ছড়া
ক্যাঙারুর গান
লুৎফর রহমান রিটন
অস্ট্রেলিয়াতে থাকে ক্যাঙ ক্যাঙ ক্যাঙারু
দুই ঠ্যাঙে লাথি মারে! গুন্ডা সে? ঠ্যাঙারু!
রেগে গেলে ভোঁতা নাক পারে সে যে ফোলাতে
পেটের সঙ্গে তার জুড়ে থাকা ঝোলাতে—
অনায়াসে রেখে দেয় তার ছোট ছানাকে।
কী করে বুঝবে বলো ক্যাঙারুর নানা কে?
লাফাতে ঝাঁপাতে পটু ক্যাঙারুর নানারা
নানাদের ভালোবাসে ক্যাঙারুর ছানারা।
নানা চেনা সোজা নয় ক্যাঙারুর দুনিয়ায়
তার চেয়ে ক্যাঙারুর কিছু গান শুনি আয়—
ক্যাঙারুরা গান গায়, ‘ক্যাঙ ক্যাঙ ক্যাঙাচি’
ক্যাঙারুর গান শুনে হেসে মরে ব্যাঙাচি!
খুকু ও বিড়াল
মামুন সারওয়ার
একটা ছোট মাছ এঁকে ঠিক
রুপার রঙে রাঙিয়ে
রাখছে খুকু টাঙিয়ে।
আবার দেখি মাছখানাকে
রাখছে সুতোয় বেঁধে
দেখছে চেয়ে রুপার মাছে
উঠছে নাকি কেঁদে।
দেখতে দেখতে চোখের আড়ালে
মাছ যে হলো হাওয়া
দুষ্টু চপল বিড়ালছানার
হলো বুঝি খাওয়া।
একটু পরেই দুষ্টু বিড়াল
বলছে ডেকে, খুকু
রাগ করো না সোনার মেয়ে
খেয়েছি মাছটুকু!
লাল গরু
মানজুর মুহাম্মদ
খোকার চোখে চোখ রেখেছে
ঈদের হাটের লাল গরু,
এই গরুটার চোখটা মায়ার
শিংটা বাঁকা, খুব সরু।
এই গরুটার গলার মালায়
লাল হলুদের ঝিকমিকি,
গায়ে মাখা জরির গুঁড়ো
রুপার আলোর চিকমিকি।
এই গরুটাই কিনবে খোকন
গরুটা খুব মনকাড়া,
কিন্তু বাবা কিনল শেষে
পুঁচকে ছাগল শিং ছাড়া।
মা-বাবা, ভাইবোন ও পরির গল্প
দন্ত্যস রওশন
বাবা আঁকতে
এঁকে ফেলি মা
মা আঁকতে
এঁকে ফেলি বোন
বোন আঁকতে
এঁকে ফেলি ভাই
ইচ্ছেমতো
আঁকতে বাধা নাই।
হিজিবিজি আঁকতে আঁকতে
বাবা
হাত ধরে তার
তেপান্তরে যাবা?
তেপান্তরের মাঠ
শানবাঁধানো ঘাট
ঘাটে বসে পরি
একটু গল্প করি
গল্পে বাড়ে বেলা
সন্ধ্যাবেলা
ঝিঁঝি পোকার ডাক
বাসায় ফেরে
হাজার পাখির ঝাঁক।
বাসায় যাব
বাসায় যাব
মনটা কেমন করে
পরি বলে
যাসনে বাড়ি
থাকবি আমার ঘরে!
পরির ঘরে
আঁকতে বাধা নাই
বোন আঁকতে
এঁকে ফেলি ভাই
সে ভাই বলে
নিয়ে যাব তোকে
পরি বলে
এখন আমার
বুক ফেটে যায় শোকে!