মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পী, শিক্ষক ও নাট্যনির্মাতা। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।উপলব্ধির বারন্দায়আমি রাত জাগা মানুষ। বইপত্র সব সাধারণত রাতেই পড়ি—রাত ১২টার পর থেকে দুই-তিনটা পর্যন্ত। তবে এখন নিশি জাগরণ করছি রবীন্দ্রনাথকে নিয়ে। আবার পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। আমার মনে হয়, কোনো বই একবার পড়লেই যে সেটির সমস্ত অনুভূতি ধরা যায়, তা তো নয়; বরং বারবার পাঠের মধ্য দিয়ে পুরোনো উপলব্ধির সঙ্গে নতুন উপলব্ধিও যোগ হয়। অনেক কিছু আবার নতুনভাবে আবিষ্কৃত হচ্ছে আমার কাছে। ছিন্নপত্রর সঙ্গে আরও একটি বই পড়ছি, হারবার্ট রিডের মর্ডান পেইন্টিং। বইটি আগেও পড়েছি। তবে এবার পড়তে গিয়ে নতুন এক উপলব্ধি হলো—নিজের ভূমি, নিজের শেকড়ের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে আন্তর্জাতিক হওয়া যায় না। পৃথিবীর সব শিল্পীর ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আবারও রবীন্দ্রনাথের কাছ থেকে কথা ধার করে বলতে পারি, ‘আন্তর্জাতিক হওয়া মানেই বিদেশি কোনো কিছুর অনুকরণ নয়।’ ছিন্নপত্র ও মর্ডান পেইন্টিং পড়তে পড়তে এসব ভাবনা ক্ষণে ক্ষণে আমাকে দোলা দিয়ে যাচ্ছে উপলব্ধির বারান্দায়।শান্তিধারা বয়ে যাচ্ছেবাঙালির কাছে সংগীতের সর্বশ্রেষ্ঠ সম্পদ যদি বলা যায়, তবে বলব, এত বড় সৃজনশীল সংগীতস্রষ্টা আমাদের দেশে আর আসেননি। রবীন্দ্রসংগীত সব সময় আমাকে তন্ময় করে তোলে। হেমন্ত মুখোপাধ্যায়ের উদার গলার গায়কিতে যখন রবীন্দ্রনাথের গানগুলো শুনি, মনে হয়, ভেতরে শান্তিধারা বয়ে যাচ্ছে।কণিকা বন্দোপাধ্যায়, সুচিত্রা মিত্র—এঁদের কণ্ঠেও রবীন্দ্রসংগীত ভালো লাগে। আর রবীন্দ্রনাথের গান ছাড়াও অবসর পেলে হিন্দি ও উর্দু গজল শুনি। গুলাম আলী, জগজিৎ সিং আমার প্রিয় গজলশিল্পী। আবার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে বেটোফেন, মোজার্ট, বার্ক, চাইকোভোস্কি—এঁদের কম্পোজিশনগুলো কী যে অপূর্ব, মুগ্ধ হয়ে যাই!তুলি, ক্যানভাস, রংসাম্প্রতিক কালে শিল্পী স্বপন চৌধুরীর ১৯৭১ সালে আঁকা ছবিগুলোর প্রদর্শনী দেখলাম। মুক্তিযুদ্ধ তো আমাদের আবেগের জায়গা; তবে স্বপনের কাজের গুণেই তাঁর ছবিগুলো আমাকে স্পর্শ করেছে। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সৃজনে শেকড়ে চিত্রমালার প্রদর্শনীগুলো দেখেও ভালো লেগেছে। বিশেষ করে, আমাদের দেশের চিত্রকলার সূচনাকাল থেকে এ পর্যন্ত চিত্রকলা কী কী বাঁক পেরিয়ে এসেছে—বিষয়টি মোটামুটি বোঝা যায় এই সিরিজ প্রদর্শনীর মাধ্যমে। তবে একদিন যে আমরা আমাদের জাতীয় শিল্প-আঙ্গিক খুঁজতে ব্যাকুল ছিলাম, সেই প্রচেষ্টা এখন খানিকটা ব্যাহত হয়েছে বলে মনে হয়। এখনকার ছবির মধ্যে বড় বেশি বক্তব্য থাকছে, যেটা হয়তো লিখেও প্রকাশ করা যায়। আসলে ছবি তো দেখার বস্তু। চোখ দিয়ে দেখে হূদয় স্পর্শ করলে তবেই না ছবি—সেই ছবির আশায় আছি। আমি মূলত ওয়াটার কালারে কাজ করতে পছন্দ করি। ভরদুপুরে এখনো যখন তুলি, ক্যানভাস ও রং নিয়ে বসি, সেই স্পর্শযোগ্য ছবিই আঁকতে চায় মন।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ