ছোট কাগজ কি বদলে যাচ্ছে?

বুদ্ধদেব বসুর সাক্ষ্য অনুসারে হয়তো সবাই মানবেন যে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্রই বাংলা ভাষার প্রথম ছোট কাগজ। তবে সবুজপত্র যে অর্থে ছোট কাগজ, এখনকার অধিকাংশ সাহিত্যপত্রই সে অর্থে তা নয়! কারণ, এর থাকতে হয় প্রতিবাদী সত্তা ও নতুনত্বের তৃষ্ণা; সর্বোপরি তাতে উজ্জীবিত থাকতে হয় গোষ্ঠীগত সৌষম্য সৃষ্টির আকাঙ্ক্ষা। এসব চিহ্নায়ক এখনকার কয়টিতে লভ্য, তা নিয়ে প্রশ্ন তোলার জোর অবকাশ রয়েছে। তারুণ্য সজীবতার প্রতীক। নতুনত্বের আবাহন তারুণ্যের ধর্ম। সুতরাং ছোট কাগজের সঙ্গে রয়েছে এর সম্পর্ক। কিন্তু তা যদি হয় প্রচলপ্রবণ, যদি হয় ভঙ্গিসর্বস্ব, তাহলে ছোট কাগজ বা লিটল ম্যাগাজিনের তকমা গায়ে নিয়ে তা কেবল বিভ্রান্তিই বাড়াবে। আমরা এখন সেই বিভ্রান্তি অতিক্রমী ছোট কাগজের দেখা দু-চারটেও পাই কি না, সে প্রশ্নও রয়েছে।
ছোট কাগজ ধারণাটি বাংলা ভাষাভাষীদের কাছে এসেছে পাশ্চাত্য থেকে; মোটের ওপর গত শতাব্দীর দ্বিতীয় দশকে (১৯১২) হ্যারিয়েট মনরে সম্পাদিত যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে প্রকাশিত পোয়েট্রি: আ ম্যাগাজিন অব ভার্সকে উপলক্ষ করে। তবে তারও আগে যুক্তরাষ্ট্রেরই বোস্টন শহর থেকে প্রকাশিত প্রচলিত ধর্মবোধের বিরুদ্ধে কথা বলা অধ্যাত্মবাদী দার্শনিক পত্রিকা দ্য ডায়াল (১৮৪০-৪৪) কিংবা ভিক্টোরীয়-বস্তুবাদবিরোধী ইংরেজি পত্রিকা স্যাভয়কে (১৮৯৬) বলা যেতে পারে এই ধারণার আদি রূপ। পরে প্রথম বিশ্বযুদ্ধোত্তরকালে একে একে প্রকাশিত হতে থাকে প্রকৃত ছোট কাগজগুলো। কয়েকটির নাম করা যেতে পারে—নিউইয়র্ক থেকে প্রকাশিত আদার্স (১৯১৫-১৯১৯), শিকাগো, সানফ্রান্সিসকো, নিউইয়র্ক ও পারি থেকে একযোগে প্রকাশিত দ্য লিটল রিভিউ (১৯১৪-১৯২৯), লন্ডন থেকে প্রকাশিত দ্য ইগোয়িস্ট (১৯১৪)। এগুলো মূলত ছিল চিত্রকল্পবাদতত্ত্বপন্থীদের চারণক্ষেত্র। ১৯২০ সালে দ্য ডায়াল পুনর্জীবিত হয়ে এই ধারায় নতুনভাবে যোগ দেয়! বাংলা ভাষার সবুজপত্র (প্রথম পর্যায় ১৯১৪-১৯২২; দ্বিতীয় পর্যায় ১৯২৫-১৯২৭) স্বভাবের দিক থেকে এসবেরই সমধর্মী।
গত শতাব্দীর পঞ্চাশের দশকে বাংলা ভাষাভাষী অঞ্চলে ছোট কাগজের ধারণাটি যখন তার স্বীয় বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে, সেই সময় বুদ্ধদেব বসু ছোট কাগজের একটি সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন। তাঁর সংজ্ঞাটি একটু পরখ করে দেখা যায়।
তিনটি সাধারণ বৈশিষ্ট্য তিনি আবিষ্কার করেছিলেন ছোট কাগজের। একটি ‘আকারে ছোট’, দ্বিতীয়টি ‘প্রচারে ক্ষুদ্র’, তৃতীয়টি ‘বেশি দিন বাঁচে না’। কিন্তু তিনি এ-ও বলেছিলেন যে ‘এগুলোই সব কথা নয়’; কারণ তাঁর মতে ‘ছোট’ বিশেষণের মধ্যে ‘অনেকখানি অর্থ পোরা আছে’। এর মধ্যে বুদ্ধদেব বসু দেখতে পেয়েছিলেন ‘প্রতিবাদ’, ‘সবকিছুর আমদানির বিরুদ্ধে প্রতিবাদ’। আরও সুন্দর করে তিনি বলেছেন, বহুলতম প্রচারের ব্যাপকতম মাধ্যমিকতার বিরুদ্ধে প্রতিবাদই হচ্ছে ছোট কাগজ; বলেছেন, ‘জনপ্রিয়তার কলঙ্ক তাকে ছোঁবে না’ এবং ‘নগদ মূল্যে বড় বাজারে বিকোবে না, কিন্তু—হয়তো কোনো একদিন এর একটি পুরোনো সংখ্যার জন্য গুণী সমাজের ঔৎসুক্য জেগে উঠবে।’ তারপর তিনি বলছেন এর সবচেয়ে বড় গুণটির কথা, ‘এটি কখনো মন জোগাতে চায়নি, মনকে জাগাতে চেয়েছিল।’ কারণ এ ‘চেয়েছিল নতুন সুরে নূতন কথা বলতে; কোনো এক সন্ধিক্ষণে যখন গতানুগতিকতা থেকে অব্যাহতির পথ দেখা যাচ্ছে না, তখন সাহিত্যের ক্লান্ত শিরায় তরুণ রক্ত বইয়ে দিয়েছিল—নিন্দা, নির্যাতন বা ধনক্ষয়ে প্রতিহত হয়নি।’ ছোট কাগজের গৌরব তিনি দেখেছিলেন ‘সাহস, নিষ্ঠা’ বা ‘গতির একমুখিতা’য়, ছোট কাগজ যে ‘সময়ের সেবা না করে সময়কে সৃষ্টি করার চেষ্টা’ করে—একে তিনি বলেছেন এর ‘কুলধর্ম’।
সবাই জানেন, এই কুলধর্ম পালন করা কত কঠিন। টিকে থাকার সংগ্রামই এত বড় যে এর পক্ষে লাভজনক হওয়া সম্ভব নয়। ছোট কাগজ ছোট হওয়ার কারণ কাঙ্ক্ষিত লেখার অপ্রতুলতা। এই অপ্রতুলতা এর স্থায়ী ললাটলিখন। প্রায় প্রতিটি ছোট কাগজের সম্পাদককে এই হাহাকারই করতে দেখা গেছে। দুটি স্ফীতকায়া ছোট কাগজের নিদর্শনও বুদ্ধদেব বসু দিয়েছেন। কিন্তু সেগুলোও তাঁর ভাষায় ‘গণসেব্য’ মাসিক পত্রিকার তুলনায় ছিল অনেক হালকা। আরেকটা কথায় বুদ্ধদেব বসু খুব জোর দিয়েছেন, ‘শুধু রচনা প্রকাশ করাই পত্রিকার কাজ নয়—সে রচনা যতই ভালো, যতই সুনির্বাচিত হোক না। লেখককে প্রকাশ করাও তার কর্তব্য, পরিবর্তনের ধাত্রী এবং আধার হওয়াও তার কাজ।’ তিনি আরও বলেছেন, ছোট কাগজের মধ্যে থাকে গোষ্ঠীগত সম্মিলিত বিদ্রোহ। সবাই মিলে তাদের থাকে এক সুর। সবুজপত্র-এর মতো কল্লোল (১৯২৩), কালি কলম (১৯২৬), পরিচয় (১৯৩১), প্রগতিকে (১৯২৭) তিনি তাঁর যুগের ছোট কাগজ বলে মেনেছেন। প্রসঙ্গত তাঁর সম্পাদিত কবিতার (১৯৩৫) কথাও স্মরণীয়।
বাংলাদেশের সাহিত্যাঙ্গনে ছোট কাগজের এখনকার হালহকিকত খুঁজলে কী পাওয়া যায়? গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে বেশ কিছু সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছিল। সব মিলিয়ে এর একটা সাধারণ ও আধুনিক রুচিও গড়ে উঠেছিল সে সময়। একটু নেড়েচেড়ে দেখলেই টের পাওয়া যায় যে আজকালকারগুলোও দৃশ্যত তারই অনুবর্তী। লেটারপ্রেসের যুগের দীর্ঘ মুদ্রণ-সংস্কৃতির প্রভাবে এর একটা উৎকর্ষের সাধারণ পরিচয় পাওয়া যেত। পরবর্তীকালে সুলভতা ঘটলেও অফসেট মুদ্রণ প্রক্রিয়ায় কারিগরি-সংস্কৃতির দীনতা মাঝেমধ্যেই এর গড় মানকেও নামিয়ে ফেলতে দেখা গেছে।
আজকাল কোনো একটা বিষয় অবলম্বন করে বা কোনো ব্যক্তিকে তুলে ধরার অভিপ্রায় নিয়ে প্রকাশিত হয় কোনো কোনো ছোট আকারের প্রকাশনা। যদি সমাজে গুরুত্ব পাওয়ার দাবিদার হয়েও উপেক্ষিত ও অনালোকিত ব্যক্তিকে নিয়ে এ ধরনের প্রকাশনা হয়, তাকে ছোট কাগজসুলভ বলা যেতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, যে ব্যক্তি বা বিষয় প্রকাশনার উপলক্ষ, তার পেছনে গোপনে ক্রিয়াশীল রয়েছে সাহিত্যিক উজ্জীবনের চেয়ে জাগতিক লাভালাভের সম্পর্ক। যে সদিচ্ছাকে ছোট কাগজের গুরুত্ব দেওয়ার কথা, তার বদলে একধরনের প্রচারমূলক উদ্যোগ হিসেবেই এগুলোকে দেখা হয়। দেখতে এগুলো অনেক সময় ছোট কাগজের মতোই। বিক্রির জন্য উপস্থাপনও হয় একই প্রক্রিয়ায়। প্রচুর পরিমাণে যে চলে তাও নয়। কোনো কোনোটার গুরুত্বও হয়তো অস্বীকার করা যায় না। কিন্তু তা সত্ত্বেও যে অনুপ্রেরণা থেকে পত্রিকাগুলো আলোর মুখ দেখে, তা সাধারণত প্রকৃত ছোট কাগজসুলভ নয়!
গত শতাব্দীর ষাটের দশকে ছোট কাগজগুলো যে সাহিত্যিক প্রেরণা থেকে ধারাবাহিকভাবে লেখক-সম্পাদক-পাঠকের সমন্বয় ঘটত, তার কি অবসান ঘটছে? আমার মনে হয় পুরোপুরি তা না ঘটলেও স্বভাব খানিকটা বদলে গেছে সময়ের আর্থসামাজিক ও যোগাযোগ রূপান্তরের পথ ধরে। বিশ্বব্যাপী ঘটে যাওয়া নানা ঘটনা এত তাৎক্ষণিকভাবে আমাদের সচেতন অংশকে প্রভাবিত করে এবং এত দ্রুত এর অবসান ঘটে যে এর প্রতিক্রিয়া ছোট কাগজগুলোতে পড়ার অবকাশ পায় কম। এসব ঘটনার চিহ্ন ছোট কাগজে একেবারেই যে পড়ে না তা নয়, তবে এগুলোর সাহিত্যিক প্রেরণা খুব একটা গভীরে পৌঁছাতে পারে না। অতিসাম্প্রতিক কালে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে খানিকটা উজ্জীবিত হতে দেখা গেছে ছোট কাগজ-ধারণাকে। কিন্তু তার তাৎপর্য তো প্রধানত রাজনৈতিক। সাহিত্যিক তাৎপর্যে তা কতটা গভীরে যেতে পেরেছে, সে প্রশ্ন থেকেই যায়!
গত শতাব্দীর ষাটের দশকে ছোট কাগজগুলো যে সাহিত্যিক প্রেরণা থেকে ধারাবাহিকভাবে লেখক-সম্পাদক-পাঠকের সমন্বয় ঘটত, তার কি অবসান ঘটছে?
সত্তরের দশকে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক উল্লম্ফন ঘটেছিল। এর অভিঘাতে সাহিত্যচর্চার প্রধান আশ্রয় হয়ে উঠেছিল দৈনিক ও রম্য-সাপ্তাহিকের সাহিত্য বিভাগ। আশির দশকে এর বিরুদ্ধে সাহিত্যিক প্রতিবাদ চিহ্নিত হয়েছিল লিটল ম্যাগাজিন তৎপরতার মধ্য দিয়ে। এই ধারা নব্বইয়ের দশক পর্যন্ত প্রবাহিত ছিল। তখন থেকেই কম্পিউটার কম্পোজ ও অফসেট মুদ্রণ সহজলভ্য হতে শুরু করে। বলা যায় সাহিত্যবিষয়ক ছোট ছোট প্রকাশনায় একদিকে মুদ্রণমাধ্যমের সামর্থ্যের প্রদর্শনবাদিতা, অন্যদিকে এই মাধ্যমের সংস্কৃতিহীনতা বড় হয়ে দেখা দেওয়ার সেটাই শুরু। দ্রুত কাজ করে ফেলতে পারার সুবিধায় বিষয়বস্তু বা টেক্সটের উৎকর্ষের প্রতি মনোযোগী হওয়ার অবকাশ কমতে থাকে। বাড়তে থাকে অন্তর্গত সাহিত্যিক প্রেরণার চেয়ে ‘ধান্ধা’ হয়ে ওঠার সুযোগ।
বিশ্বব্যাপী বাণিজ্যিকতার জয়যাত্রার প্রভাবে অর্থের অনুপ্রবেশ সহজতর হয়ে গেছে। একদিক সহজ হতে গেলে অন্যদিক চলে যায় দূরে। অর্থের প্রভাবে নানা রকম অসাহিত্যিক প্রচার-প্রচারণার গুরুত্ব বাড়তে দেখা যায়। আর এর নিচে চাপা পড়ার উপক্রম হয় বিদ্রোহ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা, গোষ্ঠীচেতনা গড়ে ওঠার আগেই দেখতে হয় নতুন নতুন গোষ্ঠীর গড়ে-ওঠার প্রয়াস। ছোট প্রকাশনাগুলো ছোট কাগজের মতো দেখতে কিন্তু প্রকৃত ছোট কাগজ না হওয়ার অধিকাংশ ক্ষেত্রে এটাই কারণ।
সাহিত্যচর্চার এই ধরনের আয়োজনকে অনেক ক্ষেত্রেই বাঁচতে হয়েছে পৃষ্ঠপোষকদের আনুকূল্যে। তবে তা হতে হয় নিঃশর্ত। কিন্তু আজকাল আপাতনিঃশর্ততার আড়ালেও থাকে নানা অদৃশ্য শর্তের বেড়াজাল। ছোট কাগজের অন্তর্বস্তুকে অনুধাবনের আকাঙ্ক্ষার চেয়ে এর বাহ্যিক প্রদর্শনশীলতা পৃষ্ঠপোষকদের আনুকূল্য পেয়ে থাকে বলে কোনো কোনো প্রকাশনা পাঠের সামগ্রী হওয়ার চেয়ে হয়ে ওঠে প্রদর্শনের সামগ্রী। মোটের ওপর যেখানে ভালোবাসা হওয়ার কথা মূল প্রেরণার উৎস, সেখানে স্পনসরযোগ্যতাই হয়ে ওঠে সমাদরণীয়।
উপর্যুক্ত আলোচনা থেকে তবে কি এই রকম একটা বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে যে ছোট কাগজের শক্তি আজ প্রায় নিঃশেষিত! না, এমন কথা বলার জন্য এই রচনা নয়, বরং উদ্দেশ্য এমন কথা বলা যে সত্যিকারের খাঁটি জিনিস যেহেতু সব সময়েই বিরল এবং বর্তমান সময়েও তার অন্যথা হওয়ার নয়, সুতরাং প্রকৃত ছোট কাগজের আবেগে এসব প্রতিকূলতার মাঝখান দিয়ে এখনো সৃজনশীল ব্যক্তি-উদ্যোগ তৎপর রয়েছে। বিদ্রোহের, প্রতিবাদের ও গোষ্ঠীচেতনার রূপান্তরের প্রক্রিয়া এখনো চলমান। এ ধরনের প্রক্রিয়া সব সময় খুব স্পষ্টভাবে দৃশ্যমান না-ও থাকতে পারে, অথবা এখন যতটা দৃশ্যমান প্রকৃত সংগ্রাম তার চেয়ে অনেক বেশি; কারণ ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে গোকুলেই তাদের বৃদ্ধি।