ছড়া
বোশেখ এল
নাসরীন রশীদ
ইষ্টিকুটুম, মিষ্টিকুটুম বোশেখ এল ওই
কাঁচা আমের ভর্তা খাব, সরষে বাটা কই?
পান্তা ইলিশ কাঁচামরিচ মুড়ি আর খই
বটতলাতে মেলা বুঝি শুনছি যে হইচই।
নাগরদোলা চরকাঘোরা দোলনাতে খাই দোল
মাটির পুতুল নাচছে দেখ বাজছে সাথে ঢোল।
রেশমি চুড়ি, পুঁতির মালা, রঙিন সুতি শাড়ি
হাতে নিয়ে খালা ফুপু ফিরছে হেসে বাড়ি।
এমন সময় এল হঠাৎ কালবোশেখি ঝড়
ইষ্টিকুটুম মিষ্টিকুটুম কাঁপছে যে থরথর।

ব্যাপার যদি
মুকুল শাহরিয়ার
ব্যাপার যদি এমনটা হয় ধরো—
বাঁশের চেয়ে কঞ্চি হলো বড়ো;
নদীর থেকেও ছোট্ট পুকুর
তুলল বেশি ঢেউ
ম্যাঁ... ম্যাঁ...ম্যাঁ করল কুকুর
ডাকল ছাগল ঘেউ
সভ্য দেশের সুস্থ মানুষ
মানবে সেটা কেউ?
ব্যাপার যদি হয় কিছুটা এমন—
যখন যেটা চাচ্ছ সেটা তেমন;
তোমার কথাই নিচ্ছে মেনে
বাপ-মা-বোন-ভাই
দেশের সবাই যাচ্ছে জেনে
তোমার অভাব নাই
সোনা-দানা, গাড়ি-বাড়ি
সবই আছে কাঁড়ি কাঁড়ি;
কিন্তু তোমার মাঝেতে নাই
সুশিক্ষারই আলো
সত্যি করে বলো দেখি—
থাকবে তুমি ভালো?