিকিৎসকের কাছে গিয়েছিল পরামর্শ করতে। বিভিন্ন পরীক্ষার পর চোখের চিকিৎসক তাকে বলেছিল, ‘আপনার ডান চোখটাও নষ্ট হয়ে যাচ্ছে। তার অর্থ, জলদি আপনি সম্পূর্ণ অন্ধ হয়ে যাবেন। আসলে আর কিছুই করার নেই। আমি খুবই দুঃখিত!’
তখন ভয়ানক উত্তেজিত হয়ে গিয়েছিল সহধর্মিণী, ফ্রি স্কুল স্ট্রিটের প্রাইমারি স্কুলের শিক্ষক হালকা বাদামি চোখের ওই মেয়ে। চোখের চিকিৎসককে মেয়েটি বলে উঠেছিল, ‘এটা কোনো কথা হলো? মাত্র ৫৬ বছর বয়সে একজন মানুষ অন্ধ হয়ে যাবে আর আমরা কিছুই করতে পারব না?’
বিনম্র চিকিৎসক উত্তর দিয়েছিল, ‘মাঝেমধ্যে এমন হয়—মানুষের শরীর কারও কথা শোনে না।’
সেই উত্তরে মোটেই প্রীত হতে পারছিল না হালকা বাদামি চোখের মেয়েটি। চিত্রকরকে একরকম জোর করেই হাত ধরে চেয়ার থেকে টেনে তুলতে তুলতে সে বলেছিল, ‘চলো! আগে বাসায় যাই। তারপর ভাবা যাবে।’
ক্লিনিক থেকে বের হয়ে রিকশায় চেপে বশির উদ্দিন রোডের বাসায় ফিরতে ফিরতে নিজের জন্য দুঃখই হচ্ছিল চিত্রকরের। এই সুন্দর পৃথিবীর রং অনেক দিন থেকেই সে ভালোমতো দেখতে পায় না। অন্ধত্বের শেষপ্রান্তে পৌঁছে যাওয়ার কারণে আর্ট স্কুলের চাকরিটাও চলে গেছে তত দিনে। আর এবার কি না একেবারেই অপসৃত হয়ে যাবে তার দৃষ্টিশক্তি! আর কী কী দুর্যোগ অপেক্ষা করছে তার জন্য?
কলাবাগানের থার্ড লেন ধরে যখন বশির উদ্দিন রোডের দিকে ছুটেছিল রিকশা, তখন ক্ষয়ে যেতে থাকা ডান চোখ যথাসম্ভব মেলে দিয়ে চিত্রকর দেখার চেষ্টা করছিল তার চারপাশটা। বিভিন্ন দোকানের হরিদ্রাভ আলো এবং কারগুলোর পেছনের লাল আলো ভেঙে গিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন কোণের ছোট-বড় অনেক সরলরেখা। রিকশার ঝাঁকুনির সঙ্গে সঙ্গে সরলরেখাগুলো কাঁপছিল, ভেঙে ভেঙেও যাচ্ছিল আবার। সেখানে মানুষজন, রিকশা, ঠ্যালাগাড়ি, দোকানপাট, কার—কোনো কিছুর অবয়বই আর স্পষ্ট হচ্ছিল না যথারীতি। চিত্রকর ভাবছিল, তার ডান চোখের অবশিষ্ট এই ক্ষীণ দৃষ্টিটুকুও মিলিয়ে যাবে জলদি। চিকিৎসকের হিসাব অনুযায়ী, আগামী মাস ছয়েকের মধ্যেই সে সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে। তাহলে তো খুব একটা বেশি দিন আর বাকি নেই!
বশির উদ্দিন রোডের মসজিদের ঠিক উল্টো দিক দিয়ে যে সরু গলি ঢুকে গেছে দক্ষিণে এবং একটা বাঁক নিয়ে পড়েছে গিয়ে গ্রিন রোডের পেটের ভেতরে, সেই গলিতেই চিত্রকরের পৈতৃক বাড়ি। ২৫ বছর আগে প্যারিসবাস গুটিয়ে ঢাকায় ফিরে আসার পর থেকে জীর্ণশীর্ণ একতলা বাসার উত্তরের ঘরেই থাকে চিত্রকর।
চোখের চিকিৎসকের কাছ থেকে ফিরে তার স্যাঁতসেঁতে ঘরটায় ঢুকেছিল সে। হাতড়ে হাতড়ে পথ খুঁজে গিয়েছিল বাথরুমে। কমোড নিশানা করে প্রস্রাব করেছিল, হাতের আঙুল দিয়ে খুঁজে খুঁজে বাথরুমের হ্যাঙ্গার থেকে পাজামা আর টি-শার্ট আলাদা করে নিয়ে পোশাক পাল্টেছিল, তারপর বালতি থেকে মগে করে পানি নিয়ে হাত-মুখ ধুয়েছিল সে। তখন কার্তিক মাসের প্রথম সপ্তাহ হলেও বেশ গরম লাগছিল তার। ফের হাতড়ে হাতড়ে ঘরে ফিরে এসে তাই হাতের নিশানায় সুইচ টিপে সে ফ্যান ছেড়েছিল। তারপর শুয়ে পড়েছিল বিছানায়। মাথার কাছে রেখে দেওয়া রিমোটটা তুলে নিয়ে টেবিলের ওপরে বসানো টেলিভিশন ছেড়েছিল চিত্রকর। মাত্র ছয় ফুটের মতো দূরত্বে রাখা টেলিভিশনের ছবিটবি মোটা ফ্রেমের চশমা লাগিয়ে সেদিনও আর সে দেখতে পাচ্ছিল না। তবু সে অভ্যাসবশে টেলিভিশন লক্ষ্য করে তাকিয়ে থেকেছিল। তখন তার পাশে এসে বসেছিল হালকা বাদামি চোখের মেয়ে। মেয়েটি তাকে বলেছিল, ‘এবার বলো, কী কী দেখতে ইচ্ছে করছে তোমার। বুড়িগঙ্গা নদী? সূর্যাস্তের আলো? কামিনী ফুল? ফুলার রোডের পুব মাথার বিশাল শিরিষগাছটা? তোমার আঁকা ছবিগুলো? সন্তানের মুখ? ঝুম বৃষ্টি? উঠানের পশ্চিমে তোমার লাগানো ছাতিমগাছটা, যার সুগন্ধ ছুটেছে এখন? এলিজাবেথ টেইলরের মতো বেগুনি কোনো চোখ, যা তোমার দেখাই হয়নি কোনো দিন?’ চিত্রকর তখন ভাবছিল যে এই পৃথিবীর রূপ চোখ ভরে দেখতে চাইলেইবা আর কি আসবে-যাবে? তবু সে মজা করেই উত্তর দিয়েছিল, ‘তোমার চোখের রং! আর কিছু নয়!’ হালকা বাদামি চোখের মেয়ে তখন চিত্রকরের বুকে শুয়ে সম্পূর্ণ মেলে দিয়েছিল তার উজ্জ্বল চোখ এবং সে বলেছিল, ‘আমার চোখ নিয়ে তুমি যেসব ছবি এঁকেছিলে সেগুলো কোনো দিন বিক্রি করো না।’
সাইড টেবিল হাতড়ে মোটা ফ্রেমের চশমাটা পরে নিয়ে প্রায় মৃত ডান চোখটা দিয়ে তখন হালকা রঙের এক জোড়া উজ্জ্বল বাদামি চোখ দেখতে সচেষ্ট হয়েছিল চিত্রকর। কিন্তু ঘরভর্তি আলোতেও বাদামি চোখ জোড়ার ডিটেইলিং আর ধরতে পারছিল না সে। আদতে হালকা রঙের বাদামি চোখ জোড়াকে তার কাছে বরং গভীর কালো বলেই মনে হচ্ছিল। সেটা তো আসলে বিভ্রম! এবং সে বাদামি চোখের মেয়েকে বলেছিল, ‘যতই অভাব হোক না কেন, কোনো ছবিই আমি বিক্রি করব না—না তোমার বাদামি চোখের ছবি, না নীল চোখ অথবা সবুজ চোখের ছবি, না ধূসর চোখের ছবিটা।’
তার দুদিন পর এক সন্ধ্যায় চিত্রকরকে দেখতে এসেছিল তার স্কুলজীবনের তিন বন্ধু। বন্ধুদের বিবিধ গল্পের সূত্র ধরে তার চোখে তখন মূর্ত হচ্ছে এই পৃথিবীর অজস্র সুন্দর সব রং আর রঙের বিভিন্ন শেড। একবার বাল্যকালে তারা সপরিবারে মিটফোর্ডের সামনে থেকে নৌকায় চড়ে বুড়িগঙ্গা হয়ে শীতলক্ষ্যা পর্যন্ত ভ্রমণে গিয়েছিল। রৌদ্রস্নাত সেই দিনে নদীর জলের রং ছিল রুপালি। তারপর তার চোখে ভাসছে কামিনী ফুলের ম্রিয়মাণ সাদা রং। তখন ভারতীয় অভিনেত্রী রেখা গনেশনের মতো ঝকঝকে আয়ত এক জোড়া কালো চোখ যেন ঝুলে আছে চিত্রকরের মৃতপ্রায় চোখের সামনে। লালবাগ এলাকার কাজল কালো চোখের সেই মেয়ে একদা জাকারান্ডা ফুলের গাঢ় বেগুনি রঙের বিছানায় ঘুমাতে চেয়েছিল। লিসবনে তার একটা আর্ট স্টুডিও আছে। তারপর গভীর কালো এবং গাঢ় বেগুনি রং চলে গিয়ে চিত্রকরের মনে ভেসে উঠছে জিনিভার নীল লেকের ছবি। সেই লেকের দক্ষিণ-পশ্চিম মাথায় পার্ক বার্টনের কাছাকাছি একটা জায়গায় লেকের ভেতরে ছোট্ট একটা জেটি ঢুকে গেছে। কোনো এক বসন্তে জেটির ওপর পা ঝুলিয়ে সেখানে বসে আছে তরুণ চিত্রকর। তার পাশে বসে জুরা পর্বতে স্কি করার অভিজ্ঞতা বর্ণনা করছে ফার্নের নবীন পাতার মতো খুব নরম সবুজ চোখের কাতালন মেয়ে। সেই সবুজ চোখের সঙ্গে মার্কিন অভিনেত্রী আভা গার্ডনারের চোখের মিল। সেই মেয়ের চুল সোনালি। আর পুব দিকে তুষারাবৃত আলপ্স পর্বতমালার মঁ-ব্লাঁ নামের চূড়ার দিকে তাকিয়ে আছে চিত্রকর। জিনিভার ইউনিভার্সিটি অব আর্টস অ্যান্ড ডিজাইনের সহপাঠী হেজেল নাট চোখের ছেলের কথাও মনে পড়ছে তার। তীব্র তুষারপাতের ভেতরে রু দ্য লুসানের উত্তর দিক থেকে যেন হেঁটে আসছে ঘন ছাই রঙের জ্যাকেট পরা হেজেল নাট চোখের ছেলে, তার চোখের মণির শেষপ্রান্তের বলয়ে খেলা করছে হালকা সবুজ রং। চিত্রকরের আরও মনে পড়ছে, ‘পন্ত দ্যু আর্টস’ নামের প্যারিসের লা স্যেন নদীর ওপরের ব্রিজে তালা ঝুলিয়ে রাখত প্রেমিক-প্রেমিকারা। সেই তালাগুলোর বেশির ভাগের রং ছিল সোনালি হলুদ, তামাটে ও রুপালি। অল্প কিছু তালার রং লাল, নীল, সবুজ অথবা গোলাপি। ওই ব্রিজের গোড়ায় ভূমধ্যসাগরের জলের মতো গভীর নীল চোখের একজন মেয়ে পয়সার বিনিময়ে ট্যুরিস্টদের পোর্ট্রেট আঁকছে। তার চুলের রং গাঢ় বাদামি। তার বাড়ি নিউইয়র্কের ইথাকা এলাকায়। মেয়েটি চিত্রকরের মতোই তখন একোল দ্যু প্যারিসে মাস্টার্স পর্বের ছাত্র। নীল চোখের মেয়ের একটু দূরে বসে পয়সার বিনিময়ে ট্যুরিস্টদের রিয়ালিস্ট ছবি আঁকছে চিত্রকর নিজেও। মেয়েটিকে দেখে তার মনে পড়ছে অনেক দিন আগে ঢাকার নীলক্ষেত থেকে কেনা কোনো পত্রিকার কথা, যেখানে প্রকাশিত হলিউডের চিত্রতারকা বেটি ডেভিসের গভীর নীল চোখের ছবি। তারপর চিত্রকর দেখতে পাচ্ছে, আজিমপুর কবরস্থানে তার মৃত পিতা-মাতার কবরের শিথানে জেগে আছে হালকা হলুদ এবং কমলা রঙের অজস্র জবা ফুল। আর তার চোখে এসে যুগোপৎ ভিড় করছে তার বাল্যবন্ধু মিলুর দুধসাদা রঙের পাঞ্জাবি, ক্রিম রঙের প্যান্ট এবং তার ঝাঁকড়া কালো রঙের চুল। নিজের সহধর্মিণীর চোখের হালকা বাদামি রঙের মণিটাও মনে পড়ছে চিত্রকরের। সেই মণিতে যেন আবারও ঠিকরে পড়ছে হাজার সূর্যের আলো!
বশির উদ্দিন রোডের স্যাঁতসেঁতে একতলা বাসায় বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে করতে সেই মুহূর্তে এন্তার সিগারেট টানছিল চিত্রকর এবং এসব স্মৃতি তার মনে পড়ছিল। সে কাউকেই বলতে পারছিল না যে তার দুচোখে এসে তখন ক্রমাগত টোকা দিয়ে যাচ্ছে এই পৃথিবীর তাবৎ রং, যে অপরূপ রংগুলো সে আর কোনো দিন দেখতে পাবে না।
চোখের চিকিৎসক চিত্রকরকে এভাবে সম্পূর্ণ অন্ধত্বের অবশ্যম্ভাবীতার কথা জানালে এক সময়ে বিষণ্ন হয়ে পড়েছিল সে। সারাক্ষণই চুপচাপ শুয়ে থাকছিল তার বিছানায়। কাজেই অখণ্ড নীরবতায় প্রবিষ্ট চিত্রকরকে উজ্জীবিত করার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞকে ডেকে নিয়ে এসেছিল হালকা বাদামি চোখের মেয়ে। মনোরোগ বিশেষজ্ঞের উদ্দীপনামূলক কথাবার্তা হালকা বাদামি চোখের মেয়ে মন দিয়ে শুনছিল। তার মনে পড়েছিল বছর ১৫ আগে প্রথম দেখার দিনে চিত্রকর তাকে বলেছিল, মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ আসলে তার চোখ। মূলত চোখের আকার, রং এবং গভীরতাই একজন মানুষকে স্বতন্ত্র করে তুলতে পারে। চোখের মাধ্যমেই মানুষ চেতনে-অবচেতনে প্রকাশ করতে থাকে নিজের আত্মার সৌন্দর্য। আর সে কারণে মানুষের চোখনির্ভর পোর্ট্রেট আঁকতেই বেশি ভালো লাগে তার। ঢাকার চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় দাঁড়িয়ে চা খেতে খেতে চিত্রকর হালকা বাদামি চোখের মেয়েকে আরও বলেছিল যে কারও চোখ দেখে মুগ্ধ না হলে সে ছবি আঁকতে পারে না। আর মুগ্ধ হতে পারা তো সহজ কোনো ব্যাপার নয়! এভাবে তার ছবির সংখ্যা মাত্র ৩৬, যার প্রায় অর্ধেকই রয়ে গেছে ইউরোপে এবং আমেরিকায় তার ছবির মডেলদের কাছে। চিত্রকর তাকে বলেছিল, ‘হাসলে আপনার চোখ জ্বলজ্বল করতে থাকে! এটাকে বলে আত্মার দ্যুতি।’ তারপর হালকা বাদামি চোখের মেয়ের পাঁচটা পোর্ট্রেট এঁকেছিল চিত্রকর।
মনোরোগ বিশেষজ্ঞের কথা শুনতে শুনতে হালকা বাদামি চোখের মেয়ের মনে হচ্ছিল, চিত্রকরের মৃত চোখ এই পৃথিবীর আলো আর রং ধরবে না কোনো দিন। মানুষের চোখের সৌন্দর্যতে মাতাল মানুষটা আর মুগ্ধ হওয়ার সুযোগ পাবে না! ব্রাশ আর তুলিতে সে আর আঁকতে পারবে না মানুষের আত্মার অপরূপ সব ছবি! চিত্রকরের অন্ধত্ব তাই বাদামি চোখের মেয়ের কাছে পরিতাপের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
সে দিন রাতে চিত্রকরের চুলে হাতের আঙুলগুলো দিয়ে আদর বুলাতে বুলাতে হালকা বাদামি চোখের মেয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, ‘তোমার একটা ইচ্ছের কথা বলো। আমি তা পূরণ করব।’ অজস্র কুণ্ঠা নিয়ে চিত্রকর তখন ধীরে ধীরে বলেছিল, ‘আমি আমার প্রিয় চোখগুলোকে শেষবারের মতো দেখতে চাই।’ কাজেই চিত্রকরের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে চিত্রকরের ফেসবুকে ঢুকেছিল হালকা বাদামি চোখের মেয়ে এবং সে চিত্রকরের প্রিয় পাঁচজন মডেলের ইনবক্সে ম্যাসেজ রেখেছিল এই বলে, ‘একেবারে অন্ধ হয়ে যাওয়ার আগে চিত্রকর তার প্রিয় চোখগুলোকে দেখতে চায়। ফোন করো। এই রইল আমাদের ফিক্সড ফোন আর সেলফোনের নম্বর।’
তারপর খুব কাছাকাছি সময়ে ঢাকা শহরে চিত্রকরকে দেখতে এসেছিল তার তিনজন মডেল। নিউইয়র্কের ইথাকা এলাকার নীল চোখের মেয়ে, ফ্রান্সের লিওঁর হেজেল নাট চোখের ছেলে এবং বার্সেলোনার উত্তর-পূর্বের বাদালোনা এলাকার সবুজ চোখের মেয়ে—পাঁচ দিন ছিল চিত্রকরের বশির উদ্দিন রোডের বাসায়। ব্যস্ততার কারণে গভীর ধূসর রঙের ছেলে চিত্রকরের সঙ্গে দেখা করার জন্য প্যারিস থেকে আর আসতে পারেনি। তার চোখ ছিল ‘গান উইথ দ্য উইন্ড’ খ্যাত চিত্রতারকা ক্লার্ক গ্যাবেলের চোখের মতো, লনঝেন ওয়াচের বিজ্ঞাপনের মডেল ঐশ্বরিয়া রাইয়ের মতো ধূসর। লিসবন প্রবাসী কাজল কালো চোখের মেয়ে অবশ্য আসেনি ইচ্ছে করেই। সেই মেয়ে চিত্রকরের মৃত চোখ দেখে আর বিষণ্ন হতে চায়নি। একদা এক্সপ্রেসোনিস্ট ঢঙে এদের সবার একাধিক পোর্ট্রেট করেছিল চিত্রকর। তা ছাড়া একদা ধূসর চোখের একজন রাশান শ্রমিক এবং হালকা নীল চোখের জনৈক আইরিশ ট্যুরিস্টেরও ছবি এঁকেছিল সে। প্যারিস থেকে ঢাকায় ফিরে আসার সময় তাদের ঠিকানা সে হারিয়ে ফেলেছিল। কাজেই শেষোক্ত দুজনের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। দীর্ঘ ২৫ বছর পর নীল চোখের মেয়ে, হেজেল নাট চোখের ছেলে এবং সবুজ চোখের মেয়ের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছিল চিত্রকরের। চিত্রকরের জনৈক বাল্যবন্ধুকে বাসায় ডেকেছিল হালকা বাদামি চোখের মেয়ে। একদা শ্রাবণের ঘন মেঘের মতো গভীর কালো চোখের ছেলের দুটো পোর্ট্রেট এঁকেছিল চিত্রকর।
চিত্রকরকে ঘিরে তখন ভিড় জমিয়েছে সুন্দর সব চোখ। মোটা ফ্রেমের চশমাটা লাগিয়ে তার প্রিয় চোখগুলোর খুব কাছে গিয়েও সেইসব চোখের রং আর ডিটেইলিং পড়তে পারছিল না চিত্রকর। তবু তার প্রিয় চোখদের কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছিল সে। তারপর প্রায় আট বছর পর সে একটা ছবি এঁকেছিল। এক সকালে হালকা বাদামি চোখের মেয়েকে সে ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি মাপের বড় একটা ক্যানভাস, তেল রং এবং বিভিন্ন মাপের তুলি নিয়ে আসতে বলেছিল। স্যাঁতসেঁতে বাসাটার স্টোররুম থেকে পুরোনো একটা ক্যানভাস বের করে এনেছিল হালকা বাদামি চোখের মেয়ে। ক্যানভাসটার জায়গায় জায়গায় জমেছিল কালো রঙের ফাঙ্গাস। গভীর কালো চোখের ছেলে সেই ক্যানভাস জানালার কাছে কাঠের একটা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছিল। সবুজ চোখের মেয়ে ইজেলে ধরেছিল তেলরং এবং চিত্রকরের কথামতো সে বিভিন্ন আকারের ব্রাশ আর তুলিতে নানান রং ভরে দিচ্ছিল। ক্যানভাসে ব্রাশ আর তুলি বসাতে চিত্রকরকে সাহায্য করছিল নীল চোখের মেয়ে এবং হেজেল নাট চোখের ছেলে।
আন্দাজের ওপরে নির্ভর করেই প্রথমে ২০ সাইজের ফ্লাট ব্রাশ দিয়ে ক্যানভাসের ঠিক মাঝামাঝি স্ট্রোক দেওয়া শুরু করেছিল চিত্রকর। একের পর এক ক্যানভাসে যোগ হয়েছিল কালো, নীল, সবুজ, ধূসর, বেগুনি এবং বাদামি রঙের বিভিন্ন শেডের অজস্র সুদৃঢ় স্ট্রোক। তারপর চিত্রকর হেজেল নাট চোখের ছেলেকে তদগতভাবে বলেছিল, ‘ধূসর রঙে একটা মুখ আঁকব। ক্যানভাসের মাঝামাঝি কোথাও মোটা একটা তুলি বসিয়ে দাও তো!’ চিত্রকরের হাত ধরে ক্যানভাসের ঠিক মাঝখানে তুলিটা নির্দিষ্ট করে দিয়েছিল হেজেল নাট চোখের ছেলে। তারা সবাই তখন অবাক হয়ে দেখছিল, রহস্যময় ক্যানভাসে ধূসর রঙের ভাঙা ভাঙা অথচ দৃঢ় লাইনে ফুটে উঠছে চিত্রকরের নিজেরই অবয়ব। তারপর সবুজ চোখের মেয়েকে মাঝারি মাপের তুলিতে উজ্জ্বল সাদা রং তুলে দিতে বলেছিল চিত্রকর। তুলিটা হাতে নিয়ে সে নীল চোখের মেয়েকে বলেছিল, ‘এবার আমি চোখ আঁকব। কোথায় বসাব তুলিটা?’ তাকে ক্যানভাসে জেগে ওঠা অবয়বের মাপ বুঝিয়ে দিয়েছিল নীল চোখের মেয়ে। তখন ক্যানভাসের একেবারে কাছাকাছি মুখমণ্ডল নিয়ে গিয়ে চোখ আঁকার চেষ্টা করছিল চিত্রকর এবং শেষ পর্যন্ত তারা সবাই দেখেছিল, ক্যানভাসের প্রাগৈতিহাসিক অন্ধকারের ভেতরে জ্বলজ্বল করছে নিরেট এক জোড়া শূন্যগর্ভ চোখ! সে চোখজোড়ার কোনো অক্ষিগোলক নেই, প্রচ্ছদ নেই, নেই কোনো মণি অথবা অক্ষিপল্লব। ৫৬ বছর বয়সে সেই প্রথম, হয়তোবা সেই শেষ, নিজের পোর্ট্রেট এঁকেছিল চিত্রকর। তার নিজের পোর্ট্রেটে একোল দ্যু প্যারিসের নামী এক্সপ্রেসোনিস্ট আমেদিও মদিলিয়ানির কাজের কিছুটা হলেও ছাপ ছিল—মুখমণ্ডলের গড়ন ছিল অসমানুপাতিক, মুখোশ সদৃশ চেহারায় উপচে পড়ছিল বিষণ্নতা। তবে বর্ণহীন দুচোখে আমেদিও মদিলিয়ানির মতো করে আলমন্ড নাটের নিয়মিত গঠন আর ফুটিয়ে তুলতে পারেনি প্রায় অন্ধ চিত্রকর।