>

অসমাপ্তির গল্প
আসিফ নজরুল
প্রচ্ছদ: ধ্রুব এষ * প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
* প্রকাশকাল: ডিসেম্বর ২০১৬ * ৯৬ পৃষ্ঠা * দাম: ২০০ টাকা।
মামামুন, যে এই উপন্যাসের নায়ক, তার বড় ভাই শফিকের আমেরিকায় যাওয়ার কথা। কিন্তু নাটকীয়ভাবে তার ভিসা না পাওয়ার ঘটনার ভেতর দিয়েই এ উপন্যাসের সূচনা। আমরা উপন্যাসের প্রথম অধ্যায়ের ঘটনা থেকেই জেনে যাই মামুনের পারিবারিক অবস্থার কথা। ছোট্ট তাদের পরিবার কিন্তু সমস্যায় আকীর্ণ। এ রকম একটি পরিবারের সদস্য হওয়ায় মামুন যে মানসিক গড়ন বা মনস্তত্ত্বের অধিকারী হয়, তা-ই তাকে চালিত করে তার চেনাজানা পরিমণ্ডলের আবহের সঙ্গে খাপ খাইয়ে নিতে, মানবিক সম্পর্কের দ্বন্দ্ব-সংঘাতের সঙ্গী হতে।
আসিফ নজরুলের উপন্যাসের পটভূমি এরশাদবিরোধী আন্দোলন যখন দানা বাঁধছে, সেই বিশেষ কালপর্বকে ঘিরে আবর্তিত। এবং আমরা দেখি, উপন্যাসের পাত্র-পাত্রীরা একপর্যায়ে এসে কালচক্রে, অনিচ্ছা সত্ত্বেও সদস্যও হচ্ছে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র সংগঠনের। তবে তাদের জীবনে রাজনীতি প্রধান হয়ে ওঠে না। প্রধান হয়ে ওঠে মানবিক সম্পর্ক। সেই গভীর মানবিক সম্পর্কগত উত্থান-পতনেরই নিবিড় ও প্রাণ-ছোঁয়া আখ্যান আসিফ নজরুলের উপন্যাস অসমাপ্তির গল্প।
মামুন আর শেরি, ইতরাত আর কাওসার-বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সেই সূত্রে পরস্পর ক্লাসমেট বা সহপাঠী। সবাই মেধাবী। কেউ কারোর চেয়ে কম নয়। অথচ নিজেদের মধ্যে মিল যেমন আছে, তেমনি আছে সম্পর্কগত নানা টানাপোড়েনও। যেমন মামুনের প্রতি শেরির কোমল মনোভাব থাকলেও তার বান্ধবী ইতরাত তাকে তেমন সুনজরে দেখে না। এর সূচনাটা আমরা বইয়ের শুরুতেই দেখতে পাই। কিন্তু অন্যদের তুলনায় মামুন যতই আনস্মার্ট হোক না কেন, শেরির অলিখিত কেমন একটা দুর্বলতা আছে তার প্রতি। ক্রমাগত সেটা গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে। এমন একটা টানের সৃষ্টি হয় দুজনের প্রতি দুজনের, যার হিসাব মেলানো কঠিন। কখনো তা স্পষ্ট হয়, কখনো তা একটা ধোঁয়াশায় ঢাকা পড়ে যায়। যেমন নিচের এই মুহূর্তটির বিবরণ পাঠ করা যাক, যার রূপটা এ রকমের:
‘শেরি বেঞ্চ থেকে ওঠে। মামুনের খুব সামনে এসে দাঁড়ায়। বলে, আমার দিকে তাকাও। মামুন কোনোমতে তাকায়। বাচ্চা একটা ছেলে। শেরিদের চেয়ে নাকি দেড়-দুই বছরের ছোট। এখন তাকে দেখে তা-ই মনে হচ্ছে।
‘শেরি বলে, তুমি আমাকে লেখো না কেন আর?’
আসলে শেরির এমন প্রশ্রয় পাওয়া সত্ত্বেও মামুনের সংকোচের বিহ্বলতা কাটে না। দুজন বৃষ্টিতেও ভেজে। কী চমৎকার সেই বৃষ্টিতে দুজনের ভেজার বর্ণনা! শুধু তা-ই নয়, ফাঁকা ক্লাসে শেরির চূড়ান্ত প্রশ্রয় পাওয়া সত্ত্বেও মামুন তাকে স্পর্শ করে না, চুমুর স্পর্শে তাকে বিহ্বল করে না। ফলে শেরি ‘কাওয়ার্ড’ বলে ধিক্কার দেয় মামুনকে। আসলে মামুনের স্বভাবে সাহসের বালাই নেই। প্রাণ দিয়ে অনুভব করে শেরিকে সে। তবু যা বলতে চায়, বলতে পারে না, যা করতে চায়, করে উঠতে পারে না। অথচ শেরি তাকে প্রাণপণে চায়। শেষত না পেয়ে সিদ্ধান্ত নেয়, মামুনের সঙ্গে আর দশজনের মতোই সম্পর্ক রেখে চলবে সে।
তারপর মাঝখানে কদিনের বিরতি। দেখা নেই দুজনার। তখনো মোবাইল ফোন আসেনি। অ্যানালগ ফোনে যোগাযোগের কাজ চলে। ফোনেই কথা হয় দুজনার মধ্যে। একদিন দেখা হয় শেরির সঙ্গে মামুনের। ক্যাম্পাসেই। শেরি দূরত্ব বজায় রাখতে চাইলেও আজ মামুন অন্য রকম। কথা বলতে বলতে শেরিকে নিয়ে আসে ফাঁকা একটা ক্লাসঘরে। শেরিকে অবাক করে দিয়ে তাকে জাপটে ধরে সে। চুমোয় চুমোয় ভরিয়ে তোলে তাকে মামুন এবং বলে, ‘আমি কাওয়ার্ড তাই না? চিৎকার করে সে, আমি কাওয়ার্ড? কী ভাবো আমাকে?’ মানুষের মনস্তত্ত্বের কী অপূর্ব বহিঃপ্রকাশ!
সম্পর্কের এ রকম পর্যায়ে দুপক্ষই যখন একটা নিরপেক্ষ অথবা নিজেদের মতো জগতে পা রেখেছে, তক্ষুনি সেই ভয়ংকর খবরটা পায় মামুন। মারাত্মক অ্যাকসিডেন্টে মারা গেছে শেরিসহ তার পুরো পরিবার। তারপর? সমাপ্তিটা এ রকমের: মেঝেতে শোয়ানো শেরির মৃতদেহ। লেখকের ভাষায়, ‘মামুন তাকে ডাকে কয়েকবার। সে কি শুনতে পাচ্ছে তাকে? টের পাচ্ছে মামুন তার পাশে? নাকি সে এখনো রেগে আছে তার ওপর। মামুন তার গাল থেকে হাত সরায়। দুই ঠোঁট রাখে উষ্ণ গালে। তাকে পেছন থেকে টানছে কেউ। বুঝতে সময় লাগে মামুনের।
‘উঠে দাঁড়াতে হয় তাকে। হয়তো সে দাঁড়ায়ও। তার হাতে রক্তের ছোপ ছোপ দাগ। সে হাত তার বুকে চেপে ধরে। তাকে কোনো দিন বলতে পারেনি ভালোবাসি। কেন পারেনি সে!...কেন তার মনে হয়, এটা বললেই বেঁচে থাকত সে।’
বুক ভারী হয়ে আসে। চোখ ভিজে ওঠে আপনা-আপনি।