
হ্যাঁ, আমি একজন রোহিঙ্গা
হ্যাঁ, আমি মিয়ানমার থেকে এসেছি
কিন্তু তবু মানুষ আমি
তবু এই পৃথিবীর অংশ
—আলী জোহার, রোহিঙ্গা কবি
শিল্পকলা একাডেমির চতুর্থ তলার ৫ নম্বর গ্যালারিতে ঢুকতেই দেয়ালে বড় করে লেখা ‘কেন শরণাগত?’ পুরো প্রদর্শনী নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সংক্ষিপ্ত লেখা। ওই লেখা থেকে প্রদর্শনী বিষয়ে একনজরেই একটা ধারণা পাওয়া যায়। কেন এই মানুষগুলো বাংলাদেশে আশ্রয়প্রার্থী, কী তাঁদের দুর্ভোগ, না পাওয়া, চাওয়া কী; আর কী-ই বা সংগ্রাম? এসব প্রশ্নের সঙ্গে সঙ্গে তাদের জীবনের গল্প আছে আলোকচিত্রগুলোতে। প্রদর্শনীর ছাপানো প্রকাশনায় রোহিঙ্গা কবি আলী জোহারের কবিতাও যেন জানান দেয় রোহিঙ্গাদের জবানবন্দি।
নিজ দেশে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরবাসী হয়েই ছিলেন রোহিঙ্গারা। এ বছরের আগস্টে পুনরায় সেনাবাহিনী ও অন্যদের নৃশংস হামলা, ধর্ষণ আর গণহত্যার ঘটনা ঘটে তাদের ওপর। প্রাণ বাঁচাতে লাখো মানুষ আশ্রয় নেয় বাংলাদেশ সীমান্তে। কক্সবাজার, উখিয়া, টেকনাফের দীর্ঘ এলাকাজুড়ে ‘শরণাগত’ সেই মানুষের জীবনসংগ্রাম নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিল্পকলা একাডেমিতে চলছে আলোকচিত্র প্রদর্শনী—‘শরণাগত: বাস্তুচ্যুত রোহিঙ্গা’।
আলোকচিত্রশিল্পী আবীর আবদুল্লাহর কিউরেশনে এখানে স্থান পেয়েছে প্রথম আলোয় কাজ করা সাত তরুণ আলোকচিত্রী আর এক প্রতিবেদকের ছবিসহ মোট ৬৭টি ছবি। গ্যালারিজুড়ে আছে তাঁদের ছবি আর কাজের সময়ের অনুভূতির কথা। যে আটজনের ছবি আছে, তাঁদের মধ্যে নারী একজনই—সাবিনা ইয়াসমিন। আরও আছে আবদুস সালাম, সুমন ইউসুফ, সৌরভ দাশ, সাইফুল ইসলাম, আশরাফুল আলম, জুয়েল শীল ও টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের ছবি। একেকটি ছবি যেন ইতিহাসের একেকটি দলিল।

চলতি বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা। এখন পর্যন্ত এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন সবাই। প্রাণভয়ে রোহিঙ্গারা যখন আশ্রয় নিচ্ছিলেন বাংলাদেশে, তখনো চলছিল নির্যাতন, ধর্ষণ আর গণহত্যা। জ্বলছিল গ্রামের পর গ্রাম। সীমান্তের এপার থেকে সেই আগুনে পোড়ার নৃশংস ঘটনার ছবি তুলেছেন আশরাফুল আলম। বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে এই অসামান্য দলিলটি তিনি ক্যামেরাবন্দী করেন ৮ সেপ্টেম্বর। ঘন নীল কালচে আকাশ; দূরে ঘরপোড়া লাল আগুন আর কালো ধোঁয়ার পাকানো কুণ্ডুলি যেন ওপারের নৃশংসতার খবর দিচ্ছে এপারের মানুষকে। কী করার আছে? কী আছে সমাধান? নানা প্রশ্ন মনে। আশরাফের আরেকটি ছবিতে দেখা যায়, কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদী পার হয়ে এপারে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা।
দেখলাম সাইফুল ইসলামের অসাধারণ সব ছবি। দারুণ শক্তিশালী কায়দায় ছবিগুলো দর্শককে জানায় রোহিঙ্গাদের দুর্দশার গল্প। সাইফুলের কয়েকটি ছবির কথা মনে পড়ছে। একটি ছবিতে লম্বা লাইনে রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ—সবাই পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। ঠিক সীমান্ত বরাবর ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ, মাঝখানে যেন এই লাইন।
এই আলোকচিত্রীর আরেকটি ছবিতে দুজন নারী তাঁর মৃত বাবার পাশে বসে পড়ছেন পবিত্র কোরআন। তাঁদের রীতি অনুযায়ী মৃতের একটি চোখে সবুজ একটি পাতা দেওয়া। আরেকটি ছবি লম্বালম্বি তোলা—লম্বা একটা গাছের নিচে পলিথিন জড়ানো। প্রথমে টের না পেলেও ভালো করে খেয়াল করলে দেখা যায়, বৃষ্টি থেকে রেহাই পেতে ওই পলিথিনের নিচে লেপ্টে আছে দুজন রোহিঙ্গা।

সুমন ইউসুফ ছবি তুলেছেন ভিন্ন কায়দায়। ছবিগুলোকে কিছুটা ডিস্যাচুরেট করে, এডিট করে একটা ভিন্ন মুডে, ভিন্ন রঙে হাজির করেছেন দর্শকের সামনে। রোহিঙ্গাদের জীবনের দুর্ভোগ ফিকে রঙে ধরা দিয়েছে তাঁর ক্যানভাসে।
সাবিনা, জুয়েল ও সৌরভের ছবিতে আছে নারী ও শিশুর কথা। প্রতিবেদক গিয়াস উদ্দিন তাঁর মোবাইল দিয়েই তুলেছেন অনেকগুলো ছবি। এ ছাড়া আছে ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়া মানুষের দুর্ভোগসহ নানা আলোকচিত্র।
শুধু ইতিহাসের দলিল হিসেবেই নয়, এই মুহূর্তেও এই ছবিগুলো ভীষণ জরুরি আর কাজেরও। যতক্ষণ না রোহিঙ্গারা ফিরে যেতে পারছে নিজ বাসভূমে, যতক্ষণ তারা এ দেশে আছে শরণাগত হয়ে, ততক্ষণ তাদের সর্বোচ্চ মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই আলোকচিত্রগুলো ভূমিকা রাখবে বলে মনে হয়। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, পূর্ণ নাগরিক স্বীকৃতি, অধিকারসহ তাদের নিজ দেশে ফিরে যাওয়া। তার জন্য দরকার বিশ্ব জনমত গঠন এবং মিয়ানমার সরকারের ওপর জোর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি। এ কাজেও এই প্রদর্শনীর আলোকচিত্রগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমার ধারণা। প্রদর্শনীটি শেষ হবে আজ ২৪ নভেম্বর।