
দুই বাংলার সমকালীন শিল্পীদের ছাপচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘আমাদের কর্মশালা থেকে’। হ্যাঁ, গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে আয়তাকার বড় হলঘরের চার দেয়ালে ঝুলছে অনেকগুলো ছাপচিত্র। ২০১২ সালে ‘সফিউদ্দিন ছাপচিত্র স্টুডিও’ প্রতিষ্ঠা করে বেঙ্গল ফাউন্ডেশন। গেল বছর এখানে আয়োজন করা হয় কর্মশালা। সেই কর্মশালায় বিভিন্ন শিল্পীর আঁকা ও ছাপ নেওয়া সাম্প্রতিক ছবি নিয়েই এ আয়োজন।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, বীরেন সোম, আলমগীর হক, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, মাহবুবুর রহমান, তৈয়বা বেগম লিপি, রুজভেল্ট বেঞ্জামিন ডি রোজারিও, হাসানুর রহমান রিয়াজ, জয়া শাহরিন হক, শিমুল সাহা ও শুভ সাহার ছবি আছে এখানে। আর কলকাতার শিল্পীরা হলেন সুনীল দাস, যোগেন চৌধুরী, ধীরাজ চৌধুরী, অসিত মিত্র ও সুখময় মজুমদার। এ ছাড়া প্রদর্শনীতে অংশ রয়েছে কারেন কুন্স নামে মার্কিন এক চিত্রকরের ছবিও।
অজস্র ছবির মধ্য থেকে কয়েকটির কথা বলি: এচিং ছাপাইয়ে কাইয়ুম চৌধুরীর দুটি চিত্রেই পাওয়া যায় সম্প্রতি প্রয়াত এ শিল্পীর অঙ্কন-বৈশিষ্ট্যের স্বকীয়তা।
সমরজিৎ রায় চৌধুরী ‘ময়ূর’ শিরোনামে বর্ষার মেঘমালা, সবুজ নিসর্গ ও প্রবহমান জলের ধারার প্রেক্ষিতে এঁকেছেন নীলচে বর্ণের ময়ূরের চাঞ্চল্য। রঙিন অ্যাকুয়াটিন্ট ছাপাইয়ে দারুণ মনোহর কাজ এটি।
আয়তাকার এক প্লেটের নিচে হলুদাভ ও সাদা বর্ণের উঁচু-নিচু ভবন কাঠামো ও ভূমি। ওপরে নীলাভ আকাশে উড়ন্ত শ্বেত বলাকা, নক্ষত্রশোভিত নভোমণ্ডল—যোগেন চৌধুরীর ‘শিরোনামহীন’ রঙিন এচিং ছবিটি রং আর গঠন মিলিয়ে সহজ ও মজাদার। শিল্পীর সরল ও সাবলীল উপস্থাপনায় নান্দনিক হয়ে উঠেছে এই এচিং ছাপাই।
মানব-মানবীর নানা রকম চেহারা মূর্ত হয়েছে বেশ কজনের ছাপাইয়ে। মুর্তজা বশীর স্বল্পরেখার সরুটানে এঁকেছেন নারী অবয়ব। অন্যপক্ষে এচিংয়ে যে নারীকে গড়ে তুলেছেন ধীরাজ চৌধুরী, সে রমণীর চুলের পরেই দেখা যায় গাছ-পাতা ও পাখির বাসা। আবার এই এচিং মাধ্যমেই হাশেম খান এঁকেছেন গ্রামীণ নারী। ড্রাইপয়েন্টে বীরেন সোমও এঁকেছেন নারী ও পাখি। কোলাজসহ এচিং ছাপাইয়ে রোকেয়া সুলতানা এঁকেছেন পুরুষ অবয়ব—যেন-বা অশান্তি জাগানো ভয়ানক এক মুখ। সুখময় মজুমদারের ‘শিরোনামহীন’ শীর্ষক এচিংয়ে প্রোফাইল অবয়বের ভেতর আছে ত্রিনয়নের রহস্যময়তা। ওই রহস্যময়তা কি খানিকটা ভাবায় আমাদের? ঠিক যেমন বিচলিত করে মাহবুবুর রহমানের আত্মপ্রতিকৃতি ধরনের ছবিটি। কেননা, এই চিত্রে আত্মপ্রতিকৃতির মধ্যেই অস্থির সময়কে তুলে ধরেছেন মাহবুব। অন্যদিকে, শুভ সাহার ছবিতে দেখা গেল পরিত্যক্ত মুখোশ। এচিংয়ে আঁকা ছবিটির নাম ‘শিরোনামহীন’।

সাদা কাগজের ওপর কালচে রেখা ও ফর্মের স্বতঃস্ফূর্ততা—এটাই মনিরুল ইসলামের ছাপাইচিত্র। এর নামও ‘শিরোনামহীন’। সামান্য কয়েকটি রেখার মাধ্যমে কত আধুনিক মননশীল ক্যানভাস রচনা করতে পারেন শিল্পী, ড্রাইপয়েন্টের এই কাজটিই তার প্রমাণ।
খয়েরি রঙের ছাপাইয়ের ভেতর অনেক রকম ইফেক্ট। তবে আলোছায়ার প্রয়োগে অনুভূত হয় একধরনের মিষ্টতা। এভাবেই মাহমুদুল হক কম্পোজিশন এঁকেছেন এচিংয়ে। অন্যদিকে, অমিত মিত্র এচিং ছাপ নিয়েছেন ভিন্ন তিন রঙের কাগজে। এতে তাঁর ছবিতে ছন্দময় অসংখ্য ডট দেখতে পাই আমরা। পক্ষান্তরে এচিং অ্যাকোয়াটিন্টে আঁকা তৈয়বা বেগম লিপির ছবি দেখে ধন্দ জাগে, ক্যানভাসে কি ফোঁটা ফোঁটা জল নাকি রক্তধারা? ছবিটি মনোহর। একই মাধ্যমে অঙ্কিত শিমুল সাহার ছাপাইয়ে দেখা যায় ঐতিহ্য ও ধর্ম বিশ্বাসের প্রতিচ্ছবি। আর রুজভেল্ট বেঞ্জামিনের ছবিতে ফুটে ওঠে জীবনচক্র। দু-ভাগে বিভক্ত পটের ওপরাংশে ঢেউসদৃশ রূপ, নিচে তারের জটাজাল—কারেন কুন্স ছবি এঁকেছেন অপ্রচলিত কাঠামো নিয়ে। তাঁর ছবিও চমকপ্রদ।
১৪ জুন শুরু হওয়া প্রদর্শনীর চিত্রমালাগুলো যেন ছাপচিত্রের হরেক বৈচিত্র্যকেই নতুনভাবে তুলে ধরেছে। এটি শেষ হবে ১১ জুলাই।