ছোটমামাওসন্ন্যাসীউধাওরহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ছোট মামা বললেন, ‘গোয়েন্দাগিরি ব্যাপারটা সহজ নয় রে পোনা। তোকে দিয়ে হবে না।’
আমি নাছোড় হয়ে বললাম, ‘আমি তো আর গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না। শুধু তোমার সহকারী হিসেবে কাজ করব।’
—সহকারী হওয়াটাও কি ছেলেখেলা নাকি? ফেলুদার সহকারী তোপসের কথাটা একবার চিন্তা কর। অথবা ধর, শার্লক হোমসের বন্ধু ডা. ওয়াটসনের কথা।
—সে যাই হোক, তোমার তো টুকটাক কাজের জন্য একজন লোক লাগবে, তাই না? আপাতত সেটাই করতে থাকি, পরে তোমার ইচ্ছে হলে আমাকে সহকারী করে নিও।
—হুম, তা মন্দ বলিসনি। আচ্ছা ঠিক আছে।
তোমাদের বলা হয়নি, ছোট মামার মাথায় এবার গোয়েন্দাগিরির ঝোঁক চেপেছে। এর আগে কখনো বৈজ্ঞানিক গবেষণা, কখনো ভ্রমণ নিয়ে মামা যা কাণ্ড করেছেন, সে তো তোমরা জানোই। সেসব ঘটনায় আমি ছিলাম মামার একান্ত সহযোগী। কিন্তু গোয়েন্দাগিরির ব্যাপারে তিনি কিছুতেই আমাকে সঙ্গে নিচ্ছিলেন না। চার দিন ঝোলাঝুলির পর আজ তাকে মোটামুটি রাজি করানো গেল। তারপর দুজনে মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম। মামা নাকি আমার পর্যবেক্ষণশক্তি পরীক্ষা করবেন।

তিন রাস্তার মোড়ে পৌঁছে মামা একজন লোককে গভীর মনোযোগের সঙ্গে লক্ষ করলেন। মাঝবয়সী লোকটি বাজারের ব্যাগ হাতে ধীর পায়ে হেঁটে আসছে। পরনে শার্ট-প্যান্ট। মামা তাকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, ‘বলতো ওনাকে দেখে কী বুঝলি?’

‘বাজার নিয়ে বাসায় ফিরছেন।’ আমার সরল পর্যবেক্ষণ।

—আরে দূর, সেটা তো দেখাই যাচ্ছে। আর কী বুঝলি দেখে?

—আর তো কিছু বোঝা যাচ্ছে না।

—এ জন্যই বলেছি, সহকারী হওয়াটা এত সহজ নয়। দেখেছিস লোকটার মুখে কেমন বিষাদের ছায়া?

ভালো করে দেখার পরও আমার তেমন কিছু মনে হলো না। তবে কিনা হতেও পারে। তাই না বুঝেই মাথা নাড়লাম।

—আমার ধারণা, লোকটার পকেটমার হয়েছে। দ্যাখ, লোকটার হিপ পকেটের জায়গাটা কেমন কাটা। বাজারের ব্যাগটাও ভরা নয়-দেখেছিস? তার মানে, বাজার করার মাঝপথেই পকেটমার হয়েছে। সবটা আর কিনতে পারেননি।

আমি আবারও না বুঝেই বললাম, হুম।

মামা আমার উৎসাহের অভাব দেখে বললেন, বিশ্বাস হচ্ছে না, তাই না? এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি।

মামা দ্রুত পা চালিয়ে লোকটির কাছে গিয়ে বললেন, ‘কিছু মনে করবেন না, একটা ব্যাপারে একটু জানতে চাই।’

লোকটি বিরক্তির সঙ্গে বলল, ‘আপনি কে?’

—ইয়ে মানে, আমি এ পাড়াতেই থাকি। একটা বিশেষ প্রয়োজনে আপনাকে প্রশ্নটা করছি। আপনার কি পকেটমার হয়েছে?

—না তো। আপনার হঠাৎ এমন মনে হলো কেন?

—না মানে, আপনার পেছনের পকেটটা কেমন কাটা দেখলাম। আপনাকেও বিমর্ষ দেখলাম। তাই ভাবলাম...

‘দূর মিয়া, পকেটটার ডিজাইনই ও রকম। আপনার মতলব কি বলেন তো?’ লোকটা সন্দেহের দৃষ্টিতে মামার দিকে তাকায়।

‘না, শুধু আমার অনুমানটা মিলিয়ে নিতে চাইছিলাম আর কি। জানেন তো, গোয়েন্দা শার্লক হোমস ছোট্ট সূত্র দেখে কত কিছু অনুমান করতে পারতেন।’ মামা নিজের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন।

—আরে, আমার গোয়েন্দা আইছে রে। ভাগেন মিয়া, যত্তসব।

লোকটি হনহন করে হেঁটে চলে যাওয়ার পর মামা লজ্জিত মুখে আমার দিকে তাকালেন। আমি এতক্ষণ পাশে দাঁড়িয়ে সব কথাই শুনছিলাম। মামা বললেন, ‘এটা হতেই পারে। মানুষ মাত্রই ভুল করে। আর ভুল না করলে শিখবি কীভাবে? তবে কি-না তোকে অনুমানশক্তি বাড়াতেই হবে। তা না হলে তুই কোনো রহস্য ভেদ করতে পারবি না।’

ছোট মামা এমনভাবে কথাগুলো বললেন, যেন ভুলটা আমিই করেছি। আমি অবশ্য কিছু বললাম না। মামার গোয়েন্দাগিরির ভবিষ্যৎ আমার বোঝা হয়ে গেছে। কদিন পরই সেটার প্রমাণও পাওয়া গেল।

২.

আমাদের বাসার কাছেই ছোট্ট একটা বাজার, নাম বটতলা বাজার। সেখানে রাস্তার পাশে প্রাচীন একটা বটগাছ আছে; তার থেকেই বাজারের নাম বটতলা। কয়েক মাস আগে সেই গাছের নিচে আবির্ভাব হলো জটাধারী এক সন্ন্যাসীর। কিছুদিনের মধ্যে তার বেশ কিছু ভক্তও জুটে গেল। তিনি নাকি নানা সমস্যার সমাধান দেন। তার ফুঁ দেওয়া পানি খেলে রোগ সারে। হারানো লোকের সন্ধান দিতে পারেন। এমন আরও কত কী!

একদিন সকালে হঠাৎ করেই দেখা গেল সন্ন্যাসী নেই। আমাদের মফঃস্বল শহরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হলো। কেউ বলল, তিনি সাধনার জন্য হিমালয়ে চলে গেছেন। কারও মতে, তিনি অলৌকিক ক্ষমতাবলে অদৃশ্য হয়ে বাতাসে মিশে গেছেন। তাকে অপহরণ করা হয়েছে, এমনটাও বলল কেউ কেউ।

ঘটনা যা-ই হোক, গোয়েন্দাগিরিতে নেমে ছোট মামা এই প্রথম হাতের কাছে একটা ‘কেস’ পেলেন। দুই মামা-ভাগনে গেলাম তদন্তে। তখনো কিছু মানুষ বটতলায় জটলা করে আছে। বটগাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে একটা বেদি তৈরি করা হয়েছিল। সেখানে বসেই ধ্যান করতেন সন্ন্যাসী। মামা বেদি ও তার আশপাশের এলাকা খুব গভীরভাবে লক্ষ করলেন। পকেট থেকে ফিতা বের করে কিসের যেন মাপ নিলেন। কথা বললেন আশপাশের কয়েকজনের সঙ্গে।

বাসায় ফিরে মামা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। পরদিন দুপুরে আমাকে ডেকে নিয়ে জানালেন, সন্ন্যাসী নিখোঁজ-রহস্যের সমাধান প্রায় হয়েই গেছে।

আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকায় মামা আরেকটু ব্যাখ্যা করে বললেন, ‘সন্ন্যাসীকে অপহরণ করা হয়েছে।’

‘কীভাবে বুঝলে?’ জানতে চাইলাম।

—বেদিতে বেশ কয়েকজন মানুষের জুতা ও খালি পায়ের ছাপ পেয়েছি। যারা ওখানে জড়ো হয়েছিল, তারা কেউ বেদিতে ওঠেনি। তার মানে কয়েকজন মিলে সন্ন্যাসীকে জোর করে তুলে নিয়ে গেছে, পায়ের ছাপগুলো তাদেরই। ছাপগুলো ছিল এলোমেলো। অর্থাৎ তুলে নেওয়ার সময় হুড়োহুড়ি হয়েছিল। এতে সন্ন্যাসীর মাথার কয়েকটি চুলও ছিঁড়ে যায়। সেগুলো ওখানে পাওয়া গেছে।

মামার অনুমান বেশ যুক্তিসাপেক্ষই মনে হচ্ছে। জিজ্ঞেস করলাম, ‘কারা তাকে অপহরণ করল? আর কেনই বা করল?’

—সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তিনি তো সারাক্ষণ রাস্তার পাশের বটগাছের নিচে থাকতেন। হয়তো কোনো রাতে ডাকাতরা লুটপাট করে ফেরার সময় তাদের দেখে চিনে ফেলেছেন। অথবা দস্যুদের গোপন কোনো তথ্য জানতে পেরেছিলেন। তাই রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে।

—খুন! আমি আঁতকে উঠলাম।

—কিছুই বিচিত্র নয়। তবে এগুলো সবই আমার অনুমান। আর দু-তিন দিন কাজ করলে অপহরণ ও খুনের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারব।

মামা আবারও তার ঘরে ঢুকে মাথা খাটাতে লাগলেন। তবে তার কপাল মন্দই বলতে হবে। তিনি ‘নিশ্চিত’ হওয়ার আগেই হুট করে একদিন সন্ন্যাসী তার জায়গায় ফিরে এলেন। ভক্তদের প্রশ্নের জবাবে জানালেন, সেদিন গভীর রাতে হঠাৎ তার গুরু সাঁইজির কথা খুব মনে পড়েছিল। তাই ভোররাতেই রওনা দিয়েছিলেন সাঁইজির আখড়ার উদ্দেশে। সবাই খুব খুশি হলো তাকে ফিরে পেয়ে। শুধু মামারই মনটা খারাপ!