ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শিশির ঝরে ঘাসে
ফারুক হাসান
শিশির ঝরে টাপুরটুপুর
ছড়িয়ে আলো হাজার নূপুর
সবাই যখন মগ্ন উমে
শীতটা ঢোকে আমার রুমে।

ঠক ঠকা ঠক কাঁপতে থাকি
সূয্যি মামা দিচ্ছে ফাঁকি।

দিনটাকে আজ রাত মনে হয়
শূন্য তাপে তাই বড় ভয়।

শিশির ঝরে টাপুরটুপুর
গন্ধ বিলায় পৌষালি সুর
শীতটা তো নয় ভয়ের কারণ
বাইরে যেতে তবুও বারণ।

শীত
শওকত আরা বেগম
তোর সাথে পেরে ওঠে আছে কার সাধ্যি
থরো থরো কাঁপে রাত, কাঁপে দাঁত হাড্ডি।
তোর নাম শুনে কাঁপে দাদা দাদি বড়দি
ছোট-বড় সব নাকে উঁকি দেয় সর্দি।

মুহু মুহু হু হু হু হু দাপট কী ভয়ানক,
দাঁতে দাঁত চাপে লোকে তবু কাঁপে ঠকাঠক।
তোর কোপে সারা দেশ জুবথবু নিশ্চল
কার ডাকে এলি তুই, কে দিয়েছে মিসকল?

আরামের বিছানায় শুয়ে বাবু ঘুম যায়
থেকে থেকে বলে তেল মেখে দে রে হাতে-পায়।
বুক ভরে নিতে চাই স্বস্তির নিঃশ্বাস
কাল শীত ফিরে যাবে এই করি বিশ্বাস।

ঘরে যার চাল নেই, নেই লেপ কম্বল
চোখে তাঁর ঘুম নেই, ছেঁড়া কাঁথা সম্বল।
তবু কেউ গান গায়, পিঠা খায় ঠিক ঠিক
শীত তোর ভয় ভুলে সবে কাজে মন দিক।