রবীন্দ্রনাথের ছিন্নপত্র পড়াটা এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি এই চিঠিগুলো পড়েছি টেবিলে বসে, বৃষ্টির দুপুরে গায়ের ওপর কাঁথা টেনে চৌকিতে শুয়ে, নৌকায় বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা দিয়ে ভাসতে ভাসতে এবং দূরপাল্লার বিমানে আঁটসাঁট আসনে বসে, পাশের যাত্রীর নাসিকা গর্জন শুনতে শুনতে। অনেকবার পড়া হয়ে গেলে আমার মনে হয়েছে, এই চিঠিগুলো চেয়ার-টেবিলে বসে পড়ার নয়, এগুলো ঘরকুনো বাঙালির জন্য তিনি লেখেননি। একটি চিঠিতে তিনি যে বলেছেন ভারতীয়দের চরিত্রের দুটি দিক আছে—গৃহী এবং সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর জন্য তিনি এসব লিখেছেন। এগুলো পড়তে হয় কোনো দীর্ঘ যাত্রায়, যখন পথের দাবির কাছে গৃহস্থ তাঁর যুক্তি-তর্ক-বিবাদ-হিসাব-নিকাশ সব তুলে দিয়ে নিজের সঙ্গেই সময় কাটান। ছিন্নপত্র-এর বেশির ভাগ চিঠি রবীন্দ্রনাথ লিখেছেন তাঁর অল্প বয়সী ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে, কিন্তু এগুলো আসলে তিনি লিখেছেন নিজেকেই। চিঠিগুলোতে তাই আছে নিজের দিকে ফিরে তাকানোর একটা প্রয়াস, তাঁর অনাবিল বাঙালিয়ানার এবং স্বদেশিয়ানার উদ্যাপন, প্রকৃতির অনাকীর্ণ পরিসরে তাঁর সৃষ্টিসত্তার পরিপূর্ণ আত্মপ্রকাশ। একই সঙ্গে চিঠিগুলোতে আছে ইংরেজের ‘ভালো’ খাতায় নাম ওঠা ঠাকুর পরিবারের এক অতিথিপরায়ণ সন্তান, প্রতিবাদী এবং উত্তর-ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির এক যুবকের পাশাপাশি অবস্থান। চিঠিগুলোর কোনো কোনোটিতে দেখা যায় কেজো এক মানুষের দিনযাপনের বর্ণনা। এই বর্ণনায় হঠাৎ দেখা মেলে তীব্র নানা অন্তর্দৃষ্টির, এপিফ্যানির, অথবা সূক্ষ্ম কৌতুক-রসের। নিজেকে নিয়ে তিনি ঠাট্টা করেছেন। যেসব মুখোশ তাঁকে পরতে হতো জীবনের নানা প্রয়োজনে, সেগুলো টেনে ফেলে দিয়ে নিজের মুখটাকে তিনি দেখেছেন আপন আয়নায়; এবং জগৎকেও দেখতে দিয়েছেন সেই মুখশ্রী। ছিন্নপত্র, তার স্থিরকেন্দ্রিক এপিফ্যানিগুলো সত্ত্বেও, এক অন্তহীন ভেসে চলার বর্ণনা। সে চলায় ছন্দ আছে, স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু কোথাও গিয়ে পৌঁছাতে হবে, সে রকম কোনো উদ্বেগ নেই। ২. ছিন্নপত্র-এর বেশির ভাগ চিঠিতে মূল সুরটা বাজায় পদ্মা, যখন তার স্বাস্থ্য ছিল, শ্রী এবং লাবণ্য ছিল, আবার দোর্দণ্ড প্রতাপও ছিল। নদী ও চর, শান্তশ্রী গ্রাম, সবুজে লেপা প্রকৃতি ও মাথার ওপরে বিছিয়ে থাকা আকাশ—যা শুধু এক ঋতু থেকে অন্য ঋতুতে নয়, এক বেলা থেকে অন্য বেলাতেও বদলে যায়—এই হলো ছিন্নপত্র-এর ভূগোল। এই ভূগোলে যে সুরটি চিরকাল বেজে যায়, তার সহজিয়া ভাবটি যেমন রবীন্দ্রনাথ চিনতে পেরেছিলেন, তেমনি এর ধ্যানমগ্ন রূপটিও তিনি শনাক্ত করেছিলেন। প্রকৃতির একেবারে গভীরে তিনি যে চোখ ফেললেন, তাতে তাঁর সমৃদ্ধি ঘটল, কবি হিসেবে তাঁর পূর্ণতা প্রকাশের সুযোগ সৃষ্টি হলো। ছিন্নপত্র-এর চিঠিগুলো তিনি লিখেছিলেন প্রধানত পূর্ববঙ্গে পারিবারিক জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহ-শাহজাদপুর ও পতিসরে অবস্থানকালে, ঘুরে বেড়ানোর অবসরে। কিন্তু এই ঘুরে বেড়াতে গিয়ে যে জীবনের সঙ্গে তাঁর পরিচয় হলো, তার প্রধান কুশীলব ছিলেন পল্লির সহজ-সরল মানুষ, নিরন্ন কৃষক—তাঁর প্রজা সকল। এতে কবির দৃষ্টিভঙ্গিতে এক বিশাল পরিবর্তন এল। তাঁর জমিদার সত্তাকে আড়ালে ফেলে সামনে চলে এলেন যে মানুষ, তিনি সবাইকে অকপটে বলতে পারলেন, ‘আমি তোমাদেরই লোক।’ অনেক চিঠিতে আছে এই মানুষগুলোর জন্য তাঁর উদ্বেগ, তাদের বিপন্নতা নিয়ে তাঁর কষ্ট। আবার অনেক চিঠিতে তিনি আছেন দর্শকের ভূমিকায়, তাঁর হাউসবোটে বসে দেখছেন নদীর দুই তীরের দৃশ্যপট, হাটের মানুষজন, কোনো বালিকা বধূর শ্বশুরবাড়ি যাওয়া, অথবা শুনছেন জীবনের কলগুঞ্জন, নদীতে স্নান করতে অথবা পানি নিতে আসা মেয়েদের কলধ্বনি অথবা প্রতিদিনের গল্প। দর্শক-শ্রোতার আসনে বসে তিনি এই মানুষদেরকে বুঝতে চেষ্টা করেছেন, মেলাতে চেয়েছেন তাদের বাস্তবের সঙ্গে তাদের প্রত্যাশার, ভিন্ন এক সম্ভাবনার সমীকরণকে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, পশ্চিমা জাতীয়তাবাদের প্রয়োগে উপনিবেশী ভারত এক ভারসাম্যহীন দেশে পরিণত হয়েছে, যেখানে কেন্দ্রীভূত শাসন প্রান্তকে বঞ্চিত করছে। তাঁর চিন্তায় এই ভারসাম্য উদ্ধার সম্ভব ছিল গ্রাম সমাজে ফিরে যাওয়ার মধ্য দিয়ে। ভারত যদি কেন্দ্র ছেড়ে গ্রামে ফিরত, উন্নয়ন তখনই সম্ভব হতো। পূর্ববঙ্গে ওই কয়েক বছর তাঁর অবস্থান ও ভ্রমণ এই বিশ্বাসকে আরও মজবুত করেছিল।আমার মনে হয়েছে, পশ্চিমা জাতীয়তাবাদ নিয়ে রবীন্দ্রনাথের তীব্র আপত্তি ছিল। তাঁর উত্তর-ঔপনিবেশিক চিন্তা, রাজনৈতিক দর্শন—এসব বুঝতে হলে ছিন্নপত্র-এর চিঠিগুলো সময় নিয়ে পড়তে হবে। ছিন্নপত্র-এর উদার মানবিকতা, বিনিষ্ঠ প্রকৃতি বন্দনা এবং একই সঙ্গে মানবনিষ্ঠা দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সমাজ ও রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশের একটা ভিত্তি হিসেবে কাজ করেছে। ৩. ২৭ জুলাই ১৮৮৭-তে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ জানাচ্ছেন, তাঁর ‘কেবল বয়স বাড়ছে। দু’ বছর আগে পঁচিশ ছিলুম, এই বার সাতাশে পড়েছি’। ত্রিশ পর্যন্ত পৌঁছালে তিনি ‘ঝুনো অবস্থা’য় পৌঁছাবেন, তেমনি তাঁর আশঙ্কা। কিন্তু চিঠিগুলোতে তিনি যে ‘বাংলাদেশের ধু ধু জনহীন মাঠ এবং তার প্রান্তবর্তী গাছপালার মধ্যে সূর্যাস্ত’ দেখে ‘কী এক বিশাল শান্তি এবং কোমল করুণার’ দেখা পান, ‘আমাদের দেশের মাঠ-ঘাট আকাশ রোদ্দুরের মধ্যে একটা সুগভীর বিষাদের ভাব’ অনুভব করেন, এবং আরও অনেক দার্শনিক সত্যের সামনাসামনি হন, তা তো অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ, অনেক ইতিহাসের সাক্ষী, অনেক অপূর্ণতার শিকার একজন ‘ঝুনো’ মানুষের জন্যই স্বাভাবিক, ২৫ বছরের কোনো যুবকের জন্য নয়। কিন্তু এই পরিপূর্ণ দৃষ্টি এবং অনুভূতির জন্য তিনি মনে মনে তৈরি হচ্ছিলেন। ৫ সেপ্টেম্বর ১৮৯৪ তারিখের চিঠিতে তিনি জানান, ‘এতদিন এই বৃহৎ আকাশের জন্যে ভিতরে ভিতরে একটা ক্ষুধা ছিল।’ তাঁর অপূর্ণতার গল্পে কাদম্বরী দেবীর অকালমৃত্যুর বিষয়টি ভুলে গেলে চলবে না। এই অকালমৃত্যুর শোক তিনি সামলে উঠেছিলেন কয়েক বছরের জঙ্গম জীবনে। এই মৃত্যু রবীন্দ্রনাথকে জীবনের কেন্দ্র খুঁজতে পাঠিয়েছিল। মৃত্যু যদি শূন্যতায় হয়, তাকে প্রকৃতির পূর্ণতা দিয়ে ভরাট করতে তিনি তৈরি হচ্ছিলেন। মৃত্যুর দুঃখ তিনি প্রকৃতির অন্তর্গত আনন্দ দিয়ে ভুলতে চেষ্টা করেছিলেন। এ জন্য ছিন্নপত্র-এর চিঠিগুলোতে আনন্দের একটা সুর বাজতে শোনা যায়, যে আনন্দ ‘আমাদের প্রতিদিনের তুচ্ছ বন্ধন’ থেকে আমাদের মুক্ত করে।৪. ছিন্নপত্র (এবং অনেক দূরের এবং পরের এক লেখক মিলান কুণ্ডেরার স্লোনেস) যে কারণে আমার প্রিয়, তা তাঁদের আলস্যকে প্রশ্রয় দেওয়ার জন্য। জগতে আলস্যের মতো মূল্যবান কিছু নেই। রবীন্দ্রনাথের মতো কেজো মানুষ খুব বেশি ছিলেন না তাঁর সময়ে। কিন্তু সেই মানুষটিই যখন ‘নিশ্চেষ্ট, নিস্তব্ধ নিশ্চিন্ত, নিরুদ্দেশ’ প্রকৃতির মধ্যে প্রতিদিনের কর্মতৎপরতাকে তুচ্ছ ও অর্থহীন হতে দেখেন, ‘সকাল থেকে একটা চৌকিতে স্থির হয়ে বসে থেকে’ শুধু সামনে তাকিয়ে থাকেন, তখন আলস্যটাই প্রধান হয়ে দাঁড়ায়। এবং আলস্যের সঙ্গে যোগ হয় একটা খ্যাপাটেপনা। একটা চিঠিতে তিনি লেখেন, ‘আমি অন্তরে অসভ্য, অভদ্র—আমার জন্যে কোথাও কি একটা ভারি সুন্দর অরাজকতা নেই? কতগুলো খ্যাপা লোকের আনন্দ মেলা নেই,’ তখন মনে হয় শতবর্ষ পরের এক পাঠকের অন্তরের কথাগুলোই তো তিনি বলেছেন।৫.ছিন্নপত্র-এর মতো এত সুন্দর বর্ণনায় বাংলাদেশের আকাশ-নদী-মাঠ-দুপুর-সন্ধ্যা-রোদ-আলো-হাওয়া-বর্ষা-রাত ও অন্ধকারকে চোখের সামনে ভেসে উঠতে, জেগে থাকতে অথবা মিলিয়ে যেতে আর কোথাও দেখিনি। প্রকৃতির ‘বৃহৎ উদার বাক্যহীন স্পর্শ’ আর কোনো বর্ণনায় পাইনি। প্রকৃতি যখন আমাদের অনুভবের ভেতরে জায়গা করে নেয়। তখন আমরাও এক গভীর পুলকে বলতে পারি ‘কী শান্তি, কী স্নেহ, কী মহত্ত্ব, কী অসীম করুণাপূর্ণ বিষাদ’। অথচ এসব থেকে কত যোজন দূরে আমরা ঘুরে বেড়াই।ছিন্নপত্র না পড়লে, এর জাদুবিস্তারি ভাষায় জড়িয়ে না পড়লে আমাদের প্রকৃতি পাঠ হয়তো অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। ৬.ইংরেজের তালিমে আমরা যে অতিরিক্ত মূল্য দিই, তাদের তোয়াজ করে চলি—এ বিষয়টি রবীন্দ্রনাথকে পীড়িত করত। ইংরেজ যদি কাঁসার পাত্র হয়, হোক; কিন্তু বাঙালি মৃৎপাত্র হয়ে তার সঙ্গে যেন সখ্য গড়তে না যায়, সেই উপদেশ তাঁর, কারণ তাতে বিপত্তি মৃৎপাত্রের। তার থেকে ‘ক্ষুদ্র গ্রামের কুলধূর কক্ষে বিরাজ করার গৌরব’কে তিনি অনেক বেশি মূল্য দিয়েছেন।৩২ বয়সের ‘ঝুনো’ রবীন্দ্রনাথের এই অবলোকন অনেক ইতিহাস পার হয়ে অনেক ঘটনা-দুর্ঘটনার পরে ‘সভ্যতার সংকট’-এ এসে একটা টেস্টামেন্টের রূপ নিয়েছে। ৭.চিত্রকর হিসেবে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ আরও ৪০ বছরের পরের ঘটনা, কিন্তু ছিন্নপত্র পড়তে গিয়ে মনে হয়েছে, তাঁর শিল্পের অনেক উপাদান, শৈলীর অনেক প্রকাশ এই চিঠিগুলোতে লুকিয়ে আছে। তাঁর ছবির পরাবাস্তবতা, নিসর্গলীলা এবং তাঁর ছবির সূক্ষ্ম আলোর ঘেরাটোপে মোড়া ও পরতে পরতে উন্মীলিত আঁধারের সাক্ষাৎ পাওয়া যায় অনেক চিঠিতে। ৮.ছিন্নপত্র কি খণ্ড খণ্ড চিঠি, খণ্ডপত্র, নাকি ছিন্নপাতা? দুটোই সম্ভবত। কিন্তু আমার মনে হয়েছে যে কবি ‘ছিন্নপাতার’ তরণি সাজিয়ে একা একা খেলা করেন এবং চিরদিন পথের নেশায় পাথেয় হারানোর কথা বলেন, তিনি ছিন্নপত্রতে চলতি পথের পাথেয় সঞ্চয়ের আনন্দটাই প্রকাশ করেন। এই পাথেয় তাঁকে দুহাত ভরে দেয় প্রকৃতি, পৃথিবী। ছিন্নপাতা, ছিন্নপত্র, কিন্তু যে পটে তিনি তাঁর প্রাপ্তির ছবি আঁকেন, তা পূর্ণ।