ছবির কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি দিয়ে গড়ে তোলা হয়েছে চারটি গল্প। ফটোগ্রাফ মানেই তো আলো-আঁধারির খেলা। সেই আলো-আঁধারি ছাপিয়ে ছবি যখন নিজেই কথা বলে ওঠে, তখন তা অন্য রকম এক মানেও তো পেয়ে যায়। ইনসাইট নামে অ্যান্ড্রু বিরাজের যে বইটি নিয়ে কথা হচ্ছে, তাতে দুই ছত্র লেখা হয়তো আছে শুরুতে, কিন্তু মূলত তা ছবিতে ছবিতে হয়ে উঠেছে কবিতা। অ্যান্ড্রু ওর ছবিগুলো সম্পর্কে বলতে গিয়ে আমাদের দেশের ধনী-গরিবের বিভেদ, সামরিক একনায়কত্বের প্রতি আলোকপাত করেছেন। নিজের শৈশব-কৈশোরে দেখা বৈষম্য এবং তা নিয়ে বেড়ে ওঠার পর চারদিকে একই মলিন চিত্র দেখে দেখে ওর শৈল্পিক মন যেভাবে ঘটনাগুলো ধরেছে, তাতেই রয়েছে ক্যামেরা ও সৃজনশীল মানুষটির পুরো অবয়ব। ছবিগুলো কথা বলে।প্রথম অংশটি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প নিয়ে। মাত্র ৬০ হাজার বর্গমিটার এলাকায় যে ২২ হাজার আটকে পড়া মানুষ বাস করছে, তাদেরই তিনি তুলে এনেছেন নান্দনিকভাবে। ছবিগুলো দেখলে বর্ণিল হয়ে ওঠে মন। কষ্টের অন্ধকার থেকে মুক্তির আলোরও একটা আভাস পাওয়া যায় তাতে। শুধু প্রথম অংশটি কেন, সুন্দরবনের পাশে গাবুরা গ্রামটি, মানিকগঞ্জে আপন-এর বাহিনী কিংবা আফগানিস্তানের কাবুলে তোলা ছবিগুলো ছবি হিসেবেই মন টানে। কিন্তু সেই ছবি দেখার আনন্দের সঙ্গে ঘটনাগুলোর ইতিহাস উঠে এলেই একটু চমকে উঠতে হয়। তখনই কেবল বইটির নাম ইনসাইট বা অন্তর্দৃষ্টি কেন হলো, তা অনুভব করা যায়। ছবি দিয়ে কবিতা লেখার এই প্রয়াস মন ছুঁয়ে যায়।অ্যান্ড্রু বিরাজের বইটি অ্যাকশন এইড ও বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের অর্থায়নে প্রকাশিত হয়েছে। দাম রাখা হয়েছে আট শ টাকা। আপাতত যাত্রা ও পাঠশালায় পাওয়া যাবে ইনসাইট বইটি।