চোখের সামনে অজন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশনের ‘পৃথিবীর পাঠশালা’ সিরিজের পঞ্চম বই নাজলী লায়লা মনসুরের অজন্তা। আমার জানা মতে, বাংলাদেশে এই প্রথম অজন্তা তথা অজন্তার গুহাচিত্র নিয়ে কোনো বই প্রকাশিত হলো। বইয়ের ভূমিকায় বলা হয়েছে, ‘পৃথিবীর বুকে মানুষের বিস্ময়কর সৃষ্টির অন্যতম হলো অজন্তার গুহাচিত্র। পাহাড়ের গায়ে গুহা খোদাই করে তাতে ধ্যানে বসতেন আর থাকতেন বৌদ্ধভিক্ষুরা। সম্ভবত তাঁদের মধ্যেই অনেকে হাত লাগিয়েছেন গুহার দেয়ালে গৌতম বুদ্ধের জীবনের বিচিত্র কাহিনি-নির্ভর ছবি আঁকায়। দেড় হাজার থেকে দুই হাজার বছর আগের রঙিন ছবিগুলো এখনো উজ্জ্বল আর শিল্পীদের দক্ষতা যে কারও মনে বিস্ময় জাগায়।’ ভূমিকার উল্লিখিত কথায় কোনো ধরনের অতিশয়োক্তি নেই। আমরা আলোচনায় ব্রতী হলেই দেখব, কী অপার বিস্ময়ের আধার এই অজন্তা, তার গুহাচিত্র। এর পরতে পরতে, বাঁকে বাঁকে শিল্প ও সৌন্দর্য সৃষ্টির যে ইতিহাস, তা এক কথায় সত্যিই অবিশ্বাস্য!

মাত্র ৩২ পৃষ্ঠার বই। কিন্তু অধ্যায় ১৮টি। অধ্যায়গুলোর শিরোনাম যথাক্রমে ‘প্রাচীনকালের অসাধারণ শিল্পকর্ম’, ‘অবস্থান’, ‘ইতিহাস’, ‘অজন্তার আবিষ্কার’, ‘বৌদ্ধ ধর্মের পরিচয়’, ‘অজন্তার চিত্রের বৈশিষ্ট্য’, ‘বিষয়বস্তু’, ‘বেশভূষা’, ‘অলংকার’, ‘গৃহসজ্জা’, ‘প্রকৃতি’, ‘অজন্তার ছবির বিন্যাস বা কম্পোজিশন’, ‘পরিপ্রেক্ষিত বা পারসপেকটিভ’, ‘ড্রয়িং বা রেখার ব্যবহার’, ‘রঙের ব্যবহার’, ‘অলংকারশিল্প বা নকশা’, ‘স্থানচিত্র’ ও ‘ভাস্কর্য’।

প্রতিটি অধ্যায়ই তথ্যে ঠাসা। সংক্ষিপ্ত অথচ বিষয়সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে ভুল করেননি রচয়িতা। ভণিতার পরে প্রথমেই জানাচ্ছেন অজন্তার অবস্থান সম্পর্কে। অবস্থান না জানলে আমরা কী করে বুঝব যে অজন্তা ভারতীয় উপমহাদেশেরই অন্তর্গত এবং সেই সুবাদে প্রাচীনতম এই শিল্পনিদর্শনের আমরাও উত্তরাধিকারী। অজন্তায় যেতে হলে ভারতের কলকাতা থেকে হাওড়া-মুম্বাই রেলপথের অংশ জলগাঁও রেলস্টেশনে গিয়ে নামতে হবে। জলগাঁও মহারাষ্ট্রের একটি শহর। জলগাঁও থেকে অজন্তার দূরত্ব মাত্র ৫২ কিলোমিটারের মতো।

‘ইতিহাস’ অধ্যায়ে তুলে ধরা হয়েছে অজন্তার জন্মের নেপথ্যকথা। পাশাপাশি বিশ্বের গুহাচিত্রের প্রাচীনতা ও তার কালপরিক্রমার বিবরণ। আর তারই পটভূমিতে অজন্তার গুরুত্ব। শুধু গুরুত্বই বা বলি কেন, অজন্তা যে শিল্পগত সৌন্দর্য ও সমৃদ্ধির অত্যুজ্জ্বল উদাহরণ, নাজলী লায়লা মনসুর সে কথা তুলে ধরেছেন বিস্তারিতভাবেই।

অজন্তা
অজন্তা
অজন্তা নাজলী লায়লা মনসুর
প্রচ্ছদ: অশোক কর্মকার l
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা l
প্রকাশকাল: জুলাই ২০১৬
৩২ পৃষ্ঠা l
দাম: ১৫০ টাকা।

অজন্তার আবিষ্কারের ইতিহাস যেমন রোমাঞ্চকর, তেমনি কৌতূহলোদ্দীপকও। এই অধ্যায়ের পাঠ পাঠককে বেশ উদ্দীপিত করবে। এ ব্যাপারে ইংরেজদের অবদান যে অনস্বীকার্য, তা বলাই বাহুল্য। এই অধ্যায় থেকে আমরা এ-ও জানব, নানা সময়ে অজন্তাকে কী ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। লেখক আমাদের জানাচ্ছেন, ‘এত ক্ষয়ক্ষতির পরও বর্তমানে অজন্তার বিশাল চিত্রশালার যা অবশিষ্ট আছে, তা সত্যিই বিস্ময়ের বস্তু। সবটা যদি থাকত তা হতো বিশ্বের চিত্রকলার ঐশ্বর্যের সবচেয়ে বড় ভান্ডার।’

এ বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ‘বৌদ্ধ ধর্মের পরিচয়’। কেন এই পরিচয় তুলে ধরা? এর মূলে আর কিছু নয়, বৌদ্ধরাই মূলত কীভাবে অজন্তার গুহাচিত্রশালা গড়ে তুলেছিলেন, তার বিবরণ তুলে ধরতেই অধ্যায়টির অবতারণা। বিস্ময়কর তাঁদের প্রয়াস! নাজলী জানিয়েছেন, ‘এগুলো কিন্তু প্রাকৃতিক গুহা নয়। রীতিমতো পাথরের পাহাড় কেটে-খুঁড়ে গুহাগুলো তৈরি করা হয়েছে।’ আর সেসব গুহাকে বৌদ্ধ চিত্রশিল্পীরা শোভিত করেছেন তাঁদের সৃষ্ট শিল্পের সম্ভারে, যা আজ বৈশ্বিক ঐতিহ্যের অঙ্গীভূত।

নাজলী লায়লার বৈচারিক দৃষ্টি একরোখা নয়। অজন্তার চিত্র বা শিল্পকর্মের বৈশিষ্ট্যগত দিক, বিষয়বস্তু, অঙ্কিত চিত্রাবলির বেশভূষা, তাদের অলংকার ও গৃহসজ্জা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। একপর্যায়ে তিনি বলেছেন, ‘যদিও অজন্তার চিত্রগুলোতে মানুষই প্রধান বিষয়, তবু প্রকৃতি ও প্রাণিকুলকেও এসব ছবিতে খুবই যত্নের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে।’ ছবিগুলোর বিন্যাস বা কম্পোজিশন, পরিপ্রেক্ষিত বা পারসপেকটিভ, ড্রয়িং বা রঙের ব্যবহার নিয়েও খোলামেলা আলোচনা আছে। দ্রষ্টব্য ভাস্কর্য নিয়েও বলেছেন কথা। তাঁর বিবরণ পড়তে পড়তে মনে হয়, অজন্তার সবকিছুই আমার চোখের সামনে। এই বই ক্ষুদ্র কলেবরের হলেও, বর্ণনার গুণে আমরা কিছুক্ষণের জন্য হলেও যেন অজন্তা ঘুরে আসি।