ছবির ভুবনে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে চলছে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন। এ উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় রবীন্দ্রচিত্র প্রতিলিপি ও দেড় শ শিল্পীর ছবি নিয়ে ৬ মে শুরু হয়েছে বিশেষ চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীতে সব মিলিয়ে আড়াই শতাধিক ছবি আছে। এর মধ্যে কবিগুরুর নিজের আঁকা ছবি প্রায় ১০০। ভারত সরকার এ ছবিগুলোর প্রতিলিপি সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে উপহার দিয়েছে। প্রদর্শনীতে ঢুকলে প্রথমেই চোখে পড়ে রবীন্দ্রনাথের আঁকা চিত্রের প্রতিলিপিগুলো। এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে আঁকা সাদা-কালো ও বর্ণিল ছবিগুলো চোখে পড়ে। তাঁর পাণ্ডুলিপির পাতায় কাটাকুটি করে যে ছবির গাঁথুনি শুরু করেছিলেন, তারও দেখা মেলে এ প্রদর্শনীতে। এরপর বাংলাদেশের বিভিন্ন সময়ের বিখ্যাত শিল্পীদের আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিগুলো পাশাপাশি সাজানো রয়েছে। শিল্পীদের মধ্যে আছেন আমিনুল ইসলাম, বিজন চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, শহীদ কবির প্রমুখ। প্রতিকৃতিগুলো সবই কালি ও কলমে করা। ছবিগুলো বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। এরপর বাংলাদেশের সমসাময়িক বিখ্যাত দেড় শ শিল্পীর আঁকা রবীন্দ্রনাথকে নিয়ে ছবি। এখানে নবীন ও প্রবীণ শিল্পীদের চোখে রবীন্দ্রনাথ ও তাঁর ভাবনা শিল্পীরা প্রকাশ করেছেন তাঁদের নিজস্ব ভঙ্গিতে। রবীন্দ্রনাথের গল্প, কবিতা, গানের বিখ্যাত সব চরিত্র শিল্পীরা নিজেদের কল্পনার মাধ্যমে তুলে ধরেছেন ক্যানভাসে। কৃষ্ণকলি, ক্যামেলিয়া, নন্দিনী, মৃণ্ময়ী, হৈমন্তী, কাদম্বিনী, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা প্রভৃতি চরিত্র রূপায়ণের ক্ষেত্রে শিল্পীরা একপেশেভাবে তাঁদের যৌন আবেদনময়ী রোমান্টিক ভাবকেই প্রাধান্য দিয়েছেন। চরিত্রগুলোর সংগ্রাম বা আর্তচিৎকারের ভাষা দর্শকদের সমনে তুলে ধরতে শিল্পীদের আগ্রহ দেখা যায়নি। নিজস্ব অভিজ্ঞতায় বা কল্পনায় রবীন্দ্রনাথকে আঁকতে চেয়েছেন কোনো কোনো শিল্পী। এ ক্ষেত্রে হামিদুজ্জামান খানের ‘স্মৃতির রবীন্দ্রনাথ’, মোস্তফা জামানের ‘ধোঁয়া ও কল্পনার রবীন্দ্রনাথ’ অথবা শারদ দাসের ‘রবীন্দ্রনাথের মৃত্যুচিন্তা’ উল্লেখযোগ্য। শিল্পী তৈয়বা বেগম লিপি যথারীতি তাঁর নারীবাদী ঢঙে এঁকেছেন সেই কাদম্বিনীকে, যে মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। শিল্পীরা কবিতা বা গল্পকে উপজীব্য করে এঁকেছেন বহু ছবি। শিল্পী হাশেম খানের ‘সুভার ভাষা’য় দেখা যায় মুখহীন সুভাকে। কাইয়ুম চৌধুরীর ‘ঘন মেঘে আঁধার করে আসে/ ডাকিতেছিল শ্যামল দুটি গাই’-এ দেখা যায় সেই চেনা পরিচিত গ্রামের মেয়েটি। মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের ‘রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উৎসব’ এই প্রদর্শনীর একটি ব্যতিক্রম ছবি। তাঁর ছবিতে দেখা যায়, রবীন্দ্রনাথের শ্মশ্রুমণ্ডিত মুখ ঢেকে যায় বাজারওয়ালাদের নানা রঙের বিজ্ঞাপনে। প্রদর্শনী চলবে ১৫ মে, বাংলা ১ জ্যৈষ্ঠ, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।