চোর না, চর্বি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের ঘুম ঘুম ঘোর থেকেই কানে ভেসে এল দরাজ গলার চিৎকার ‘চোর চোর!’ মুহূর্তেই কান খাড়া। এবার শুনলাম ‘চোর বি চোর বি।’ যাহ্, চোরের আবার এ-বি-সি-ডি আছে নাকি! ঘুমটাই উবে গেল। চারতলার বারান্দা থেকে নিচের রাস্তায় উঁকি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। দেখি সেখানেই ঝাঁকা মাথায় এক লোক পুরো গলি কাঁপিয়ে দিয়ে হেঁকে যাচ্ছে, ‘চোর বি আছে, চোর বি।’লোকটাকে থামতে বলে নিচে নামলাম। লোকটা ততক্ষণে মাথার ওজনদার ঝাঁকাটা নামিয়ে জিরোচ্ছে। ‘আপনি কিসের ব্যবসা করেন ভাই?’ প্রশ্ন করতেই জানা গেল, তিনি কিছু বেচেন না। কেনেন। কেনেন গরুর চর্বি! লোকটার নাম মোহাম্মদ আনোয়ার। থাকেন ঢাকার লালবাগে। সাত বছর ধরে ঢাকার অলিগলি-ঘুপচি ঘুরে ঘুরে সংগ্রহ করেন চর্বি। বিশেষ করে কোরবানি ঈদের সময়টায়, তাঁর ভাষায়, ‘বিজনিসের সিজিন’। গরুর মাংস জ্বাল দিয়ে রাখার সময় হাঁড়িতে চর্বি জমে। অনেকেই সেই চর্বি জমিয়ে রাখেন ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন বলে। এক কেজি চর্বি বিক্রি করলে পাওয়া যায় ৫০ টাকা।আনোয়ার নিজে কত দামে এই চর্বি বিক্রি করেন, সেটা অবশ্য খোলাসা করতে রাজি হলেন না। সেটা ব্যবসার গোপনীয়তা, তায় আবার কথা বলার মাঝখানে একজনের কাছ থেকে তিন কেজি চর্বিও কিনেছেন। এখন সেই চর্বিবিক্রেতা গৃহিণীর সামনেই তো আর বলে দেওয়া যায় না ক্রয়-বিক্রয়ের যোগ-বিয়োগে তাঁর লাভ থাকে কত। তবে এই চর্বি দিয়ে কী করেন, সেটা বললেন নিঃসংকোচে। চর্বিগুলো তিনি দিয়ে দেন সাবান কারখানায়। এই চর্বি দিয়ে কেমিক্যাল মিশিয়ে তৈরি হয় সাবান। সেই সাবান তৈরির প্রক্রিয়া পুরোটা অবশ্য বলতে পারলেন না। তবে এতটুকু নিশ্চিত করলেন, ‘চর্বি না মিশাইলে দেখবেন সাবানে গেলেস দিব না।’নামীদামি কোনো কারখানায় অবশ্য বেচেন না। তাঁর চর্বির ঠিকানা হয় অচেনা-অখ্যাত ছোট ছোট কারখানায়। ‘সিজিনে’র সময়, অর্থাৎ কোরবানির ঈদের সময়ে দিনে দেড় মণ চর্বি পর্যন্ত সংগ্রহ করেছেন। এখন ধীরে ধীরে তার পরিমাণ কমে আসছে। তার পরও এখনো ৩০-৪০ কেজি চর্বি দিনে কিনতে পারেন।এত পেশা থাকতে এই পেশায় কেন? উত্তরে জানা গেল, মোহাম্মদ আনোয়ার আগে পত্রিকা এবং ‘ভাঙারি’ কিনতেন। এই ব্যবসার মূল লাভ ছিল ওজনে কারসাজি এবং ভাঙারির জিনিস থেকে কখনো কখনো পাওয়া তুলনামূলক দামি কিছু। ‘যেমন ধরেন এক কেজি তার কিনলাম। হের ভেতর কিন্তু থাকে তামা। তারের প্লাস্টিক গইলা তামাটা বাইর কইরা নিলে সেইটার দাম মেলা’—পূর্বতন ব্যবসার কারসাজি জানিয়ে দিতে দ্বিধা নেই তাঁর মনে। তবে সেই ব্যবসা ছেড়েছেন দুটো কারণে, ‘অহন মাইনষে অনেক চালাক। মেলা দরদাম করন লাগে, খালি প্যাঁচাল পাড়ন লাগে। হের লাইগা ছাইড়া দিসি।’ দ্বিতীয় কারণটা শুনে একটু চমকেও গেলাম, ‘মাইনষেরে ঠকাইতে আর ভাল্লাগে না।’ আনোয়ারের সরল এই জীবন-দর্শনের কাছেও অনেক শেখার আছে বৈকি!সময় দেওয়ার জন্য ‘থ্যাংক ইউ’ বলতেই বেশ কেতা করে উত্তর এল, ‘ওয়েলকাম’। চমকেই গেলাম। পড়াশোনা কত দূর করেছেন? ভারী ঝাঁকাটা মাথায় তুলতে তুলতে একটা দীর্ঘশ্বাস ফেলে আনোয়ার বললেন, ‘হাহ্, গরিবের আবার পড়াশুনা...।’ উত্তর অসমাপ্ত রেখে হাঁটা দিলেন। ভেসে এল তাঁর হাঁক, ‘চোর-বি আছে, চোর-বি!’