
প্রথাগত মেলার বাইরে একটি ব্যতিক্রমধর্মী মেলা—ছাপাই ছবির হাট। ছাপচিত্র নিয়ে কাজ করেন এমন শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ঢাকা আর্ট সেন্টারে বাংলাদেশের ১৪টি ছাপচিত্রচর্চার প্রতিষ্ঠান তাদের শিল্পকর্মের পসরা সাজিয়েছে। শিল্পবোদ্ধা, সংগ্রাহক দর্শকদের জন্য খুব সহজে সংগ্রহ করার ব্যবস্থা রেখেই এ আয়োজন।
ঢাকা আর্ট সেন্টার ২০১১ সালের জানুয়ারিতে বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার নামানুসারে স্থাপন করে ‘কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও’। আর ২০১২ সাল থেকে আয়োজন হয় ‘কিবরিয়া ছাপচিত্র মেলার’।
বাংলাদেশে ছাপচিত্রচর্চার যাত্রা শুরু সফিউদ্দিন আহমেদের হাত ধরে। পরবর্তীকালে এ মাধ্যমে রফিকুন নবী, আবদুস সাত্তার, মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের ছাপচিত্রকে প্রদর্শন করেছেন।
এবারের মেলা উপলক্ষে আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। এ ছাড়া ‘নবীন ছাপচিত্রী পুরস্কার’ নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার ও দুজন তরুণ শিল্পীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।
এবার পুরস্কারপ্রাপ্ত তিনটি ছাপচিত্র নিয়ে খানিকটা বলি। কাঠখোদাই মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন রুহুল আমিন তারেক। তাঁর কাজের শিরোনাম ‘কমপ্লেক্সিটি অব টাইম অ্যান্ড রিয়েলিটি’। কাজের মধ্যে বাস্তবধর্মী রীতিতে মানবদেহের যন্ত্রণাক্লিষ্ট অবয়বকে স্পষ্ট করে তুলেছেন তিনি। ছাপচিত্রটি আলাদাভাবে দৃষ্টি কেড়েছে দর্শকদের।
সম্মাননা পুরস্কার পাওয়া ফখরুল ইসলাম মজুমদারের ‘টাইম-১’ ছবিতে পাওয়া যায় শিল্পীর নিজের অবয়ব। এতে চিত্রতলে আবছা আরেকটি মানবদেহভঙ্গি শিল্পীর দিকে তেড়ে আসছে। কল্পনায় দেখা এমন ভঙ্গির সঙ্গে বাস্তবের প্রকাশকে সাজিয়েছেন ফখরুল।
পলাশ বরণ বিশ্বাসের ‘ওম্যান অ্যান্ড রিয়্যালিটি’ ছবিটি লিথোগ্রাফে করা। এখানে দুটি নারীদেহ বিপরীতমুখীভাবে পাঠ করছে সংবাদপত্র। পর্যায়ক্রমে ঝাপসা হয়ে আসছে এ দুটি ফিগার। তৃতীয় পর্যায়ে এসে দেখা যায়, নারীদেহ দুটির চিত্রতল একেবারে অন্ধকার হয়ে আসছে। এ শিল্পকর্মের তিনটি ধাপে অনুভবের মূল কেন্দ্রে মনোযোগী হয়ে শিল্পী পাথরখণ্ডে এঁকেছেন মানবীর অবয়ব।
এ মেলায় ছাপচিত্রের তিনটি মাধ্যম কাঠখোদাই, এচিং, অ্যাকুয়াটিন্ট ছাড়াও রয়েছে লিথোগ্রাফ ও মনোপ্রিন্ট। সব মিলিয়ে ছাপচিত্র মেলাটি ছিল মনোহর। ১ জানুয়ারি শুরু হয়ে মেলাটি শেষ হয় ৭ জানুয়ারি।