ছন্দময় শিল্প
তাঁরা পাঁচজন দলবদ্ধ হয়েছেন একটি প্রদর্শনী করার জন্য। তবে কাজের ধরন ও শিল্পভাবনায় তাঁরা পৃথক। প্রদর্শনীর শিরোনাম Rhythm of Art. সবে একাডেমির চত্বর পেরিয়েছেন। তবে নিজস্ব রীতি তৈরির প্রস্তুতিপর্বে আছেন এখনো। ফলে নানা ধরনের নিরীক্ষা করছেন। এসব ছাপিয়ে যে বিষয়টি যে কারও নজরে আসবে তা হলো, তাঁদের অনেক স্বাতন্ত্র্য আছে, যা পরিচর্যা করলে তাঁরা তাঁদের স্বাক্ষরকে আমাদের দেশের শিল্পে স্থায়ী আসন দিতে পারবেন। প্রথমেই মনোনিবেশ করি এ এস এম রাশেদুল আলমের কাজে। তিনি মাধ্যম হিসেবে নিয়েছেন জলরং ও কাগজ। জলরঙের সাধারণ দক্ষতার বাইরে কলাকৌশলের চমক নিয়ে তাঁর কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। আর তাঁর প্রয়োজনও তিনি বোধ করেন না। বরং সরল-সাবলীল অভিব্যক্তিতে নিজের গল্প বলতে চান এবং সেই গল্পটি বেশ সাবলীলও। ভাষার গঠনের দিক থেকে অনেকটাই স্বতন্ত্র, তবে কখনো কখনো শিল্পী নেসার হোসেন হয়তো তাঁকে আকর্ষণ করেন। তাঁর ‘সমাজ ও আমি’ শিরোনামের একটি কাজে আমরা দেখি একটি হাত যার রং লাল, তবে হাতটি কাটা হাত নাকি কারও বাড়িয়ে দেওয়া হাত, তা বোঝা যায় না। একটি মস্তক যা ভাসমান এবং যার নেত্রে বিস্ময় একটি হলুদ কুকুর পাখা মেলে হেঁটে আসছে। আপাত দ্বিমাত্রিক উপস্থাপনায় রং ছিটিয়ে এমন একটি বুনট তৈরি হয়েছে, যা উপস্থাপনায় কিছুটা স্বাপ্নিক আবহ তৈরি করেছে। শিল্পী এত দিন যেভাবে কাজ করছিলেন, তা থেকে এই কাজে অনেক গুণগত পার্থক্য রচিত হয়েছে। নির্মাণশৈলীতে একটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে। অপর একটি কাজ গোলাপিসহ এখানে অসংখ্য পুকুর এবং দণ্ডায়মান একজন মানুষ। মানুষটিকে ভাসমান মনে হয়। সব মিলে তাঁর কাজ বাস্তবের পরাবাস্তব নির্মাণ যেন।এবার আমরা দেখব শিল্পী সাদেক আহমেদের কাজ। তিনিও প্রাতিষ্ঠানিক রীতির ব্যত্যয় না ঘটিয়েই ব্যবহার করেছেন জলরং এবং তাঁর বিষয় শহর। শিরোনাম ‘একটি শহরের গল্প’। এই শহর কোন শহর? অবশ্যই ঢাকা। কিছু নিদর্শন দেখে বলা যায়, পুরান ঢাকার নানা স্থাপত্যকে নিজস্ব রীতিতে আঁকার চেষ্টা করেছেন। তবে এ শহর মানবশূন্য ভুতুড়ে ও পরিত্যক্ত। আমাদের অগ্রজ অনেক শিল্পী এমন মানববর্জিত শহর এঁকেছেন, তবে এই জনবহুল শহরকে জনমানবশূন্য করে আঁকার এই প্রয়াসের মনস্তাত্ত্বিক কারণের সঙ্গে আমাদের বিমূর্ত ও বিমূর্ত অনুরূপ কাজের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে একটি পৃথক আলোচনা হতে পারে। মোহাম্মদ আল-আখির সরকার নানা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন এখনো। নিজস্ব রীতি নির্মাণে তাঁর সংশয় কাটেনি এখনো। যেমন তাঁর ‘স্বপ্নের ষাঁড়’ ও ‘মৃত ফুল’ শীর্ষক কাজ দুটি সম্পূর্ণ ভিন্ন, যা দুই শিল্পীর কাজ বলে চালিয়ে দেওয়া সম্ভব। ‘ইতিহাস লেখক’ শীর্ষক কাজটি আবার আরেক ধর্মের, তবে এর সঙ্গে ‘মৃত ফুল’ শীর্ষক কাজটির কিছু সাযুজ্য লক্ষ করা যায়।আদনান শাফিন জলরঙে কাজ করেছেন। তাঁর বিষয় ভূ-দৃশ্য আর এই ভূ-দৃশ্য একেবারেই প্রাতিষ্ঠানিক। তবে এ ক্ষেত্রে তাঁর দক্ষতা আছে এবং এই দক্ষতা আমাদের এই বাংলার প্রাতিষ্ঠানিক ইমপ্রেশনিস্ট ধারার।নাসরিন নাঈম অমি সম্পূর্ণ দুটি ভিন্ন ধারার উপস্থাপনা নিয়ে এসেছেন প্রদর্শনীতে। ‘শকুনতলা’, ‘সুখি দম্পতি’ এবং ‘ইমেজ ১-৩’ কাজগুলো দৃষ্টিনন্দন ঘরের সজ্জায় বেশ মানানসই। তাঁর অপর একটি দিক কারিগরি দক্ষতা, যা বেশ উঁচুদরের সম্ভাবনায় সম্ভাবনাময়। তবে এসব কালে আরেকটু বুদ্ধির প্রয়োগ ঘটলে বোধ হয় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ‘ইমেজ’ শীর্ষক কাজগুলো তিনি করেছেন কাগজকে অ্যামবুশ করে স্প্রে রঙে রাঙিয়ে। ‘শকুনতলা’ ও ‘সুখি পরিবার’ শীর্ষক কাজগুলো হয়েছে খোদাই কাঠে রং ও ধাতুর প্রয়োগে, কোথাও কোথাও বার্নার দিয়ে পুড়িয়ে বুনটে ভিন্ন একটি মাত্রা যোগ করার চেষ্টা করেছেন।সম্ভাবনাময় তরুণ তাঁরা এবং তাঁদের এই কাজ সাধারণ দর্শকদের মন কাড়বে বলে মনে হয়। এশিয়াটিক সোসাইটির ফাইন আর্ট গ্যালারিতে ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।