ছবির জীবন

ধানমন্ডির দৃক গ্যালারিতে ২৩ থেকে ২৪ অক্টোবর মাত্র দুই দিনের ফটোগ্রাফির আয়োজন—ডি’ ফটোক্যাফের আন্তর্জাতিক প্রদর্শনী ২০১৫। সংগঠনটি নতুন, প্রদর্শনীটিও এর প্রথম উদ্যোগ। কিন্তু গুনে গুনে ১০০ জন আলোকচিত্রীর তোলা আলোকচিত্র নিয়ে দৃশ্যকল্পের যে বিস্তার ঘটাল সংগঠনটি, তা এককথায় চমকপ্রদ। নাম করা থেকে নবীন চিত্রগ্রাহক, দামি ক্যামেরায় তোলা ছবি থেকে মুঠোফোনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য ও মুহূর্ত—প্রদর্শনীটির এই হচ্ছে বৈচিত্র্য ও সমৃদ্ধি।

বাংলাদেশে ফটোগ্রাফির চর্চা বেশ পুরোনো এবং বেশ কয়েক জন ‘মাস্টার’ আলোকচিত্রী দীর্ঘদিনের পরিশ্রমে একটি ঋদ্ধ ঐতিহ্য সৃষ্টি করেছেন এই নবীন শিল্পের। এরই নতুন নতুন চর্চাকারীদের এক সমাবেশ দেখা গেল ডি’ ফটোক্যাফের প্রদর্শনীতে। ১০০ জনের জমা দেওয়া ছবি থেকে ১০ জনকে আলাদা করে সম্মানিত করা হলো, আবার যাঁরা আয়োজক সংগঠনটির সঙ্গে সংযুক্ত, তাঁদের আলাদা একটি উপস্থিতি—কিন্তু আমার মনে হয়েছে, সংখ্যার সঙ্গে মেধার একটা ভালো সংযোগ ঘটেছে। কিছু কিছু ছবি দেখে অবাক হয়েছি, আপ্লুত করেছে কিছু ছবি, আবার কিছু ছবি ভাবিয়েছে। মনে হয়েছে, বাংলাদেশে আলোকচিত্র যে একটা উচ্চতায় উঠেছে, তার যেন একটা পরিচিতি এই প্রদর্শনী তুলে ধরল।
আলোকচিত্রী শুভ্র যখন আমাকে আমন্ত্রণ জানায় প্রদর্শনীটি দেখার, ভাবিনি ছবিগুলো দেখে এতটা ভালো লাগবে। তাঁকে ধন্যবাদ। ধন্যবাদ ওয়াজেদ ও বিনু মাহবুবাকে—নিজে তাঁরা গুণী চিত্রগ্রাহক, তবে বিশাল এই প্রদর্শনী করেছেন কারও সাহায্য ছাড়া। ডি’ ফটোক্যাফের সামনের দিনগুলোর দিকে তাকিয়ে থাকলাম।