ছোট্ট হরিণ আঁকিয়ে এলেনা গুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১৩ সালের কথা। ৩৬ বছর বয়সী রুশ চিত্রশিল্পী, কবি, নাট্যকার ও কথাশিল্পী এলেনা গুরো ক্যানসারে ভুগছেন। রক্তের শ্বেতকণিকা বেসামালভাবে বেড়ে চলেছে। তাঁর দিন যে হাতে গোনা, তিনি তা-ও জেনে গেছেন। কিন্তু তিনি থামেননি। কিছুক্ষণ ক্যানভাসে রং ছড়াচ্ছেন তো কিছুক্ষণের জন্য চলে যাচ্ছেন লেখার টেবিলে। সমকালীন কবিদের সঙ্গে পাল্লা দিয়ে কবিতাও লিখছেন। তখনকার রুশ ফিউচারিস্ট আন্দোলনে একমাত্র অগ্রগামী নারী এলেনা গুরো ছবি ও কবিতায় গতি ও জীবন সঞ্চার করতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁর সুহূদদের মধ্যে রয়েছেন ভ্লাদিমির মায়াকোভস্কি, ভিক্টর খ্লেবনিকফ, ভিক্টর কামেনস্কি, ডেভিড বার্লিওক এবং অবশ্যই মিখাইল মাতিউশিন—সবাই নিজ নিজ ক্ষেত্রে সুকৃতিধর। ফিউচারিস্টদের আন্দোলন তখন তুঙ্গে। সাহিত্যে চলছে ব্যাকরণ, কাঠামো ও যুক্তি ভেঙে ফেলার উৎসব। সঙ্গে এসে মিলছে কিউবিজম। দুটো মিলে কিউবোফিউচারিজম, সাহিত্য ও চিত্রকলা পরস্পরের কাছ থেকে আহরণ করছে। এলেনা গুরোর কাছে গতিই মুখ্য। কিন্তু সে গতি মূলত শিশুর চোখে প্রতিভাত গতি। ১৯০৮-০৯ সালে এলেনা গুরো আঁকলেন ‘লিটল ডিয়ার’—প্রথম দেখাতেই মনে হবে শিশুর আঁকা গতিময় হরিণ। ছবিটি তাঁকে খ্যাতি এনে দেয়।একসময় কর্কট রোগগ্রস্ত শরীর অসহযোগিতা করতে শুরু করে। তিনি আর এগোতে পারেন না। ১৯১৩ সালের ৬ মে তিনি প্রয়াত হলেন ফিনল্যান্ডে, তাঁর গ্রীষ্মকালীন বাড়িতে।এলেনা গুরোর জন্ম ১০ জানুয়ারি ১৮৭৭ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। বাবা ফরাসি বংশোদ্ভূত জেনরিখ স্টেপানোভিচ গুরো রাজকীয় রুশ সেনাবাহিনীর কর্মকর্তা, মা আন্না মিখাইলভনা একজন শৌখিন চিত্রশিল্পী। রাশিয়া ও ফিনল্যান্ডে বাবার ভূসম্পত্তি থেকে আয় ও সরকারি পেনশন—সবই তিনি ব্যয় করেছেন শিল্পের জন্য। ১৩ বছর বয়সে ভর্তি হন সেন্ট পিটার্সবার্গ শিল্পপ্রণোদন সমিতি পরিচালিত স্কুলে। তারপর প্রশিক্ষণ নেন দুজন বিশিষ্ট চিত্রশিল্পীর নিজস্ব স্টুডিওতে। পশ্চিমের আধুনিক শিল্প আন্দোলনের কিছু সমমনা তরুণকে একত্র করে তাঁরা গড়ে তোলেন তরুণ সমিতি। এখানেই সম্পর্কিত হন আধুনিকতার আন্দোলনের অন্যতম সদস্য, চিত্রশিল্পী ও সুরকার মিখাইল মাতিউশিনের সঙ্গে। আর্ট স্কুলে অধ্যয়নের সময় এলেনা তাঁর চেয়ে ১৬ বছরের বড় মাতিউশিনের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে দাম্পত্যজীবন শুরু করেন। তাঁদের একমাত্র পুত্রসন্তানের মৃত্যুযন্ত্রণা তাঁকে নিরন্তর তাড়িত করেছে। এলেনা ও মাতিউশিন ফিউচারিস্ট আবহের মধ্যে চতুর্থ মাত্রা (প্রচলিত ধারণার সময় সংযোগ নয়) প্রতিষ্ঠার চেষ্টা করেন দৃশ্যমান চিত্র, সংগীত ও কথার মধ্যে সম্পর্ক স্থাপন করে।

১৯১০ সালে তিনি আঁকেন তিনটি গুরুত্বপূর্ণ ছবি ‘অ্যা উইমেন ইন অ্যা হেডস্কার্ফ,’ ‘মর্নিং অব দ্য জায়ান্ট’ ও ‘টি ড্রিংকিং। মৃত্যুর আগে শেষ করে আনেন তাঁর গ্রন্থ দ্য পুওর নাইট; মরণোত্তর প্রকাশিত হয় দ্য লিটল ক্যামেল ইন দ্য স্কাই।

এলেনা গুরো প্রকৃতি ও মানুষের মধ্যে একটি অভঙ্গুর সেতু হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। সে সময় প্রকৃতির ভাষা বুঝে কবিতা ও চিত্রকল্প পুনঃসৃষ্টি করাতে তাঁর চেয়ে বেশি দক্ষতা কেউ দেখাতে পারেননি।