ছন্দ আর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এত যারে চাই’, শিল্পী: আশরাফ হোসেন
‘এত যারে চাই’, শিল্পী: আশরাফ হোসেন

দৃশ্যশিল্পের ভাষা মনের অনুভূতিতে নাড়া দেয়। ‘বাইশে শ্রাবণ’ শীর্ষক এ প্রদর্শনীর ছবিগুলোতে আছে রবীন্দ্র-সাহিত্যনির্ভর প্রকাশ। প্রদর্শনীর মূল ভাবনা হলো রবীন্দ্রনাথ ও তাঁর চরিত্রসমূহ। আশরাফ হোসেন স্বভাব শিল্পী। প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা না থাকলেও পরিপূর্ণ শিল্পকর্মের অবয়ব নির্মাণে তিনি সচেষ্ট। 
এখানে সাতটি তুলি-কালির কাজ রবীন্দ্র-চিত্রকলার আদলে করা। রবীন্দ্রসাহিত্যের কাদম্বরী দেবী, কিশোর ও রবীন্দ্রনাথের অবয়ব ঘিরে গড়ে তোলা শব্দের গাঁথুনি ভিন্ন ভাষা তৈরি করেছে। আশরাফের কাজে অভিব্যক্তি স্পষ্ট। রবীন্দ্র-সৃষ্টিকলার বলয় ঘিরেই তিনি একটি শিল্পভাষা গড়েছেন।
এক কথায় এ প্রদর্শনীর কাজের মধ্যে রবীন্দ্র-চিত্রকলার করণ পদ্ধতির যোগ আছে। সে দিক থেকে এ ছবিগুলো আমাদের মধ্যে নতুন ভাবনা তৈরি করে, ছবিতে রবীন্দ্র-চিত্রকলার ফর্ম ও বিন্যাস থাকা সত্ত্বেও।
ছবিগুলো দেখতে দেখতে আমাদের মনে পড়ে, আশরাফ বেশ কিছুদিন কাটিয়েছেন শান্তিনিকেতন ও শিল্পী এস এম সুলতানের সঙ্গে। কোথাও থিতু হননি। সেই ছাপ আছে তাঁর ছবিতেও। প্রচলিত চিত্ররচনার প্রয়োগরীতি ক্যানভাসে উপস্থিত কিন্তু পাশ্চাত্য রঙের ব্যবহাররীতিও আছে এখানে।
তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র—এই মাধ্যমে কাজ করেছেন আশরাফ। কখনো আবার বিশুদ্ধ তেলরং পদ্ধতি প্রয়োগ করে ঢেকে দিয়েছেন রবীন্দ্র-অবয়ব। শব্দের ব্যবহারে শূন্য স্পেসে বুনট তৈরি করে একরকম যোগাযোগ ঘটিয়েছেন ছবির চরিত্রের সঙ্গে।
একটি ছবির বিষয় নিয়ে কথা বলে আলোচনা শেষ করব। ‘এত যারে চাই’ শিরোনামের এই ছবিতে আকাশ রঙে নীল হয়ে আছে ক্যানভাসের উপরিভাগ। চৌকোনা ও নানা আকৃতির রেখা নিম্নমুখী সর্পিল। বান্ট সিয়েনা রঙের ফর্মে গড়ে উঠেছে নানা আকৃতি। এখানেই শেষ নয়, এ ছবিতে মানব-মানবীর অবয়ব বেশ আলগোছেই খুঁজে নিতে পারবেন দর্শক। এ ছবিতে পাওয়া যাবে ছন্দ আর আনন্দ।
প্রদর্শনীর সবকটি কাজের মধ্যে অবশ্য শূন্য স্পেস নেই, হয়তো শিল্পী এখানে প্রথা না মেনে চলার পক্ষপাতী। তবে ছবি দেখার জন্য তো চাই ক্যানভাসে খানিকটা দৃষ্টির স্বাচ্ছন্দ্য। কিন্তু অনেক রং-রেখায় আচ্ছাদিত ক্যানভাস ছবি দেখার ক্ষেত্রে কখনো কখনো অস্বস্তি তৈরি করে। শিল্পপ্রাঙ্গণে ১৬ আগস্ট শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ২৫ আগস্ট।