
সদ্য প্রয়াত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর এই জীবনী এক সুপরিকল্পিত শ্রমের ফসল। এ বইয়ের লেখক সৈয়দ আজিজুল হক তাঁর ভূমিকা মারফত এ প্রসঙ্গে জানাচ্ছেন, ‘...২০১২ সালের ১৬ জুন থেকে ২০১৪ সালের ৮ মার্চ পর্যন্ত কালপরিসরে বহুদিন দীর্ঘ সময় ধরে আলোচনা করে কাইয়ুম চৌধুরীর ব্যক্তিজীবন ও শিল্পীজীবনের নানা দিক নিয়ে আমি তথ্য সংগ্রহ করি। আলোচনা করি কাইয়ুম চৌধুরীর সহধর্মিণী শিল্পী তাহেরা খানমের সঙ্গেও। কাইয়ুম চৌধুরীর নিজের লেখালেখি ও তাঁর সম্পর্কে অন্যদের লেখা নিবন্ধ অধ্যয়ন এবং তাঁর সঙ্গে দীর্ঘ আলাপচারিতা ও তাঁর ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতেই প্রণীত এ গ্রন্থ।’ অর্থাৎ ওপরে উদ্ধৃত ভূমিকাংশ থেকে আমাদের বুঝে নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না যে তাঁর এই জীবনী লেখার কাজ শেষ হয়েছিল তাঁর জীবদ্দশাতেই। চূড়ান্ত পরিমার্জনার কাজও চলছিল একই সময়ে। কিন্তু ২০১৪-এর ৩০ নভেম্বর শিল্পীর আকস্মিক মৃত্যু তাঁকে চিরকালের জন্য বঞ্চিত করেছে এই বইয়ের মুদ্রিত রূপ দেখার সুযোগ থেকে।
মোট ১১টি অধ্যায়ে বিভক্ত জীবনীটি নানা দিক থেকেই গুরুত্ববহ। কেননা, এতে কাইয়ুম চৌধুরী জীবনের নানা ঘটনাই শুধু উঠে আসেনি, সেই সুবাদে তাঁর জীবৎকালে এ দেশের নানা পর্বের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ঘটনাধারাও উঠে এসেছে সমানভাবে।
কাইয়ুম চৌধুরী: শিল্পীর একান্ত জীবনকথা

সৈয়দ আজিজুল হক
প্রচ্ছদ: অশোক কর্মকার
প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ডিসেম্বর ২০১৫
১৪৪ পৃষ্ঠা
মূল্য: ৬৫০ টাকা।
শিল্পীর বাল্য ও কৈশোরকাল ছিল খুবই বর্ণিল। অসচ্ছল সংসারের সদস্য হলেও শিল্প ও সৌন্দর্যের প্রতি তাঁর হার্দিক আকর্ষণে ভাঁটা পড়েনি কখনো। বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
সৈয়দ আজিজুল হক এই বই রচনায় অনুসরণ করেছেন কাইয়ুম চৌধুরীর জীবনের ধারাক্রম—প্রথম থেকে শেষাবধি। কীভাবে চিত্রাঙ্কনের দিকে ধাবিত হলেন তিনি, কীভাবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাক্ষাৎ পেলেন, কেমন করে ভর্তি হলেন তখনকার আর্ট স্কুলে, আর্থিক অসচ্ছলতার মুখে কীভাবে পড়াশোনা করতে করতেই ছবি এঁকে আর্থিক সচ্ছলতাকে করায়ত্ত করতে তৎপর হলেন, এ বইয়ে আছে সেসবের প্রায় অনুপুঙ্খ বিবরণ। আর্ট স্কুলে পড়তে গিয়ে এমন সব শিক্ষক ও সহপাঠীদের সঙ্গ লাভ করলেন, তাঁদের প্রায় প্রত্যেকেই কালক্রমে এ দেশের শিল্পকলা ও সংস্কৃতি জগতের মধ্যমণি হয়ে ওঠেন। কাইয়ুম চৌধুরী নিজেও এ দলের বাইরে থাকেন না। তিনিও গড়ে তুলছেন তাঁর নিজস্ব রীতিসর্বস্ব শিল্পের জগৎ—রং, তুলি, কাগজ আর ক্যানভাসের সম্মিলনে।
জীবনের শেষ দিন পর্যন্ত এঁকেছেন বইয়ের প্রচ্ছদ। বিংশ শতকের পাঁচের দশক থেকে শুরু করে একবিংশ শতকের দেড় দশকজুড়ে বিরামবিহীন ছিল তাঁর এই অভিযাত্রা। আলোচ্য বইয়ে আছে এসবের প্রায় বিস্তারিত বিবরণ। শুধু কি তাই, কীভাবে তিনি ঝুঁকলেন বামপন্থার দিকে, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর একুশের সংকলনের প্রচ্ছদ ও ভেতরের ছবি আঁকতেন, কীভাবে তাদের নানাভাবে সহযোগিতা করতেন, গ্রন্থকার তারও বিবরণ দিয়েছেন বিস্তারিতভাবে। এবং এ কথাও এই গ্রন্থসূত্রেই পাওয়া যাচ্ছে যে কাইয়ুম চৌধুরী এ দেশের ইতিহাস-সৃষ্টিকারী প্রতিটি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের ওতপ্রোত সহচর ছিলেন।
পাশাপাশি লেখক তুলে ধরেছেন শিল্পীর প্রেম-ভালোবাসা ও একান্ত পারিবারিক অনেক কথা, তাঁর নানা দেশ ভ্রমণের কথা। এমনকি বিচিত্র শখ ও সংগ্রহের কথাও।
কেবল তিনি লেখেননি তাঁর প্রয়াণের কথা। তাঁর প্রয়াণপর্বের কথা। ঊহ্য থাক তা। কাইয়ুম চৌধুরীর জীবৎকালটাই তো সব।
নানা সময়ে তোলা তাঁর আলোকচিত্র ও আঁকা ছবি দিয়ে এ বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা সাজানো।
কাইয়ুম চৌধুরীর এই জীবনী রচনা করে সৈয়দ আজিজুল হক সত্যিকার অর্থেই জাতীয় দায়িত্ব পালন করেছেন। তাঁকে অভিনন্দন।