মাধ্যমগতভাবে ছাপচিত্রের একটি গণমুখী দিক আছে, যা একটি ছবিকে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে। ফলে ছবির মূল্য কিছুটা সাধারণের নাগালে চলে আসে। ঢাকা প্রিন্ট মেকার্সের যাত্রা শুরুর কালে অনেক বিষয়ের সঙ্গে এটাও একটি বিষয় হিসেবে দেখতেন এর সদস্যরা, পাশাপাশি চাইতেন এই মাধ্যমের প্রসার। আজ থেকে ২১ বছর আগে রোকেয়া সুলতানা, আহমেদ নাজির, রফি হক, রশিদ আমিন, হুমায়রা রহমান ও মোস্তফা জামান একত্রে শুরু করেন। এই গ্রুপে পরে যোগ দেন অশোক বিশ্বাস ও অশোক কর্মকাররা। গ্রুপটি ইতিপূর্বে তিনটি প্রদর্শনী করেছে। এটি তাদের চতুর্থ প্রদর্শনী। এতে অংশ নিয়েছেন রোকেয়া সুলতানা, আহমেদ নাজির, রফি হক, রশিদ আমিন ও মোস্তফা জামান। রোকেয়া সুলতানা অংশ নিয়েছেন ১০টি ছাপাইকর্ম নিয়ে, যা তিনটি সিরিজে বিভক্ত। সিরিজ তিনটি হলো ফ্যাটা মরগেনা, লিভিং ওশান, ভেনাস ক্রসিং দ্য মুন। রোকেয়া সুলতান নব্বইয়ের দশকে খ্যাতি অর্জন করেন তাঁর ম্যাডোনা সিরিজের কাজ দিয়ে। সে সময়ের কাজের সঙ্গে বর্তমানের কাজ পাশাপাশি রাখলে দেখা যাবে কী বিস্তর দূরত্ব পাড়ি দিয়েছেন তিনি। এভাবে তিনি কাজ করেছেন ইউনিক প্রেশার প্রিন্ট পদ্ধতিতে। এটি তাঁর নিজের উদ্ভাবিত একটি পদ্ধতি, যেটি তিনি করেন ছাপাইকর্মে চাপের তারতম্য ঘটিয়ে। ম্যাডোনা পর্বের কাজে তাঁর যে জগৎ ছিল এবং বর্তমানের যে জগৎ তার মধ্যে যে বিষয়টি পরিবর্তিত হয়নি, তা হলো নারীর জগৎ। তাঁর কাজগুলোর মধ্যে কিছু ফেমিনিন উপাদান সব সময় বর্তমান। রোকেয়া সুলতানা আমাদের ছাপচিত্র তথা দৃশ্যশিল্পের জগতে বেশ গুরুত্বপূর্ণ একজন শিল্পী। অতিসম্প্রতি তিনি ছাপচিত্রে ইউনিভার্সিটি অব নেবাসা লিংকনে ফুলব্রাইট রিসার্চ ফেলো নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আরও নানা অঙ্গন তিনি আলোকিত করেছেন আমাদের। আহমেদ নাজির ছাপাইকর্মের নিরীক্ষায় অসামান্য অবদান রাখছেন তাঁর ছাত্রজীবন থেকেই। তাঁর উদ্ভাবিত বোর্ডোগ্রাফ একসময় অনেককেই অনুপ্রাণিত করে। আপাত নিভৃতচারী আহমেদ নাজির এবার কাজ করেছেন কম্পিউটার গ্রাফিক মাধ্যমে, ইমেজ ম্যানুপুলেশন পদ্ধতিতে। কাজের শিরোনাম ‘জার্নি অব এ গ্রেট মাস্টার’। এই গ্রেট মাস্টার কি নির্দিষ্ট কোনো পরিচিত ব্যক্তি, নাকি অচেনা কোনো জন? এ ব্যাপারে শিল্পী কোনো আড়াল রাখেননি। আমরা শিল্পী সফিউদ্দীন আহমেদকে দেখতে পাই সিরিজের প্রথম ছবিতে।রফি হক অংশ নিয়েছেন ১০টি কাজ নিয়ে। ১০টিই ‘জার্নি অব এমটি ওয়ার্ড’। তেলরঙে করা এই কাজগুলোতে আলাদাভাবেই দেখতে পাব রফি হককে। ঢাকা প্রিন্ট মেকার্সের প্রথম প্রদর্শনীর লিথোগ্রাফ থেকে দ্বিতীয় প্রদর্শনীর কাজগুলোর পার্থক্য ছিল বেশ চোখে পড়ার মতো। পরে সেটিই হয়ে ওঠে তাঁর স্বাক্ষর। আর বেশ কিছুদিন থেকে আমরা দেখছি তাঁর বর্তমান ধাঁচের কাজগুলো, এটি যেন একটি ভাষার পূর্ণ নির্মাণ। আর তাঁর কাজের অন্যতম প্রধান অনুষঙ্গ প্রতিদিনের ভিজ্যুয়াল ডায়েরি এবং যে ডায়েরির উপাদান ব্যক্তিগত কিছু কাব্য। রশিদ আমিন আমাদের বিমূর্ত চিত্রচর্চায় একটু ভিন্নমাত্রা সংযোজনে প্রচেষ্টারত। দৃশ্যভাষায় রেখা ও বর্ণ লেপনে অপার সরল উপস্থাপনার প্রকাশ করতে চেষ্টা করছেন দীর্ঘদিন। এবারের প্রদর্শনীতে তাঁর কাজের সংখ্যা ১০। কাজের শিরোনাম ‘ইন সার্চ অব ইবিনিটি’। প্রথাগত ছাপাই মাধ্যমে করা এবং কাজগুলোতে যথাযথ এডিশন প্রিন্ট আছে, যা ছাপাই ছবির অতি মৌলিক একটি উপাদান, যা আমরা প্রথমেই বলেছি। শিল্পী রশিদ আমিনের বর্তমান কাজগুলোতে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হলো, তাঁর কাজে কিছু চৈনিক দৃশ্য উপাদানের উপস্থিতি। ভাষা নিয়ে তাঁর এই নিরীক্ষা ঠিক কোন দিকে যাবে, তা নির্ণয় হয়তো এখনই সম্ভব নয়, তবে বিষয়টি বেশ একটু আলাদা স্বাদের সংযোজন ঘটিয়েছে। তবে তাঁর কাজের অন্যতম প্রধান উপাদান যে বলিষ্ঠ পৌরুষ, তা অনেকটাই লুপ্ত। মোস্তফা জামান আমাদের দৃশ্যশিল্পের অন্যতমদের একজন। দৃশ্যশিল্পের চিন্তা ও চিন্তনে নিরলস অবদান রেখে চলেছেন তিনি। এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছেন ১০টি কাজ নিয়ে। নব্বইয়ের দিকে তাঁর করা কাজগুলোর বর্ণনার ধারা থেকে বর্তমানের কাজ বেশ আলাদা। নিরন্তর নিরীক্ষা আর বুদ্ধির প্রয়োগ তাঁর বর্তমান কাজের প্রধান অনুষঙ্গ। ইমেজ ম্যানুপুলেশন টেকনিকই ব্যবহার করেছেন প্রধানত, এর পাশাপাশি হাতের কাজও আছে কোথাও কোথাও। ‘প্যারালাল লাইফ ফেডিং ইনটু অবলিভিশন’, ‘লিভিং ইন অ্যা কেইজ’ এবং ‘প্যারালাল লাইভস ইন এ ডারব বক্স’—সব কাজে বস্তুত নানা সত্তার মিল-অমিল এবং নানা সত্তার সহাবস্থানকে বর্ণনা করা হয়েছে। কখনো আত্মা, দেহ, মানুষ, পশু এবং আপাত ভিন্ন ও বিরোধপূর্ণ সত্তার সহাবস্থানকে নির্দেশ করে একটি স্বতন্ত্র বর্ণনার জন্ম দিয়েছেন। সার্বিক বিবেচনায় একটি সত্যিকারের ভালো প্রদর্শনীর আয়োজন হিসেবে বহুদিন মনে রাখবেন দর্শক। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ধানমন্ডি ২৭-এ ৮ জুন শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১৯ জুন পর্যন্ত।