
মিনিয়েচার হলো অনুচিত্র। সভ্যতার আদিপর্ব থেকেই চিত্রকলায় ক্ষুদ্র রচনার আবির্ভাব। প্রাচ্যে এর বিস্তার মোগল আমলে, দরবারি ফরমায়েশি চিত্র রচনাকালে। বাংলাদেশে মিনিয়েচার চর্চার চল খুব একটা নেই। কথাগুলো বলছি আমিনুল ইসলাম—আকন নামে যিনি সবার কাছে পরিচিত—তাঁর প্রদর্শনী প্রসঙ্গে। আমিনুলের প্রদর্শনীর ছবিগুলো মূলত মিনিয়েচার। তবে একে ঠিক মিনি বা ক্ষুদ্র চিত্রকলা (ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয় এমন চিত্র) বলা যাবে না, সবগুলো শিল্পকর্ম চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মাপের। তাই বলা ভালো, মিনি নয়, বরং মিনিয়েচারেই হাত খোলতাই আমিনুলের, সেখানেই যত পারঙ্গমতা।
ভিজিটিং কার্ড বা মানুষের দেওয়া নিমন্ত্রণপত্রকে ছবির জমিন হিসেবে বেছে নিয়েছেন আমিনুল ইসলাম। দুটো ভিজিটিং কার্ড জোড়া দিয়ে তৈরি করেছেন একটি ছবির জমিন। আবার কোনো কোনো ছবিতে তিনি দু প্রস্ত কার্ডের ওপর জুড়ে দিয়েছেন রানতা বা সিগারেটের প্যাকেটে থাকা ঝকমকে সোনালি, রুপালি কাগজ। জমিনের কোনো কোনো স্থানে সৃষ্টি করেছেন বুনট। এ বিষয়গুলোর মধ্যে অভিনবত্ব আছে বটে। মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন অ্যাক্রেলিক রং, কালি-কলম ও রঙিন কাগজ। বিষয়ে প্রাচ্যপদ্ধতির অনুসরণ থাকলেও ছবিগুলো গড়ে তুলেছেন আধা বিমূর্ত রীতিতে। বিমূর্ত অভিব্যক্তিবাদী আচরণের ফলে তাঁর ছবিতে ধরা দিয়েছে বর্ণনাধর্মিতা। মোটা দাগে এ হলো আমিনুলের কাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
তাঁর কাজে ফুটে ওঠে ব্যক্তিগত আর্তি। সমাজ-সংস্কৃতি, ব্যক্তিক দুঃখবোধ, সুখ সময়ের উদ্যাপন, মানুষের আচার-আচরণ—কত না বিষয়! রেখা, আলোছায়া ও রঙের ব্যবহার—এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে আমিনুলের শিল্পভাষা। কোনো ছবিতে সাধারণ কলমের রেখায় ঢেকে দিয়েছেন স্পেস। আবার স্থবির আচরণের সঙ্গে ছবিতে নির্মাণ করেছেন গতি। চিত্র রচনার কৌশলে গতিশীল রেখা আর চিত্রতলের মাঝখানে বিভাজন তৈরি করে এক রকম পৌনঃপুনিক বিষয়ের উপস্থাপন করেছেন শিল্পী, যা তাঁর নিজস্ব রীতিরই প্রকাশক। প্রকৃতির রূপও নানা মাত্রায় ভেসে উঠেছে ছবিতে। যেমন ‘রৌদ্রস্নান’ ও ‘খোলা হাওয়া’। এবার একটি ছবির কথা বলি: সূর্যের প্রখরতার সামনে বসে আছে এক মানবী। আর তার উল্টো দিকে হাত বাড়িয়ে আছে কেউ একজন। পুরো ছবিটিতে উল্লম্ব রেখা এসে বিভক্ত করেছে ক্যানভাস। এ রকমই আরেকটি ছবি ‘খোলা হাওয়া’।
প্রদর্শনীর শতাধিক শিল্পকর্ম দেয়ালে খানিক স্পেস বা বিরতি দিয়ে স্থাপন করলে দশকদের শিল্পকর্মের রসাস্বাদন করতে আরও সুবিধা হতো বলে মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ১৫ অক্টোবর।