ছবির পর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঝলসানো অবয়ব’, শিল্পী: হাসি চক্রবর্তী
‘ঝলসানো অবয়ব’, শিল্পী: হাসি চক্রবর্তী

চিত্রকর্মের শিরোনাম: ‘ঝলসানো অবয়ব’। ক্যানভাসের জমিনকে জ্যামিতিকভাবে বিভক্ত করে অ্যাক্রিলিক রঙে আঁকা। বাংলাদেশের স্বাধীনতার পর চারুশিল্পে যে পালাবদল ঘটে, হাসি চক্রবর্তী ছিলেন সে পরিবর্তনের এক উজ্জ্বল কান্ডারি। মাতিসের ফভবাদের অনুসারী এই শিল্পী আঁকতেন উজ্জ্বল বর্ণের চারিত্র্য অক্ষুণ্ন রেখে। প্রচারবিমুখতার কারণে ছিলেন পাদপ্রদীপের আড়ালেই। গত ডিসেম্বরে তিনি চলে গেছেন না ফেরার দেশে। শিক্ষকতা করতেন চট্টগ্রামে চারুকলা কলেজে। অসংখ্য শিক্ষার্থীকে দীক্ষা দিয়েছেন। তাঁরাই গড়ে তুলেছেন চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ, ঢাকা।
ঢাকায় বসবাসকারী চট্টগ্রামের চিত্রশিল্পীদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে ১৬ বছর আগে। এ পর্যন্ত নয়টি প্রদর্শনী করেছে তারা। সম্প্রতি তাদের নবম প্রদর্শনী শেষ হলো ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। ৯০ জন শিল্পীর দেড় শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে এখানে। এই প্রদর্শনীতেই সদ্যপ্রয়াত হাসি চক্রবর্তীর ‘ঝলসানো অবয়ব’ শিরোনামের ছবিটি উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনীর অন্যতম শিল্পী চন্দ্রশেখর দে। কালি-কলমে ‘অজানা’ শিরোনামে রূপকধর্মী ছবি এঁকেছেন তিনি। বহুতল ভবনের ছাদে অবতরণ করেছে ধোঁয়া ওঠা এক যান্ত্রিক সাম্পান, আকাশে পাখি উড়ছে, তবে অন্য কোনো প্রাণী নেই। কেমন যেন পরাবাস্তববাদী আবহ আছে এতে! কালি-কলমের সূক্ষ্ম ফোঁটা ও রেখার সম্মিলনে দৃষ্টিনন্দন কাজ করেন চন্দ্রশেখর। আলোচ্য ছবিতেও ফুটে উঠেছে সেই নান্দনিক চিহ্ন। অন্যদিকে একই কলাকৌশলে ছবি এঁকেছেন শাহ্ মাইনুল ইসলাম, ছবির নাম: ‘১৯৭১’।
কে এম এ কাইয়ুম ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে এঁকেছেন নগরে ডাস্টবিনে খাদ্যসন্ধানী কাকের ছবি। স্বপন আচার্য লোকশিল্পের সহজ অঙ্কন পদ্ধতিতে এঁকেছেন ‘প্রসাধন’। উত্তম গুহ মিশ্র মাধ্যমে এঁকেছেন ‘জলতরঙ্গ’। জোড়া ক্যানভাসে নানা রং ঢেলে সৃষ্টি করেছেন তরঙ্গের আবহ। ছাপচিত্রে প্রকৃতি এঁকেছেন জসিমউদ্দিন। সুফিয়া বেগমের চিত্রকর্মের নাম ‘গন্তব্য’। অ্যাক্রিলিক রঙে বিজয় চন্দ এঁকেছেন ‘খেলার মতো’। সুনীল কুমার পথিকের ছবির শিরোনাম ‘রমণী’। এ ছাড়া অনিকেত ভট্টাচার্য করোগেটেড বোর্ডে নির্মাণ করেছেন স্থাপনাশিল্প: ‘সাবধান! নির্মাণকাজ চলছে’।
প্রদর্শনীর মোড়কে এই আয়োজনের মূলে ছিল পুরোনো সহপাঠী ও সতীর্থদের সম্মিলনী। সেই মিলনমেলা পুরোপুরি সফল। কিন্তু প্রদর্শিত ছবিগুলো নিয়ে কিছু কথা বলার অবকাশ আছে: অনেকের দেখেই মনে হয়েছে, মাধ্যম আর চিত্রপটের সঙ্গে তাঁদের সংযোগ ভীষণভাবে কম। সৃজনশীলতার এই জায়গায় জোর না দিতে পারলে এই আয়োজনে তেমন কোনো লাভ হবে না।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ১৩ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ১৮ মার্চ।