ছাঁটাই
আর তুমি ভেবেছিলে তোমার চাকরি গেছে? ‘শুনেছ তো?’ জিজ্ঞেস করল সুদিন।‘কী?’ মুখ তুলে তাকাল মর্জি।‘আমাদের মালিক বদল হয়েছে।’‘তো?’ প্রশ্ন করল তাজ।‘তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ?’ সুদিনকে বিস্মিত দেখাল। ‘এর মানে তুমি জানো না?’‘না। আমি তো মাত্রই এখানে কাজ শুরু করলাম,’ বলল তাজ। ‘কেন, মালিক বদল হয়েছে তো কী হয়েছে?’‘বলো কী হয়নি।’ একটা দীর্ঘশ্বাস চাপল মর্জি, ওড়না তুলে মাথার পেছনটা খানিক ঢাকল। ‘এর চেয়ে খারাপ কিছু হতে পারে না।’‘মানে?’ ভ্রু কোঁচকাল তাজ। ‘কে মালিক, তাতে কার এমন কী আসে-যায়? কাজটা তো সেই একই, ঠিক না?’‘ভুল। নতুন মালিক সাধারণত তাঁর কোম্পানি ধুয়েমুছে সাফ করে ফেলেন, শুরু করেন পুরোপুরি নতুন করে,’ বলল সুদিন।তাজের চোখে শূন্য দৃষ্টি।‘আমি কি বলছি সে-সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাই না, তাজ?’‘না, সত্যি আমার কোনো ধারণা নেই।’ মর্জির সামনে সুদিন ওকে এভাবে গাধা-গরু বানাচ্ছে, এটা তাজের ভালো লাগছে না। মেয়েটিকে সত্যি খুব পছন্দ ওর। পরিস্থিতি অন্য রকম হলে ওকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া যেত, কিন্তু কোম্পানির অনেক বিধিনিষেধের একটা হলো, সহকর্মীরা পরস্পরের সঙ্গে প্রেম বা ঘনিষ্ঠ মেলামেশা করতে পারবে না।‘হুম,’ বলল সুদিন। ‘এখানে আমাদের কঠিন সব ঝড়ঝাপ্টা সামলাতে হয়েছে, আমাদের বেশির ভাগ কোনো না কোনোভাবে টিকেও গেছি। কিন্তু এটা একদম অন্য রকম। নতুন একজন মালিক চলে এসেছেন!’‘কিন্তু আজ আমার প্রথম দিন,’ বলল তাজ। ‘এটা ন্যায্য নয়, উচিতও নয়।’‘ন্যায্য? তোমার কি ধারণা, ন্যায্য-অন্যায্য নিয়ে তাঁর মাথাব্যথা আছে?’ শ্লেষমাখা হাসি ফুটল সুদিনের বাঁকা ঠোঁটে। ‘তাঁর কাছে তুমি স্রেফ একটা সংখ্যা, এর বেশি কিছু নও।’তাজের মন এসব মানতে চাইছে না।‘কথাটা সত্যি, তাজ,’ বলল মর্জি। ‘সুদিন ঠিক বলছে।’সুদিন আবার বলল, ‘কী বলি শুনে রাখো, মিয়া। এখান থেকে তুমি এত দ্রুত গায়েব হয়ে যাবে—এমনকি জানার সুযোগও পাবে না কী তোমাকে আঘাত করল।’‘এটা খুব হতাশার,’ বলল তাজ, ব্যাপারটা এবার ওর ভেতরে ঢুকছে। ‘কিন্তু তিনি শুধু পুরোনো লোকদের ছাঁটাই করছেন না কেন? যেমন ওই লোকটাকে? দেখে তো মনে হচ্ছে অনন্তকাল ধরে এখানে আছে।’‘হুসেন? হ্যাঁ, আমাদের বেশির ভাগ যত দিন বেঁচে আছি তার চেয়ে আগে থেকে এখানে আছেন হোসেন। তাঁর রহস্যটা কী আমি জানি না, তবে কীভাবে যেন তিনি তাঁর থাকার ব্যাপারটা ম্যানেজ করে নেন। কিন্তু তাকিয়ে দেখো। সবকিছু শুষে নিয়ে তাঁকে ছিবড়ে বানিয়ে ফেলেছে এই জায়গা।’‘এসব আমাকে অসুস্থ করে তুলছে,’ বলল তাজ। ‘এই কাজটা পেয়ে ভাবলাম, এবার সত্যি কোথাও পৌঁছাতে পারব। অথচ এখন...দেখা যাচ্ছে, এটা একটা কানাগলি...’‘স্রেফ মেনে নাও,’ বলল মর্জি। ‘এর সঙ্গে লড়তে যেয়ো না। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ।’‘আমি...মানে, ঠিক পেরে উঠছি না,’ বলল তাজ।‘গভীর করে শ্বাস নাও,’ বলল মর্জি। ‘চাপ আর উত্তেজনা ধরে না রেখে ছেড়ে দাও। ঢিল দাও পেশিতে। আমি তা-ই করি। তোমার পরিস্থিতি কেমন তা নিয়ে চিন্তা করা বৃথা। শুধু দেখো, তুমি ব্যাপারটাকে কীভাবে সামলাতে পারছ।’‘আরে, দূর! এই সব নতুন প্রজন্মের সহকর্মী আর তাদের সহমর্মিতা সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই,’ বলল সুদিন। ‘আমি যার যার নিজের শক্তিতে বিশ্বাসী। কিসে পারা যায় রাতটা পার করো। তোমার তরী তাতে ভাসতে পারছে কি না।’‘তুমি থামো!’ বলল তাজ। ‘তোমার একঘেয়ে বকবকানি আর শুনতে চাই না!’অকস্মাৎ সবাই চুপ করে গেল। কিছু একটা গমগম করছে কোথাও। প্রতি সেকেন্ডে বাড়ছে শব্দটা। ওদের গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে।‘কিসের আওয়াজ ওটা?’ জিজ্ঞেস করল তাজ, চারদিকে তাকাচ্ছে। ‘যেসব ঝড়ঝাপটা তোমাদের কাবু করতে পারেনি, সে রকম কিছু?’‘নাহ্। এটা তোমার চাকরি খাওয়ার আওয়াজ,’ বলল সুদিন।‘কিন্তু আমি ভেবেছিলাম...’‘কী ভেবেছিলে তুমি?’ খেঁকিয়ে উঠল সুদিন। ‘ভেবেছিলে এটা থেকে স্রেফ হেঁটে বেরিয়ে যেতে পারবে? ভেবেছিলে আমাদের সবার যে ক্ষতি হবে, তা থেকে তুমি রক্ষা পাবে? কেন, তুমি বিশেষ হলে কীভাবে, শুনি?’‘কিন্তু এটা তো শুধু একটা চাকরি,’ বলল তাজ, তার গলার আওয়াজ কাঁপতে লাগল। ‘এত জোরালো গর্জন হবে কেন, চারদিক এভাবে অন্ধকার হয়ে আসবে কী কারণে?’‘এটাই তো,’ বলল মর্জি। ‘এটাই। তুমি নেই, আমি নেই, আমরা কেউ নেই, শুধু মালি...’‘আমরা এক থাল করে প্রাণহীন মাংস,’ বলল সুদিন।সবকিছু গ্রাস করে ফেলছে বিকট আওয়াজ, তারই ভেতর থেকে তাজের রাগ আর ক্ষোভ ওদের কানে পৌঁছাল। ‘কিন্তু আমি ভেবেছিলাম নতুন মালিক আমাদের শুধু চলে যেতে বলবেন। আমরা তখন বাইরে বেরিয়ে নতুন কাজ জুটিয়ে নেব।’‘তুমি একটা গর্দভ!’ চেঁচিয়ে উঠল সুদিন।‘এ হতে পারে না!’ বলল তাজ। ‘আমাদের উনি মেরে ফেলেন কীভাবে?’সুদিন কোনো জবাব দেওয়ার আগেই সে এবং তার সহকর্মীরা সগর্জন এক সুনামির প্রবল তোড়ে ভেসে গেল, ওদের ভঙ্গুর দেহ কয়েক সেকেন্ডের জন্য উঠে গেল শূন্যে, তারপর মাটিতে পড়ে ভেঙেচুরে আর থেঁতলে একাকার হয়ে গেল। ওদের কাজ নর্দমায় ভেসে গেছে, আর তাই ওরাও ভেসে গেছে। বেচারা বয়োবৃদ্ধ হুসেন এখনো কার্নিশে খোদাই করা নকশা আঁকড়ে ধরে ঝুলে আছেন। নতুন মালিক ওখান থেকে তাঁকে খুঁচিয়ে সরাতে হাত ব্যবহার করতে বাধ্য হলেন। পাশেই অপেক্ষা করছে নতুন একদল কাজের লোক। যেকোনো মুহূর্তে ভেতরে ঢুকতে শুরু করবে তারা, নিজেদের সুনির্দিষ্ট নিয়তি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।আর তুমি ভেবেছিলে তোমার চাকরি গেছে?(বিদেশি গল্প অবলম্বনে)