ছাতা নিয়ে দুছত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদ, বৃষ্টি, ঝড় থেকে বাঁচায় যে ছাতা, সেই ছাতার ইংরেজি ‘আমব্রেলা’ না হয় জানি, কিন্তু আমব্রেলা এল কোথা থেকে। এটি যথারীতি এসেছে লাতিন শব্দ ‘আমব্রা’ থেকে, যার আভিধানিক অর্থ ছায়া। ইতিহাসবিদেরা বলেছেন, প্রাচীনকালে রোদের খরতাপ থেকে চামড়াকে আরাম দেওয়ার জন্যই মূলত ছাতার উৎপত্তি। কালের বিবর্তনে রোদের প্রতিকার এই ছাতা পরিণত হয়েছে বৃষ্টি থেকে মাথা ও শরীর বাঁচানোর উপকরণেও। আমাদের দেশে কাঠের ডাঁটে মালিকের নাম লেখা ছাতা হয়ে উঠেছিল একসময় গরুর দালাল আর ঘটকদের ট্রেডমার্ক। খ্রিষ্টপূর্ব একাদশ সালে চীনে প্রথম ছাতার ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন মিসর, মেসোপটেমিয়া, চীন ও ভারতেও ছাতা ব্যবহূত হতো সমাজের গুরুত্বপূর্ণ ও মানী লোকজনের সুবিধার্থে। প্রাচীনকালে ছাতার ব্যবহার ছিল সামাজিক মর্যাদা আর গুরুত্বের অন্যতম অনুষঙ্গ। ব্যাপারটি অনেকটা এমন ছিল যে যাঁর সামাজিক মর্যাদা বেশি ছাতা ব্যবহারের অধিকার কেবল তাঁরই। আমাদের বাংলাদেশেও সুদূর অতীতে ছাতা মাথায় দিয়ে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার ওপর ছিল নিষেধাজ্ঞা, যা ছাতার শ্রেণীভিত্তিক ব্যবহারেরই প্রমাণ দেয়।মধ্যযুগ-পরবর্তী শিল্প বিপ্লবের পর ছাতার বাণিজ্যিক প্রসার ঘটে পৃথিবীময়। মূলত বৃহৎ উপনিবেশের অধিকারী হওয়ার কারণে গ্রেট ব্রিটেনই ছাতার বাণিজ্যিক প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় ব্রিটিশরা তাদের বিভিন্ন উপনিবেশে ছড়িয়ে দেয় আধুনিক ছাতার ব্যবহার। ১৮৪৩ সালে হেনরি হল্যান্ড নামের এক ব্যক্তি ছাতায় ইস্পাতের ব্যবহার শুরু করেন। ১৮৬০ সালে স্যামুয়েল ফক্স প্রথমবারের মতো ‘ইউ’ আকৃতির হাতলের প্রচলন করেন। এভাবেই সময়ের বিবর্তনে, চাহিদা, প্রয়োজন ও রুচির ভিন্নতায় ছাতার আধুনিক সংস্করণ হয়ে উঠছে আরও বেশি আকর্ষণীয় ও কেতাদুরস্ত। ওয়েবসাইট অবলম্বনে নাইর ইকবাল