গত ১৮ মে প্রথম আলো সাহিত্য সাময়িকীতে ‘ছাপা বইয়ের মৃত্যু আসন্ন’ শিরোনামে যে লেখাটি ছাপা হয়েছে তার মূল বক্তব্য ছিল, আগামী ‘বিশ বা পঁচিশ বছর পর’ ছাপা বইয়ের পাঠক ‘প্রায় নিশ্চিহ্ন হবে’ এবং সবাই ইলেকট্রনিক বই পড়বে। কারণ এর উৎপাদন খরচ কম এবং সংরক্ষণ ও ব্যবহারের সুবিধা ছাপা বইয়ের তুলনায় অনেক বেশি। আর এতে যেহেতু কাগজ ব্যবহূত হয় না, সে কারণে কাগজ তৈরির কাঁচামাল গাছ রক্ষা পাবে এবং পরিবেশ বাঁচবে। সুতরাং যত দ্রুত আমরা ছাপা বইয়ের মৃত্যু ঘটাব, পৃথিবীর জন্য ততই ‘মঙ্গল’।শিরোনাম বই নিয়ে হলেও লেখক ছাপা পত্রিকাকেও এর সঙ্গে একীভূত করে অভিন্ন সিদ্ধান্ত টেনেছেন। বস্তুত, পত্রিকা ও বইয়ের উদ্ভাবনগত, ব্যবহারগত, প্রকৃতিগত এবং সংরক্ষণগত পার্থক্যকে বিবেচনায় না এনে পরিবেশের প্রতি অতি মঙ্গলাকাঙ্ক্ষা-তাড়িত হয়ে এবং প্রযুক্তির সক্ষমতায় মোহিত হয়ে তিনি অমন সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন। যে ধরনের তথ্য লেখক দিয়েছেন এবং যা বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার সঙ্গে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার সংশ্লেষ ঘটিয়ে বর্তমানে যেটা অনুমান করা সম্ভব তা হলো, ছাপা বইয়ের নয়, আগামী বিশ-পঁচিশ বছরের মধ্যে ছাপা পত্রিকার মৃত্যু ঘটবে, অন্তত দৈনিক পত্রিকার। প্রকৃত অর্থে বই ও পত্রিকার উপর্যুক্ত পার্থক্য বিবেচনায় নিলে অমন সিদ্ধান্ত টানা সম্ভব হতো না। তা ছাড়া সব ধরনের ছাপা বই একই চরিত্রের নয়। সেগুলোরও উদ্ভাবনগত, ব্যবহারগত এবং সংরক্ষণগত পার্থক্য রয়েছে। সে বিবেচনায় সব ধরনের কোষগ্রন্থ বা অভিধানজাতীয় গ্রন্থের ইলেকট্রনিক সংস্করণ দ্রুতই ছাপা সংস্করণের জায়গা দখল করতে পারে। কিন্তু জীব ও জড় জগতের আর সবকিছুর মতোই বলা যায়, সব ধরনের ছাপা বইয়ের মৃত্যুও ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, তবে এ বিষয়ে যৌক্তিক অনুমানে পৌঁছানোর মতো যথেষ্ট শক্তিশালী ইঙ্গিতবাহী নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নেই। দ্বিতীয়ত, লেখক এই রচনায় সংক্ষিপ্ত আকারে ছাপাখানার ইতিহাসও (নাকি গল্প!) বলেছেন, যার মধ্যে বেশ কিছু তথ্যগত বিভ্রান্তি রয়েছে। বস্তুত, ছাপাখানার ইতিহাসের প্রারম্ভিক যুগের সব তথ্য বিতর্কমুক্ত নয়। বিতর্ক নিয়েও যে তথ্যগুলোর বিষয়ে অধিকাংশ গবেষক একমত তার সঙ্গে আলোচ্য লেখায় সংযোজিত তথ্যের সংঘাত রয়েছে। এ বিষয়ে ইতিহাসচর্চায় নিবেদিত নির্ভরযোগ্য ব্যক্তির নাম এস এইচ স্টেইনবার্গ (১৮৯৯-১৯৬৯)। তিনিও জার্মানির মানুষ; হিটলার সরকারের শাসনে অতিষ্ঠ হয়ে ১৯৩৬ সালে ইংল্যান্ডে ‘ডেরা’ বেঁধেছিলেন। পেলিক্যান থেকে ১৯৫৫ সালে প্রকাশিত এবং ব্রিটিশ লাইব্রেরি ও ওক নল প্রেস থেকে ১৯৯৬ সালে পরিমার্জিত (কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সাবেক কমিশনিং এডিটর জন ট্রেভিট কর্তৃক) তাঁর বিখ্যাত গ্রন্থ ফাইভ হান্ড্রেড ইয়ারস অফ প্রিন্টিংসয়ের তথ্য অনুযায়ী, গুটেনবার্গ কোনো দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধার নেননি (লেখক যে ব্রিটানিকার উল্লেখ করেছেন তাতেও এমন তথ্য নেই)। ১৪৫০ সালের মধ্যে তিনি মুদ্রণসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষায় সফলতার এমন স্তরে পৌঁছান, যখন সেটাকে বাণিজ্যিকভাবে গ্রহণ করা সম্ভব বলে তাঁর ধারণা হয়েছিল। এই সম্ভাবনার কথা চিন্তা করে তিনি মাইনজের এক আইনজ্ঞ জোহানেস ফাউস্টের কাছ থেকে প্রথমে ৮০০ গিল্ডার ধার সংগ্রহ করেন। ১৪৫২ সালে ফাউস্ট তাঁকে আরও ৮০০ গিল্ডার ধার দেন, কিন্তু এর মাধ্যমে তিনিও গুটেনবার্গের সঙ্গে প্রকাশনা কর্মের অংশীদার হিসেবে যুক্ত হন। কিন্তু ১৪৫৫ সালের দিকে ধার পরিশোধ করতে ব্যর্থ হলে ফাউস্ট গুটেনবার্গের প্রায় সব সম্পদের দখল নেন। শেষাবধি তাঁর ছাপাখানা এবং টাইপের প্রায় সবটুকুরই মালিক হন পিটার শোফার। ইনি ফাউস্টের সঙ্গে কাজ করতেন এবং পরে তাঁর মেয়েকে সব সম্পত্তিসহ বিয়ে করেন। আরও একজন নাম-না-জানা ব্যক্তি কিছু নিম্নমানের টাইপের ভাগ পেয়েছিলেন, যা দিয়ে তিনি ক্যালেন্ডার, পোপের আজ্ঞাপত্র, লাতিন ব্যাকরণ এসব ছাপাতেন। গুটেনবার্গ তাঁর এই চরম দশা থেকে খুবই সামান্য কিছু রক্ষা করতে পেরেছিলেন—সম্ভবত দুটো ছাপাখানা আর কিছু টাইপ, যেগুলো দিয়ে ৪২-লাইন এবং ৩৬-লাইন বাইবেল এবং ক্যাথোলিকন নামের কোষগ্রন্থ ছাপা হয়েছিল। তৃতীয়ত, গুটেনবার্গের বাইবেলটিতে প্রতি পৃষ্ঠায় ৪২ লাইন ছিল না। প্রত্যেক পৃষ্ঠায় দুটি কলাম ছিল এবং প্রতি কলামে ৪২টি করে লাইন ছিল। এটাই ইতিহাসে ‘৪২ লাইন’ বাইবেল নামে পরিচিত। আর এর মুদ্রণ কয়েক বছরের মধ্যে ‘হাজার হাজার কপি’ হয়েছিল কি না তা বলা সম্ভব নয়। বাইবেলটি তিনি ১৪৫২ সালের দিকে প্রস্তুত শুরু করেছিলেন এবং ১৪৫৬ সালের আগস্ট মাসের পূর্বে এটি মুদ্রিত হয়েছিল। স্টেইনবার্গের বই থেকে আরও জানা যায়, পঞ্চদশ শতাব্দীতে গড়ে কোনো বইয়ের সংস্করণ-প্রতি ছাপার পরিমাণ সম্ভবত ২০০-এর বেশি ছিল না।চতুর্থত, ইলেকট্রনিক বই দিয়ে ছাপা বইয়ের অপসারণ-প্রক্রিয়া ব্যাখ্যায় লেখকের পরিবেশ বিষয়ে মঙ্গলাকাঙ্ক্ষা অতি তীব্র হয়ে উঠেছে। সত্য হচ্ছে, গাছ কেটে কাগজ তৈরি হচ্ছে বটে, কিন্তু গাছ লাগানো সম্ভব, আর কাগজ পচনশীল দ্রব্য; এটার বহু-ব্যবহার সম্ভব এবং তা হচ্ছেও। কিন্তু ইলেকট্রনিক যেকোনো পণ্য এবং এর সঙ্গে যুক্ত বর্জ্যের অধিকাংশের পুনর্ব্যবহার সম্ভব নয়, এগুলো পচনশীলও নয়। ইলেকট্রনিক বর্জ্য ইতিমধ্যে সারা দুনিয়ায় দানবের আকার ধারণ করেছে। কিন্তু লেখক শুধু ব্যবহারের সুবিধা বা আর্থিক লাভালাভকে মুখ্য বিবেচনা করে পুরো বিষয়টি উপেক্ষা করে গেছেন। প্রকৃতপক্ষে প্রযুক্তির নিত্যনবায়নে এবং তার সুবিধা প্রদানের সক্ষমতায় প্রাচীন জিনিসের কোনটা হারিয়ে যাবে, কোনটা টিকবে, কোনটা হারিয়ে গিয়েও আবার ফিরে আসবে, তার ওপর নিয়ন্ত্রণ রাষ্ট্রের খানিকটা থাকলেও, ব্যক্তির প্রায় নেই বললেই চলে। কিন্তু কিছু একটা দেখলেই অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে ‘ঝাঁপিয়ে পড়ো’ এমন আহ্বান জানানোর মধ্যে সামগ্রিক-সামষ্টিক-দীর্ঘমেয়াদি ভাবনার খামতি আছে। আর এটা বোধহয় আমেরিকায়িত সভ্যতার বিশেষ অবদান! কাটাবন, ঢাকা