ছোট-বড় সবার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকে ছোট থেকে বড়—সবাই মুখে মুখেই অনেক দূর পর্যন্ত গুনে ফেলতে পারে। সংখ্যা বেশি হলে সাহায্য নেওয়া হয় হাতের নাগালে থাকা ক্যালকুলেটরের। সে-ই সব গোনাগুনতির সমাধান বের করে দেয় প্রায় চোখের পলকে। তার মানে, গোনাগুনির ব্যাপারটা এখন জলবৎ তরলং জাতীয় কিছু। কিন্তু এখন থেকে ২৫ হাজার বছর আগে ব্যাপারটা মোটেও সহজ ছিল না। তাহলে সহজ হলো কী করে? সে কথা জানাতেই ছোটদের উপযোগী করে শামসুল হক লিখেছেন বই: মানুষ কী করে গুনতে শিখল।

মানুষ কী করে গুনতে শিখল
মানুষ কী করে গুনতে শিখল
মানুষ কী করে গুনতে শিখল
শামসুল হক
প্রচ্ছদ: মাসুক হেলাল 
অলংকরণ: মোহাম্মদ ইদ্রিস 
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা 
প্রকাশকাল: এপ্রিল ২০১৬ 
৮৮ পৃষ্ঠা 
দাম: ১৯০ টাকা

লেখক তাঁর দ্বিতীয় পরিচ্ছেদ মারফতই আমাদের জানাচ্ছেন, সুদূর প্রাচীনকালে মানুষের জীবনের ধারা ছিল সহজ-সরল। ‘ঠিক এই কারণে প্রাচীনকালের মানুষ সংখ্যা আবিষ্কারের প্রয়োজনীয়তা অনুভব করেনি।...সংখ্যা নামে একটা জিনিস যে তাদের দরকার, এ জ্ঞান তাদের হয়নি তখনো। এমনকি, কথা বলার জন্যও তাদের দরকার হতো না বেশি শব্দের।’ তার পরপরই লেখক আমাদের জানাচ্ছেন, ‘মাত্র ২৫ হাজার বছর আগে থেকে মানুষ একটু একটু করে সংখ্যার প্রয়োজন বুঝতে লাগল। সেটা ছিল পাথরের যুগ। ওই যুগের মানুষ সংখ্যা সম্বন্ধে কিছুই জানত না। কেমন করে গুনতে হয়, তা-ও তাদের জানা ছিল না। জানার প্রয়োজনও বোধ করেনি সে সময়। তাদের দরকারি কোনো জিনিস যথেষ্ট আছে কি না, এটুকু জানলেই তারা খুশি থাকত।’ কিন্তু ব্যাপারটার শেষ যদি এখানেই হয়ে যেত, এতটুকুতেই সীমিত বা সীমাবদ্ধ থাকত, তাহলে কথা ছিল না। আসলে মানুষকে গুনতে শিখতে হয়েছে অথবা গোনার ধরন-ধারণগুলো, তার সহায়ক সংকেতগুলো আবিষ্কার বা উদ্ভাবন করতে হয়েছে তার জীবনযাত্রার মানের অগ্রগতির যাত্রা অব্যাহত রাখার স্বার্থেই। শেষত দেখা গেল, গণনা ছাড়া অথবা সংখ্যা ছাড়া মানুষের জীবনই অচল।
এ বইয়ে শামসুল হক মোট ১৩টি ছোট-বড় অধ্যায় মারফত সংখ্যা বা গণনার ক্রমবিকাশের ছবিটি পরিষ্কার তুলে ধরেছেন আমাদের চোখের সামনে। ‘সংখ্যা আর সংখ্যা’, ‘১, ২, ৩ অনেক’, ‘হিসাব জানার হিসাব’, ‘১০-এর বেশি হিসাব নেই’, ‘হাতের আঙুল পায়ের আঙুল’, ‘দুই নদীর মাঝের দেশ’, ‘পিরামিডের দেশ’, ‘ড্রাগনের দেশ’, ‘মায়া জাতির দেশ’, ‘জ্ঞান-বিজ্ঞানের দেশ’, ‘রমুলাসের দেশ’, ‘গণিতের দেশ’ ও ‘খারেজমি খাইয়ামের দেশ’ শিরোনামের অধ্যায়গুলো পাঠ করতে গেলে ভীষণ মজা পাওয়া যাবে। অন্ধকার মনে আলোর দ্যুতি ছড়াবে প্রতিটি অধ্যায়ের পাঠ। সংখ্যার উদ্ভাবন, ক্রমবিকাশ বা তার বিবর্তনে বিশ্বের প্রতিটি সভ্যতার অবদান কতখানি, আদ্যোপান্ত পাঠে পাওয়া যাবে তার পরিষ্কার ছবি ও ইতিহাসও। গণনার আগে গণনার অনুকূলে সংখ্যার উদ্ভাবন বা আবিষ্কার-সংক্রান্ত বিবরণ বা তথ্য লেখক যেভাবে চমৎকার করে তুলে ধরেছেন, তার পাঠ শেষে মন সত্যিই অনাবিল আনন্দে ভরে যায়। সংখ্যা বা গণনার ইতিহাসে শূন্যের আবিষ্কার কতটা চমকপ্রদ ও চাঞ্চল্যকর, এ-সংক্রান্ত বিবরণও লেখক নিপুণভাবে তুলে ধরেছেন। উল্লেখ করেছেন তিনি বিশ্বের এমন অনেক বিজ্ঞানী, গণিত বা সংখ্যাবিদের নাম, যাঁদের অনেকেই বিশ্ববিখ্যাত, অনেকের নামই লাগবে নতুন। তাঁদের সম্পর্কে জানতে পারব মজাদার সব তথ্য।
পাতায় পাতায় বা অধ্যায়ে অধ্যায়ে বিষয়-সহায়ক ছবি বইটিকে রীতিমতো জীবন্ত করে তুলেছে। যারা সংখ্যা, গণিত বা হিসাব ইত্যাদির ব্যাপারে আগ্রহী, এ বইয়ের পাঠ তাদের জন্য শুধু চিত্তাকর্ষকই হয়ে উঠবে না, চিন্তারও খোরাক জোগাবে সমভাবে। লেখকের ভাষা ঝরঝরে। পড়তে শুরু করলে একনাগাড়ে পড়ে শেষ না করে পারা যায় না।