ছয়চিরি দিঘির চড়কপূজা ও মেলা
সনাতনী হিন্দু সম্প্রদায়ের নিম্নবর্ণের হিন্দু হচ্ছে শব্দকর সম্প্রদায়। পূজা-অর্চনা, সামাজিক ও পারিবারিক সব অনুষ্ঠানে এ শব্দকরদের করতে হয় কঠিন কাজগুলো। চড়কপূজার আয়োজনও করেন শব্দকররাই। পূজা উৎসবের ১০-১২ দিন আগে থেকে বিভিন্ন এলাকার পূজারির মধ্যে ৪০-৫০ জন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিব-গৌরীসহ নৃত্যগীতসহকারে ভিক্ষাবৃত্তিতে অংশ নেন। এ কয়েক দিন তাঁরা পবিত্রতার সঙ্গে সন্যাসব্রত পালন করে নিরামিষভোজি এবং সারা দিন উপবাস পালন করেন। চড়কপূজার দুই দিন আগে পূজারিরা শ্মশানে গিয়ে পূজা অর্চনা করেন ও শেষে গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন গান গেয়ে ঢাকের বাজনায় সরগরম করে গোটা এলাকা। মৌলভীবাজারের কমলগঞ্জের ছয়চিরি দিঘির পাড়ে ভক্তরা নৃত্য করার জন্য কলাগাছ ও বাঁশের খুঁটিবেষ্টিত মণ্ডলী তৈরি করে। পূজার প্রথম দিন রোববার নিশি রাতে তান্ত্রিক মন্ত্র ধারা কাচ পড়া দিয়ে জ্বলন্ত কয়লার ওপর মানুষরূপী কালী সেজে নৃত্য করে। অন্য ভক্তরা নৃত্যের তালে তালে, ছন্দে ছন্দে ঢোলক, কাশি, করতাল বাজান। এ সময় দর্শনার্থীরা জয়ধ্বনি এবং নারীদের কণ্ঠে উলুধ্বনি দিতে থাকেন। তারপর তান্ত্রিক মন্ত্র দিয়ে সাতটি বলিছেদের (লম্বা দা) ওপর শিবশয্যা করেন। শিবের ওপর উঠে কালী ভয়ানক এক অদ্ভুত রূপ ধারণ করেন। কালী নাচ শেষে সকালে পূজারিরা পূজা করে পান বাটা দিয়ে চড়কগাছকে নিমন্ত্রণ জানানো হলে পার্শ্ববর্তী ঐতিহাসিক ছয়চিরি দিঘি থেকে ভেসে ওঠে ১০০ ফুট লম্বা চড়কগাছ। এ গাছের চূড়া থেকে মাচা পর্যন্ত চারটি পাখার মতো করে বাঁধা হয় চারটি মোটা বাঁশ এবং তাতে যুক্ত করা হয় মোটা লম্বা রশি। আগের বছর উৎসব শেষে এই দিঘিতে ডুবিয়ে রাখা হয়েছিল এ চড়কগাছ। দিঘির পাড়ে গর্ত খুঁড়ে সোজা এবং খাড়া করে পোঁতা হয় এ গাছ।২০০ বছরের ঐতিহ্যবাহী এই চড়কপূজা ও মেলা শুরু হয় ১৪ এপ্রিল সোমবার। রোববার দুপুর থেকে নারী-পুরুষ দর্শনার্থীর বিশাল সমাগম ঘটে চড়কপূজা ও মেলায়। বিকেলবেলা ভক্তরা মণ্ডলীতে এসে বিশাল দা দিয়ে নৃত্য, শিবের নৃত্য ও কালীর নৃত্য উপভোগ করেন। নৃত্য শেষে ঐতিহাসিক ছয়চিরি দিঘিতে স্নান করে ভক্তদের লোহার শিকল শরীরের বিভিন্ন অংশে গাঁথা হয়। নৃত্যের তালে তালে ঘোরানো হয় চড়কগাছ। দেবতার পূজা-অর্চনা শেষে অপরাহে মূল সন্ন্যাসী চারজন ভক্তের পিঠে লোহার দুটি করে বিরাট আকৃতির বড়শি গেঁথে রশিতে বেঁধে ঝুলিয়ে ঘোরানো হয় চড়কগাছে করে। এ সময়ে দর্শনার্থীদের অনেকে বাতাসা আর কলা ওপরের দিকে ছুড়ে দেন আর ভক্ত দর্শনার্থীরা তা কুড়িয়ে নেন।ছয়চিরি দিঘি ছাড়াও কমলগঞ্জ উপজেলার আলীনগর, পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়নের কয়েকটি স্থানেও এ চড়কপূজা অনুষ্ঠিত হয়।